বিজ্ঞাপন
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে?
ইসলাম ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
বিজ্ঞাপন
হিজরি চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী প্রতি বছরই রমজান মাস এবং ঈদুল ফিতরের সময় পরিবর্তিত হয়। ২০২৭ সালে কবে নাগাদ পবিত্র রমজান শুরু হতে পারে এবং ঈদুল ফিতরের চাঁদ দেখা যেতে পারে, সে বিষয়ে জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশের বরাতে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংবাদমাধ্যম গালফ নিউজ।
জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২০২৭ সালের রমজান মাসের চাঁদ দেখার জন্য ওই বছরের ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় আকাশে নজর রাখা হবে। ওই দিন সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায়, তবে সেদিন রাতেই মধ্যপ্রাচ্যের মুসলমানরা বছরের প্রথম তারাবিহ নামাজ আদায় করবেন এবং পরদিন ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে প্রথম রোজা পালন শুরু হবে।
তবে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার সময়ের পার্থক্যের কারণে বাংলাদেশে সাধারণত এর একদিন পর রোজা শুরু হয়ে থাকে।
সেই হিসেবে, বাংলাদেশে রমজানের চাঁদ দেখার জন্য ৮ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় আকাশে নজর রাখা হতে পারে। ওই দিন সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায়, তবে সেদিন রাতেই এ দেশের মুসলমানরা বছরের প্রথম তারাবিহ নামাজ আদায় করবেন এবং পরদিন ৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে প্রথম রোজা পালন শুরু হবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খ্রিস্টীয় সৌর ক্যালেন্ডারের চেয়ে ইসলামি চন্দ্র ক্যালেন্ডার প্রায় ১১ দিন ছোট এবং এটি সাধারণত ৩৫৪ দিনের হয়ে থাকে। ফলে প্রতি বছরই রমজান মাস গ্রেগরিয়ান বছরের চেয়ে প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। এই নিয়মের কারণে প্রায় ৩৩ বছরের একটি চক্রের মধ্যে মুসলমানরা বছরের প্রতিটি ঋতুতেই রোজা রাখার অভিজ্ঞতা অর্জন করে থাকেন।
ঈদুল ফিতর কবে?
শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞানের বর্তমান পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২০২৭ সালের পবিত্র ঈদুল ফিতর ১০ মার্চ (বুধবার) উদযাপন হতে পারে।
অন্যদিকে, বাংলাদেশে ২৯ রোজা পূর্ণ হলে ১০ মার্চ (বুধবার) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। যদি সেদিন চাঁদ দেখা যায়, তবে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ১১ মার্চ (বৃহস্পতিবার)।