Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

বিজ্ঞাপন

ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের এক জৈন দম্পতি তিরুপতি মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান করেছেন। দান করা এসব স্বর্ণালংকারের বাজারমূল্য ২০৬ কোটি রুপি বা ২৭৯ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে তারা এসব স্বর্ণালংকার দান করেন।

ওই দম্পতির নাম বর্ধমান জৈন ও রাধিকা জৈন। তারা আনুষ্ঠানিকভাবে অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি দেবস্থানমের (টিটিডি) পুরোহিত ও প্রতিনিধিদের হাতে মূল্যবান স্বর্ণালংকার তুলে দেন। দান করা অলংকারের মধ্যে হীরাখচিত স্বর্ণালংকারও রয়েছে। মন্দিরটিতে এ পর্যন্ত করা উল্লেখযোগ্য দানগুলোর মধ্যে এটি অন্যতম।

অনুষ্ঠান শেষে দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি এই দানকে অসাধারণ ধর্মীয় বিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন
নাইডু বলেন, ‘ভগবান ভেঙ্কটেশ্বরের উদ্দেশে ২০৬ কোটি রুপির (২৭৯ কোটি টাকা) স্বর্ণালংকার দান করা ব্যতিক্রমী একটি ঘটনা। দেবতার প্রতি গভীর ভক্তি ও বিশ্বাস থেকে জৈন দম্পতি এই দানে এগিয়ে এসেছেন। এমন একটি ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

প্রাচীন শাসকদের অবদানের কথা স্মরণ করে নাইডু বলেন, পল্লব, চোল, চের, পাণ্ড্য, মহীশূর ও মারাঠা রাজারা বিভিন্ন সময়ে মন্দিরটিতে মূল্যবান অলংকার ও উপহার দিয়েছেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভক্ত ও শাসকদের দানে মন্দিরটি সমৃদ্ধ হয়েছে।

নাইডু টিটিডিকে মন্দিরের পবিত্রতা রক্ষার পাশাপাশি গরু সংরক্ষণ, বৈদিক ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তিনি ‘বৃক্ষ গোবিন্দম’ উদ্যোগের প্রসার, মন্দিরের অবকাঠামো সম্প্রসারণ এবং টিটিডির সহায়তায় অন্ধ্রপ্রদেশজুড়ে ৫ হাজার মন্দির নির্মাণের পরিকল্পনার কথাও ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তার সরকার অন্নদানম বা খাদ্য বিতরণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষামূলক কার্যক্রম জোরদার করবে। ভক্তদের জন্য ‘মানব সেবাই মাধব সেবা’ অর্থাৎ মানবতার সেবাই ঈশ্বরের সেবা- এই আদর্শ অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি।

ধনী ব্যক্তিদের জৈন দম্পতির দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জানিয়ে নাইডু বলেন, সম্পদ সামাজিক কল্যাণ, ধর্মীয় কর্মকাণ্ড এবং সুবিধাবঞ্চিত মানুষের সেবায় ব্যয় করা উচিত। সূত্র: এনডিটিভি

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার