Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ব্যয় বেড়েছে ১১ শতাংশ: থ্যাংকসগিভিং ভোজের খরচে দিশেহারা মার্কিন পরিবারগুলো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ পিএম

ব্যয় বেড়েছে ১১ শতাংশ: থ্যাংকসগিভিং ভোজের খরচে দিশেহারা মার্কিন পরিবারগুলো

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রজুড়ে বৃহস্পতিবার উদ্‌যাপিত হচ্ছে ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং উৎসব। ঘরে ঘরে রোস্ট করা টার্কির সুবাস আর পরিবারের সদস্যদের মিলনমেলার এই দিনে এবার মার্কিন নাগরিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম। গবেষণা প্রতিষ্ঠান দ্য সেঞ্চুরি ফাউন্ডেশনের এক সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার সাধারণ থ্যাংকসগিভিং ভোজের খরচ বেড়েছে ১১ শতাংশ।

থ্যাংকসগিভিংয়ের মূল আকর্ষণ টার্কির দাম গত বছরের এই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে। পাশাপাশি আনুষঙ্গিক সব খাবারের দামই বেড়েছে দুই অঙ্কের ঘরে। দেড় পাউন্ডের এক ব্যাগ সবুজ শিমের (গ্রিন বিনস) দাম ৩৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ২ দশমিক ৯৯ ডলার থেকে ৪ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া পাঁচ পাউন্ডের রাসেট আলুর দাম ৬ দশমিক ৮ শতাংশ এবং আপেল পাই তৈরিতে ব্যবহৃত তিন পাউন্ড গ্র্যানি স্মিথ আপেলের দাম ১০ দশমিক ২ শতাংশ বেড়েছে।

দ্য সেঞ্চুরি ফাউন্ডেশনের প্রধান অর্থনীতিবিদ কাইল মুর এক বিবৃতিতে বলেন, থ্যাংকসগিভিং মূলত টেবিলের চারপাশে সবাইকে নিয়ে একসঙ্গে বসার উৎসব, কিন্তু এ বছর অনেক পরিবারকেই হিসাব কষতে হচ্ছে তারা কতজন অতিথিকে খাওয়ানোর সামর্থ্য রাখে। আমেরিকান ফার্ম ব্যুরোর পূর্বাভাস অনুযায়ী, ১০ জনের একটি ভোজের খরচ ৬ শতাংশ বাড়ছে, যা ২০২২ সালের রেকর্ড মূল্যবৃদ্ধির পর প্রথম।

দাম বাড়ার কারণে অনেকেই পুরোনো প্রথায় পরিবর্তন আনছেন। নিউইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা স্যাম ব্রেভারম্যান জানান, আগে তাঁর মা একাই পুরো আয়োজনের খরচ বহন করতেন। কিন্তু এবার খরচ ১৩০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় পরিবারের সদস্যরা যে যার মতো খাবার তৈরি করে নিয়ে আসার (পটলাক) সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে, ক্রেতাদের স্বস্তি দিতে ব্রুকলিনের গ্রিন ভ্যালি মুদিদোকানের মালিক বারিস আভসি জানান, মানুষের কষ্টের কথা ভেবে তিনি ডিম, দুধ ও চিনির মতো জরুরি পণ্যগুলো প্রায় কেনা দামে বিক্রি করছেন। তবে ওয়ালমার্টের মতো বড় রিটেইল চেইনগুলো ১০ জনের পূর্ণাঙ্গ হলিডে মিল প্যাকেজে গত বছরের তুলনায় ১২ শতাংশ ছাড় দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থা জ্বালানি ও সারের দাম বাড়িয়ে দিয়েছে। বসন্তকালীন চাষাবাদের মৌসুমে ইউরিয়া সারের দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় কৃষকদের উৎপাদন খরচ বেড়েছে, যার প্রভাব পড়েছে সুপারমার্কেটের পণ্যে। এ ছাড়া স্টিলের ওপর শুল্ক আরোপের ফলে টিনজাত খাবারের দামও বেড়েছে। ক্যাম্বেলস স্যুপ জানিয়েছে, তারা তাদের ৬০ শতাংশ পণ্যের দাম ৪ থেকে ৫ শতাংশ বাড়াচ্ছে।

উৎসবের খরচ মেটাতে গিয়ে বড় ধরনের আর্থিক চাপে পড়েছেন মার্কিনিরা। অনলাইন ঋণদাতা প্রতিষ্ঠান লেন্ডিংট্রির এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার যাঁরা ভোজের আয়োজন করছেন, তাঁদের এক-তৃতীয়াংশই তীব্র আর্থিক চাপে আছেন। আয়োজকদের প্রায় ৬২ শতাংশই উৎসবের খরচ মেটাতে ঋণ নেওয়ার কথা ভাবছেন। এর মধ্যে ১৮ শতাংশ মানুষ ‘বাই নাউ, পে লেটার’ (বিএনপিএল) বা পরে পরিশোধের শর্তে কেনাকাটার ঋণের আশ্রয় নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আগস্টের এক প্রতিবেদনে দেখা গেছে, নিম্ন আয়ের মানুষ, তরুণ এবং কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক জনগোষ্ঠীর মধ্যে এ ধরনের ঋণ নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি।

খরচ বাড়ায় এবার থ্যাংকসগিভিংয়ে ভ্রমণের প্রবণতাও কিছুটা কমেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) পূর্বাভাস অনুযায়ী, এবার ৮ কোটি ১৬ লাখের বেশি মানুষ ভ্রমণ করবেন, যা গত বছরের তুলনায় ১ লাখ ২১ হাজার কম। টানা তিন বছর ভ্রমণকারীর সংখ্যা বাড়ার পর এবারই প্রথম তা কমল। আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিএনওর তথ্যমতে, প্রতি ১০ জনের মধ্যে ৭ জন মার্কিন নাগরিকই এবার ছুটিতে কোথাও ভ্রমণ না করার পরিকল্পনা করছেন।

বর্তমানে প্রতি গ্যালন জ্বালানি তেলের গড় দাম ৩ দশমিক ৬১ ডলার, যা গত বছরের এই সময়ের (৩ দশমিক ০৬ ডলার) চেয়ে বেশি। অন্যদিকে, ভ্রমণবিষয়ক ওয়েবসাইট হপারের তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া ৩১ শতাংশ বেড়ে গড়ে ৪০২ ডলারে পৌঁছেছে, যা গত এক দশকের মধ্যে থ্যাংকসগিভিং মৌসুমে সর্বোচ্চ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার