Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে জারা ও এইচঅ্যান্ডএম, লাভবান হচ্ছে ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯ এএম

বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে জারা ও এইচঅ্যান্ডএম, লাভবান হচ্ছে ভারত

বিজ্ঞাপন

শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ বিশ্বের নামিদামি পোশাক ব্র্যান্ডগুলো। নভেম্বরের প্রথম ১৮ দিনেই প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ এশিয়ার অন্য দেশগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। এর বেশির ভাগই গেছে প্রতিবেশী দেশ ভারতে।

শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশের তিন পোশাক কারখানার মালিকের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে তারা জানিয়েছেন, সরিয়ে নেওয়া এসব ক্রয়াদেশের পরিমাণ সংশ্লিষ্ট ব্র্যান্ডগুলোর মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ।

পোশাকশিল্পের নেতারা বলছেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে কম খরচে পোশাক উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিযোগিতামূলক সুবিধা কমে যাচ্ছে। এই সুবিধাকে কাজে লাগিয়েই চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল বাংলাদেশ। ভারতের পাশাপাশি এখন ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন আন্তর্জাতিক ক্রেতারা।বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভে পোশাকশিল্পে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই খাত থেকে। দেশের উৎপাদনশিল্পের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও পোশাক খাতনির্ভর।

এর মধ্যেই বুধবার (২৫ নভেম্বর) পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা থেকে ১৭ হাজার টাকা করার অনুমোদন দিয়েছে মজুরি বোর্ড। নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে শ্রমিকদের প্রত্যাশার তুলনায় এই বৃদ্ধি কম হওয়ায় নতুন করে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিক সংগঠনগুলোর দাবি, জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরিও পর্যাপ্ত নয়।দীর্ঘদিনের জ্বালানি সংকট এবং পণ্য সরবরাহে বিলম্বও আন্তর্জাতিক ক্রেতাদের বিকল্প দেশের দিকে ঠেলে দিচ্ছে। বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন চৌধুরীর মতে, প্রতিযোগী দেশগুলো সাধারণত ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পোশাক উৎপাদন ও সরবরাহ করতে পারলেও বাংলাদেশে প্রায় ১২০ দিন সময় লাগে। ঢাকার আশপাশের কারখানাগুলো শ্রমিক অসন্তোষের কারণে আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন হারিয়েছে। জমে থাকা ক্রয়াদেশ সময়মতো সরবরাহ করতে কিছু কারখানা অতিরিক্ত কর্মঘণ্টায় উৎপাদন এবং বেশি খরচে উড়োজাহাজে পণ্য পাঠানোর কথা ভাবছে।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান মনে করেন, উৎপাদনে বিঘ্ন ঘটলে সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে পাঠানোর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা সম্ভব। তবে কারখানার মালিকদের বড় উদ্বেগ ভবিষ্যতের ক্রয়াদেশ নিয়ে। আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানিয়েছেন, নভেম্বরের শুরু থেকেই তার বেশির ভাগ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। অনেক ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, কিছু স্থগিত কিংবা বাতিল করা হয়েছে।এদিকে ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে মন্তব্য করতে রাজি হয়নি জারার মূল প্রতিষ্ঠান ইনডিটেক্স। এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিও কোনো সাড়া দেয়নি।

পোশাকশিল্পের নেতাদের আশঙ্কা, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদনে অনিশ্চয়তা অব্যাহত থাকলে সাময়িকভাবে অন্য দেশে চলে যাওয়া ক্রয়াদেশ স্থায়ীভাবে হারাতে পারে বাংলাদেশ। এ অবস্থায় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি নিরবচ্ছিন্ন উৎপাদন ও আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই পোশাকশিল্পের বড় চ্যালেঞ্জ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার