Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

দুই বিয়ে হওয়া নারী জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবে?

Icon

ইসলাম ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:২৩ পিএম

দুই বিয়ে হওয়া নারী জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবে?

বিজ্ঞাপন

চিরন্তন সুখের জায়গা জান্নাত। জান্নাতে কোনো দুঃখ-কষ্ট নেই। আল্লাহর আদেশ পালনকারী ও হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণকারীরা জান্নাতে যাবেন। আল্লাহ জান্নাতে মুমিনদেরকে তাদের আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে একত্রিত করবেন। জান্নাতে নেককার স্বামী-স্ত্রী একসঙ্গে অবস্থান করবেন। কোরআনে আছে, ‘স্থায়ী জান্নাত, যাতে তারা প্রবেশ করবে এবং বাবা-মা, স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল, তারাও তাদের সঙ্গে প্রবেশ করবে।’ (সুরা রদ, আয়াত : ২৩)

এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির (রহ.) বলেন, ‘আল্লাহ জান্নাতে মুমিনদেরকে তাদের প্রিয়জনদের বা বাবা-মা, স্ত্রী এবং সন্তানদের মধ্যে যারা জান্নাতে প্রবেশের যোগ্য, তাদের সঙ্গে একত্রিত করবে, যাতে তাদের চোখ জুড়িয়ে যায়।’

প্রশ্ন হলো, যে নারীর দুই বিয়ে হয়েছে, জান্নাতে তার স্বামী কে হবে? নারী কোন স্বামীর সঙ্গে জান্নাতে অবস্থান করবে।

ইসলামি বিশেষজ্ঞরা বলেন, কোনো নেক বা ভালো নারী বিবাহিত অবস্থায় মারা গেলে জান্নাতে সে তার জান্নাতি স্বামীর সঙ্গে থাকবে। সে স্বামীর জন্য নির্ধারিত হুরদের নেত্রী হবে। আল্লাহ ওই নারীকে সবার চেয়ে অধিক সুন্দর ও মনোরম করে দেবেন।

কোনো নারীর যদি একাধিক স্বামী থাকে অর্থ্যাৎ প্রথম স্বামীর মৃত্যুর পর বা অন্য কোনো কারণে সে দ্বিতীয় বা একাধিক বিয়ে করে থাকে, তাহলে জান্নাতে সে কোন স্বামীর সঙ্গে থাকবে—এ বিষয়ে আলেমদের একাধিক মত পাওয়া যায়। যথা—

১. ওই নারীকে ইচ্ছাধিকার দেওয়া হবে। যার সঙ্গে তার স্বভাব ও মানসিক মিল বেশি ছিল, তাকেই সে বেছে নেবে।

২. সে তার শেষ স্বামীর সঙ্গে জান্নাতে থাকবে। আবু দারদা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নারীকে তার শেষ স্বামীই দেওয়া হবে।’ (তাবরানি: ৩১৩০)

৩. ওই নারী সেই স্বামীর সঙ্গে থাকবে, দুনিয়াতে যে তার সঙ্গে উত্তম ও সুন্দর আচরণ করেছিলেন। যে তার ওপর জুলুম করেছে বা তাকে কষ্ট দিয়েছে, সে নারী থেকে বঞ্চিত থাকবে। উম্মে সালামা (রা.) বলেন, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করেছিলেন, ‘যদি কোনো নারীর দুজন স্বামী থাকে, তবে সে কার সঙ্গে থাকবে?’ মহানবী (সা.) বললেন, ‘তাকে পছন্দের সুযোগ দেওয়া হবে। সে সেই স্বামীকেই বেছে নেবে, যে দুনিয়াতে তার সঙ্গে উত্তম আচরণ করেছিল। আর সেই স্বামীই জান্নাতে তার স্বামী হবে। হে উম্মে সালামা, উত্তম চরিত্রের অধিকারীরাই দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করে।’ (আল মুজামুল কাবির)

৪. কিছু আলেম এভাবে সমন্বয় করেছেন, যদি সব স্বামীই উত্তম চরিত্রে সমান হন, তবে নারী শেষ স্বামীকে পাবে। যদি তাদের মধ্যে চরিত্রগত পার্থক্য থাকে, তবে তাকে পছন্দ করার অধিকার দেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার