বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রশ্ন: বাম হাতে কোরআন স্পর্শ করলে কি গুনাহ হবে?
উত্তর: পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম ও মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ দিকনির্দেশনা। এই মহাগ্রন্থের তিলাওয়াত, স্পর্শ ও বহনে সর্বোচ্চ আদব, সম্মান ও সতর্কতা অবলম্বন করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব।
ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী হাতে যদি কোনো নাপাকি না থাকে এবং ব্যক্তি যদি ওজু অবস্থায় থাকেন, তাহলে বাম হাতে কোররআন স্পর্শ করা বা বহন করা সর্বাবস্থায় হারাম বা গুনাহের কাজ নয়। কোনো ওজর বা প্রয়োজনে বাম হাতে কোরআন স্পর্শ করলে বা ধরলে কবিরা কিংবা সগিরা কোনো গুনাহ হবে না। তবে বিনা ওজরে কিংবা অবহেলাভরে বাম হাতে কোরআন ধরা অনুত্তম ও আদবের পরিপন্থী কাজ।
ইসলামের মৌলিক নীতি হলো, যে কোনো সম্মানজনক, বরকতময় ও পবিত্র কাজ ডান হাত দিয়ে সম্পাদন করা সুন্নত ও মুস্তাহাব। মহানবী (সা.) সর্বদা সম্মানিত ও পবিত্র কাজে ডান হাত ব্যবহার করতে ভালোবাসতেন।
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) জুতা পরা, চুল আঁচড়ানো, পবিত্রতা অর্জন এবং তার সকল কাজে ডান দিক বা ডান হাত দিয়ে শুরু করতে পছন্দ করতেন। (সহিহ বুখারি: ১৬৭)
অন্য এক বর্ণনায় হজরত আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহর ডান হাত ছিল পবিত্রতা অর্জন, আহার গ্রহণ এবং সম্মানজনক কাজের জন্য। আর তাঁর বাম হাত ছিল শৌচকার্য ও অপবিত্রতা দূর করার কাজের জন্য। (সুনানে আবু দাউদ: ৩৩)
এসব হাদিসের ওপর ভিত্তি করে প্রখ্যাত ফকিহ ও মুহাদ্দিস ইমাম নববী (রহ.) বলেন, যে সকল কাজে সম্মান ও মর্যাদার বিষয় প্রকাশ পায়, সেখানে ডান হাত ব্যবহার করা মুস্তাহাব। আর যেগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা বা নিম্নমানের কাজ, সেখানে বাম হাত ব্যবহার করা মুস্তাহাব।
যেহেতু পবিত্র কোরআন পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ গ্রন্থ, তাই একে ধরা, ধারণ করা ও স্পর্শ করার ক্ষেত্রে ডান হাত ব্যবহার করাই উত্তম। ডান হাতে কোরআন স্পর্শ করলে সুন্নত আদায়ের সওয়াব লাভ হবে বলেও আশা করা যায়।
যদিও ওপরে যেমন বলেছি, বাম হাত পবিত্র হলে বাম হাতে কোরআন ধরাও পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে ইসলামি শিষ্টাচার, রাসুলুল্লাহর (সা.) সুন্নত ও মহিমান্বিত কোরআনের প্রতি শ্রদ্ধা রেখে সর্বদা ডান হাতে কোরআন ধরা ও বহন করার চেষ্টা করা উচিত। ইচ্ছাকৃত বাম হাতে কোরআন ধরা উচিত নয়।