Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়ুন, নয়তো চাকরি ছাড়ুন: আইবিএম কর্মীদের তিন সপ্তাহের আলটিমেটাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৭ এএম

যুক্তরাষ্ট্র ছাড়ুন, নয়তো চাকরি ছাড়ুন: আইবিএম কর্মীদের তিন সপ্তাহের আলটিমেটাম

বিজ্ঞাপন

প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের কনসাল্টিং বিভাগের বেশিরভাগ পদে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রে কর্মরত সংশ্লিষ্ট কর্মীদের তিন সপ্তাহের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশে প্রতিষ্ঠানটির কোনো পদে স্থানান্তরিত হবেন নাকি চাকরি ছেড়ে দেবেন।

যারা বিদেশে স্থানান্তরিত না হয়ে চাকরি ছাড়ার পথ বেছে নেবেন, তাদের তিন মাসের সেভারেন্স বা বিদায়কালীন ভাতা দেওয়া হবে এবং ৩১ ডিসেম্বর ২০২৬ হবে তাদের শেষ কর্মদিবস। রেস্ট অব ওয়ার্ল্ড ও দ্য ইকোনমিক টাইমসসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অনেক কর্মী তাদের ম্যানেজারের সঙ্গে ওয়ান-অন-ওয়ান ‘ক্যারিয়ার আলোচনা’র মাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়ে জানতে পেরেছেন। আইবিএম কনসাল্টিং প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় বিভাগ, যেখানে বিশ্বজুড়ে দেড় লাখেরও বেশি কর্মী কাজ করেন। তবে এই নীতিগত পরিবর্তন আইবিএমের সব ব্যবসায়িক ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য নয়; কেবল কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদের ক্ষেত্রেই ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করা হয়েছে।

এ বিষয়ে এক বক্তব্যে আইবিএমের একজন মুখপাত্র জানিয়েছেন, দক্ষতার সহজলভ্যতা এবং গ্রাহকদের চাহিদায় পরিবর্তনের কারণেই তারা আইবিএম কনসাল্টিংয়ের বেশিরভাগ পদের ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিদেশে স্থানান্তরের সুযোগের ক্ষেত্রে ভারতই প্রধান গন্তব্য হিসেবে সামনে আসছে। ১৯ নভেম্বর আইবিএমের ক্যারিয়ার পোর্টালে যুক্তরাষ্ট্রের বাইরে কনসাল্টিং খাতে ১ হাজার ২৭৮টি শূন্য পদের তালিকা দেখা গেছে, যার মধ্যে ১ হাজার ১২৫টিই ছিল ভারতে।

এছাড়া সিঙ্গাপুরে ২৩টি এবং যুক্তরাজ্যে ১৮টি পদ ছিল, আর যুক্তরাষ্ট্রে ছিল ৮৯টি শূন্য পদ। তবে কতজন কর্মী এই সিদ্ধান্তে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিংবা স্থানান্তরিত কর্মীদের বেতন-ভাতার শর্ত কী হবে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কোনো সংখ্যা প্রকাশ করেনি। কর্মীদের একাংশের আশঙ্কা, যুক্তরাষ্ট্র থেকে ভারতে স্থানান্তরিত হলে বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের মুখে পড়তে হতে পারে।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রশাসনের ভিসা নীতি কঠোর হওয়া এবং প্রযুক্তি খাতের নিয়োগ ও পরিচালনা কাঠামোতে পরিবর্তনের প্রেক্ষাপটে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের বড় একটি অংশ এইচ-১বি ভিসা ও এমপ্লয়মেন্ট-ভিত্তিক গ্রিন কার্ডের ওপর নির্ভরশীল।

বিশেষ করে ভারতীয় পেশাজীবীরা মার্কিন এইচ-১বি ভিসার বড় অংশ পেয়ে থাকেন এবং গ্রিন কার্ডের দীর্ঘ অপেক্ষার তালিকায় থাকেন। ফলে স্পনসরশিপ বন্ধ ও স্বল্প সময়ের মধ্যে বিকল্প বেছে নেওয়ার এই নির্দেশনা সংশ্লিষ্ট কর্মীদের ক্যারিয়ার ও অভিবাসন পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার