Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার কথা ভাবছেন?দেখে নিন চাকরি ও বেতনের সূচকে সেরা ২৫ প্রতিষ্ঠানের তালিকা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার কথা ভাবছেন?দেখে নিন  চাকরি ও বেতনের সূচকে  সেরা ২৫ প্রতিষ্ঠানের  তালিকা

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনের চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকা ২৫টি কলেজের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। তালিকায় প্রথম স্থান পেয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া এবং তৃতীয় স্থানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। তালিকায় নিউইয়র্ক, নিউ জার্সি ও মিশিগানের একাধিক বিশ্ববিদ্যালয়ও জায়গা পেয়েছে।

ফোর্বসের প্রকাশিত  প্রতিবেদনে বলা হয়েছে, কলেজগুলোর সাবেক শিক্ষার্থীদের স্নাতক শেষের তিন, ছয়, ১০ ও ২০ বছর পরের আনুমানিক মধ্যম আয়ের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে প্রকৌশল, প্রযুক্তি ও ব্যবসায় শিক্ষায় বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো এগিয়ে রয়েছে। তবে তালিকার ২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টি ফোর্বসের সামগ্রিক সেরা ৫০০ কলেজের তালিকায় প্রথম ৫০টির বাইরে।

শীর্ষ পাঁচে রয়েছে এমআইটি, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং বাবসন কলেজ। এ ছাড়া ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) ষষ্ঠ, হার্ভে মাড কলেজ সপ্তম এবং কার্নেগি মেলন ইউনিভার্সিটি অষ্টম স্থানে রয়েছে।

নিউইয়র্ক ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের জন্যও তালিকাটি গুরুত্বপূর্ণ। নিউ জার্সির হোবোকেনের স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি চতুর্থ, নিউইয়র্কের ট্রয়ের রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট (আরপিআই) ১১তম, প্রিন্সটন ইউনিভার্সিটি ১৪তম এবং নিউইয়র্ক সিটির কলাম্বিয়া ইউনিভার্সিটি ১৬তম স্থানে রয়েছে। নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি রয়েছে ১৮তম স্থানে। মিশিগানের ফ্লিন্টে অবস্থিত কেটারিং ইউনিভার্সিটি পেয়েছে ১৩তম স্থান।

বিশেষ করে কেটারিং ইউনিভার্সিটির অবস্থান তালিকায় আলোচনায় এসেছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা প্রতি ১২ সপ্তাহ পরপর শ্রেণিকক্ষের পড়াশোনা থেকে বেতনভুক্ত কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। স্নাতক শেষ করার আগেই অনেক শিক্ষার্থী দুই বছরের বেশি পেশাগত অভিজ্ঞতা অর্জন করেন। তাঁদের কো-অপ কর্মসূচি থেকে সাধারণত ৬০ হাজার থেকে ৭৫ হাজার ডলার পর্যন্ত আয় হয়। বিশ্ববিদ্যালয়টি প্রায় ৬০০ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে। ফোর্বসের হিসাবে, স্নাতকের ২০ বছর পর কেটারিংয়ের সাবেক শিক্ষার্থীদের আনুমানিক মধ্যম বার্ষিক আয় ১ লাখ ৫৩ হাজার ৬৮২ ডলার।

আয়ের সময়কাল অনুযায়ী তালিকার অবস্থানেও পার্থক্য রয়েছে। এমআইটির সাবেক শিক্ষার্থীরা স্নাতকের তিন, ছয় ও ১০ বছর পর সর্বোচ্চ আনুমানিক মধ্যম আয় করেন। তবে ২০ বছর পরের হিসাবে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার শিক্ষার্থীরা এগিয়ে। তাঁদের আনুমানিক মধ্যম বার্ষিক আয় ১ লাখ ৮৩ হাজার ৮১০ ডলার। অন্যদিকে ডার্টমাউথ কলেজ তিন বছর পরের আয়ের হিসাবে ২২তম হলেও ২০ বছর পরের হিসাবে উঠে এসেছে পঞ্চম স্থানে।

ফোর্বসের এ তালিকা এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন যুক্তরাষ্ট্রে নতুন স্নাতকদের চাকরির বাজার কঠিন হয়ে উঠেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার কর্মক্ষেত্রে পরিবর্তন আনছে। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক কলেজ স্নাতকদের বেকারত্বের হার ৫ দশমিক ২ শতাংশে নেমেছে। তবে তাঁদের মধ্যে ৪২ দশমিক ৫ শতাংশ নিজস্ব শিক্ষাগত যোগ্যতার তুলনায় কম যোগ্যতা প্রয়োজন এমন কাজে নিয়োজিত।

ফোর্বসের প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, উচ্চ বেতন মানেই কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিনিয়োগ সবচেয়ে লাভজনক—এমন নয়। টিউশন ফি, শিক্ষাঋণ এবং স্নাতক সম্পন্ন করার সম্ভাবনাও বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা জরুরি।

ফোর্বসের শীর্ষ ২৫ কলেজ

১. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT)

২. ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া

৩. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি

৪. স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজি

৫. বাবসন কলেজ

৬. ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি

৭. হার্ভে মাড কলেজ

৮. কার্নেগি মেলন ইউনিভার্সিটি

৯. ওরচেস্টার পলিটেকনিক ইনস্টিটিউট

১০. রোজ-হালম্যান ইনস্টিটিউট অব টেকনোলজি

১১. রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট

১২. লেহাই ইউনিভার্সিটি

১৩. কেটারিং ইউনিভার্সিটি

১৪. প্রিন্সটন ইউনিভার্সিটি

১৫. হার্ভার্ড ইউনিভার্সিটি

১৬. কলাম্বিয়া ইউনিভার্সিটি

১৭. সান্তা ক্লারা ইউনিভার্সিটি

১৮. কর্নেল ইউনিভার্সিটি

১৯. ক্লেয়ারমন্ট ম্যাককেনা কলেজ

২০. বেন্টলি ইউনিভার্সিটি

২১. কলোরাডো স্কুল অব মাইনস

২২. ডিউক ইউনিভার্সিটি

২৩. ডার্টমাউথ কলেজ

২৪. জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি

২৫. ইউনিভার্সিটি অব নটর ডেম

সূত্র: Forbes , Federal Reserve Bank of New York, U.S. Census Bureau

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার