Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে?

বিজ্ঞাপন

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানসহ দলটির নয় নেতার ওপর ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির পাঞ্জাব প্রদেশের প্রশাসন। 

এ সময় তারা সারগোধা জেলায় প্রবেশ, বসবাস কিংবা অবস্থান করতে পারবেন না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সারগোধায় দলটির একটি সমাবেশ করার কথা ছিল। এর আগেই জেলা প্রশাসকের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

ডন-এর হাতে আসা আদেশের অনুলিপি অনুযায়ী, ১৯৬০ সালের ওয়েস্ট পাকিস্তান মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অধ্যাদেশের ৭(১) ধারা এবং ২০০৮ সালের পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (সংশোধনী) অধ্যাদেশের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ নভেম্বর থেকে কার্যকর হওয়া আদেশটি ৩০ দিন বহাল থাকবে।

ফজলুর রহমান ছাড়া নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য আট নেতা হলেন- লাহোরের মাওলানা নাসির আহমদ আবরার, মাওলানা আমজাদ খান ও অধ্যাপক গাজানফর আজিজ, ভাক্কারের মাওলানা সাফি উল্লাহ, মুলতানের মাওলানা মুহাম্মদ নূর খান হানস, ফয়সালাবাদের মাওলানা মুহাম্মদ জাকারিয়া শাহ, মুজাফফরগড়ের মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া আব্বাসী এবং ডেরা গাজি খানের মাওলানা জামাল আবদুল নাসির। 

বিজ্ঞপ্তিতে ফজলুর রহমানের নিজ জেলা হিসেবে ডেরা ইসমাইল খানের নাম উল্লেখ করা হয়েছে।

জেলা পুলিশের জমা দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করে এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এতে বলা হয়, তালিকাভুক্ত নেতাদের অতীতে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য দেওয়ার নজির রয়েছে। তাদের বক্তব্য জনশৃঙ্খলার জন্য হুমকি তৈরি করতে পারে।

বিজ্ঞপ্তিতে এসব নেতাকে ‘উত্তেজক বক্তা’ হিসেবে উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করা হয়, তারা বেআইনিভাবে জনসমাগম ঘটাতে এবং রাষ্ট্র ও এর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনমত উসকে দিতে পারেন। তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও জানানো হয়েছে।

এদিকে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে সারগোধায় জেইউআই-এফের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নোটিশও জারি করা হয়েছে। এ ছাড়া খুশাব জেলায় পাবলিক অর্ডার (এমপিও) অধ্যাদেশের আওতায় দলটির স্থানীয় কয়েকজন নেতাকে আটক করা হয়েছে।

এক ভিডিও বার্তায় ফজলুর রহমান বলেন, সড়কে বিধিনিষেধ ও অবরোধ থাকা সত্ত্বেও তিনি সারগোধার উদ্দেশে রওনা হচ্ছেন। তিনি সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার, আটক নেতা-কর্মীদের মুক্তি এবং সাংবিধানিক অধিকার ও নাগরিক স্বাধীনতা সুরক্ষার দাবি জানান।

আরও পড়ুন
জেইউআই-এফের পাঞ্জাব শাখার মুখপাত্র হাফিজ গাজানফর আজিজ অভিযোগ করেন, সরকার দলটির বিরুদ্ধে ‘দমনমূলক কৌশল’ অব্যাহত রেখেছে। তার দাবি, দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী সড়কে আটকা পড়েছেন। পাঞ্জাবজুড়ে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধ

কেন্দ্রীয় সরকারের সঙ্গে জেইউআই-এফের দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল। এর আগে খাইবার পাখতুনখাওয়ায় গভর্নর শাসন জারি এবং তৎকালীন পিটিআই নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারকে অকার্যকর করে দেওয়ার সমালোচনা করেছিলেন ফজলুর রহমান।

পিএমএল-এন ও পিটিআই সরকারের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার চেষ্টা করেও কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ করেন তিনি। পরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রদেশগুলোকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগও তোলেন। এ নিয়ে ফজলুর রহমানের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর পালটাপালটি কড়া বক্তব্য আসে।

এর আগে মঙ্গলবার ফজলুর রহমান অভিযোগ করেন, তার চলাচল সীমিত করতে তাকে কয়েক ঘণ্টা ‘রাষ্ট্রীয় অবরুদ্ধ’ অবস্থায় রাখা হয়েছিল। লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি বহুদলীয় সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও মুলতান রোডের একটি আবাসিক এলাকায় তার বাসভবনের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকায় তিনি বের হতে পারেননি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার ও সেনাবাহিনীর রাজনৈতিক ভূমিকা নিয়ে কঠোর অবস্থান নেওয়ার কারণে  মাওলানা ফজলুর রহমানের পরিবার ও ঘনিষ্ঠ নেতাদের ঘিরে তৎপরতা জোরদার করেছে দেশটির রাষ্ট্রীয় সংস্থাগুলো। 

একের পর এক দুর্নীতির তদন্ত, তলব, প্রশাসনিক নোটিশ এবং সরকারি মন্ত্রীদের প্রকাশ্য আক্রমণকে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের জন্য চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছে জমিয়ত। 

দলটির দাবি, সরকারের নীতির বিরোধিতা এবং সেনাবাহিনীর রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তোলার কারণেই তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

গত ৮ নভেম্বর মাওলানা  ফজলুর রহমানের ছেলে ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মাওলানা আসাদ মাহমুদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়েরের সুপারিশ করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। 

২০২২ সালে ইমরান খানের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শাহবাজ শরীফের নেতৃত্বে জোট সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মাওলানা ফজলুর রহমান। তার দলও ওই সরকারের অংশ ছিল।

কিন্তু ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি বদলে যায়। নির্বাচনে কারচুপি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হস্তক্ষেপের অভিযোগ তুলে নতুন সরকারে যোগ দেওয়া থেকে বিরত থাকে জমিয়ত। 

এরপর থেকে সরকারের বিভিন্ন নীতি ও রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর প্রভাবের বিরুদ্ধে ধারাবাহিক সমালোচনা করে আসছেন মাওলানা ফজলুর রহমান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার