Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৫ এএম

সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা

বিজ্ঞাপন

সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনালের পাশে অবস্থিত এই স্থাপনায় হামলার পর স্যাটেলাইট চিত্রে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে দাবি করেছেন, তেল শোধনাগারে চালানো হামলার কারণে সেখানে আগুন লেগেছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র হামলাটির বিষয়টি নিশ্চিত করেছে বলে বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও বাণিজ্যিক স্যাটেলাইট প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবসের তোলা চিত্রে দেখা গেছে, রাস তানুরা এলাকা থেকে ছড়িয়ে পড়া ধোঁয়া প্রায় ৬০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে, যা আয়তনে প্রায় শিকাগো শহরের সমান।

তবে সৌদি সরকার ও রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান সৌদি আরামকো এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এর আগে, সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চল লক্ষ্য করে পুনরায় হামলা চালায় হুতিরা। তবে আকাশেই সেই ক্ষেপণাস্ত্র রুখে দেয়ার দাবি করেছে দেশটি।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, মক্কা অঞ্চলের দিকে নিক্ষেপ করা দুটি ও মদিনা অঞ্চলের দিকে আসা একটি ড্রোন প্রতিহত করেছে তারা। এসব ড্রোন হুতি বিদ্রোহীরা পাঠিয়েছিল বলে জানিয়েছে জোটটি। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হুতিরা।

সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন দুটি ধ্বংসের খবর জানান। তবে এ ঘটনায় হতাহত কিংবা কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার