Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনার পথ কার্যত বন্ধ: শেষ আশা সুপ্রিম কোর্টের রায়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৯ পিএম

যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনার পথ কার্যত বন্ধ: শেষ আশা সুপ্রিম কোর্টের রায়

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির ফলে যুক্তরাষ্ট্রে আশ্রয় (অ্যাসাইলাম) প্রার্থনার পথ কার্যত বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরে নির্যাতন ও বিপদ থেকে বাঁচতে পালিয়ে আসা মানুষের জন্য যে আশ্রয়ের দরজা খোলা ছিল, তা এখন বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই নিষেধাজ্ঞা ও নীতিগত পরিবর্তন বহাল রাখার একতরফা ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে কি না—তা খতিয়ে দেখতে এখন মার্কিন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছেন অভিবাসন আইনজীবী ও অধিকারকর্মীরা।

গত প্রায় দুই বছরে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আশ্রয় প্রার্থনা নিষিদ্ধ করেছে এবং বিচারাধীন হাজার হাজার আবেদন বাতিল করেছে। সমালোচকদের মতে, ব্যাপক এই অভিবাসন সংস্কার, গণহারে বরখাস্ত এবং নতুন আইনি কৌশলের কারণে আশ্রয় পাওয়ার সুযোগ প্রায় শেষ হয়ে গেছে।

আগামী ডিসেম্বরে মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রশাসনের আরেকটি কৌশল পর্যালোচনা করবেন, যার আওতায় আশ্রয়প্রার্থীদের এমন তৃতীয় দেশে পাঠানো হচ্ছে যারা আবেদন প্রক্রিয়াকরণে সম্মত হয়েছে—যদিও এসব দেশের কয়েকটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এবং সেগুলো আবেদনকারীদের নিজ দেশে ফেরত না পাঠানোর নিশ্চয়তা দিতে পারে না।

অভিবাসন আইনজীবী মাধবী নারায়ণন আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রক্রিয়াগত প্রতিবন্ধকতা তৈরি করে কীভাবে অনাগরিকদের ন্যায্য আইনি প্রক্রিয়া থেকে বঞ্চিত করা যায়, সে বিষয়েই জোর দেওয়া হচ্ছে। তাঁর মতে, অনেক মক্কেলের জন্য সুপ্রিম কোর্টের রায় জীবন-মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের সমর্থকরা আশা করছেন সর্বোচ্চ আদালত প্রশাসনের অবস্থানেই থাকবেন।

প্রেসিডেন্টের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রক্ষণশীল থিংক ট্যাংক হেরিটেজ ফাউন্ডেশনের সাইমন হ্যাঙ্কিনসন মনে করেন, অধিকাংশ আশ্রয়প্রার্থী ব্যবস্থার অপব্যবহার করছেন এবং যুক্তরাষ্ট্রের আইনে আশ্রয় পাওয়ার যোগ্য নন। তাঁর দাবি, মেক্সিকো হয়ে আসা এসব মানুষের অনেকেই মূলত কাজের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর চলতি বছর যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে বর্ডার পেট্রোলের হাতে আটকের সংখ্যা সংস্থাটির ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে এর মধ্যেও সক্রিয় আবেদন থাকা লাখ লাখ মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এবং সুপ্রিম কোর্ট আবারও আশ্রয়ের দুয়ার খুলে দেবেন—এই আশায় বুক বেঁধে আছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার