বিজ্ঞাপন
স্নায়ুযুদ্ধের পর প্রথমবার সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে প্রায় ১ লাখ সাবেক সামরিক সদস্যকে চিঠি পাঠাল যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম
বিজ্ঞাপন
রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে প্রায় এক লাখ সাবেক সামরিক সদস্যকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্ভাব্য যুদ্ধ বা জাতীয় সংকটের সময় তাঁদের পুনরায় সামরিক দায়িত্বে নিয়োজিত করার প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে দেশটির লেবার সরকার। স্নায়ুযুদ্ধের পর এই প্রথম এত ব্যাপক পরিসরে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্কাই নিউজ, দ্য টাইমস ও এলবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ স্থল, নৌ ও বিমানবাহিনীর সাবেক সদস্যদের কাছে এসব চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট তিন বাহিনীর প্রধানদের স্বাক্ষর করা চিঠিতে প্রাপকদের বর্তমান ঠিকানা, যোগাযোগের তথ্য, পেশা ও দক্ষতার বিবরণ হালনাগাদ করতে বলা হয়েছে।
পাশাপাশি সাবেক সামরিক সদস্যদের স্বেচ্ছায় প্রশিক্ষণ ও সামরিক মহড়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এর মধ্যে ২০২৭ সালের বসন্তে অনুষ্ঠিতব্য ন্যাটোর স্টেডফাস্ট ডিফেন্ডার সামরিক মহড়াও রয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং স্কাই নিউজকে জানিয়েছেন, বর্তমান আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এটি একটি যুক্তিসংগত ও প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ। যুক্তরাজ্য ও তার মিত্রদের সামনে নিরাপত্তাঝুঁকি বাড়ছে। তবে এই উদ্যোগের অর্থ এই নয় যে যুক্তরাজ্য অবিলম্বে কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে।
এর আগে স্ট্রিটিং সতর্ক করে বলেছিলেন, আগামী এক হাজার দিনের মধ্যে সম্ভাব্য যুদ্ধ মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে যুক্তরাজ্যকে। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার সক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনে যুদ্ধে জয়লাভের প্রস্তুতি নেওয়াকে নিজের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।
বর্তমানে ব্রিটিশ স্থলবাহিনীতে প্রায় ৭৩ হাজার সক্রিয় সেনাসদস্য রয়েছেন। সম্ভাব্য বড় ধরনের সংঘাত মোকাবিলায় নিয়মিত সামরিক বাহিনীর পাশাপাশি সাবেক সামরিক সদস্যদের নিয়ে গঠিত স্ট্র্যাটেজিক রিজার্ভকে আরও কার্যকর করতে চাইছে সরকার।
তবে সাবেক সামরিক সদস্যদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ক্যালভিন বেইলি জানিয়েছেন, চিঠি পাওয়া অধিকাংশ সদস্যকেই হয়তো কখনো পুনরায় সামরিক দায়িত্বে ফিরতে হবে না। এই চিঠি কোনো আনুষ্ঠানিক সামরিক মোতায়েনের নির্দেশ নয়। সাধারণ নাগরিকদের বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদানের ঘোষণাও দেওয়া হয়নি।