Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ভারতের সিকিমে পর্যটকদের জন্য নতুন নিয়ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

ভারতের সিকিমে পর্যটকদের জন্য নতুন নিয়ম

বিজ্ঞাপন

ভারতের সিকিমে ভ্রমণে নতুন বছর থেকে বাড়তি খরচ গুনতে হবে পর্যটকদের। রাজ্যের সংরক্ষিত বনাঞ্চল ও জনপ্রিয় পর্যটনকেন্দ্রে ভিড় এবং যানবাহনের চাপ নিয়ন্ত্রণে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন প্রবেশমূল্য চালুর সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার।

রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নির্দেশনা অনুযায়ী, গ্যাংটক, পাকিয়ং ও মঙ্গন জেলার নির্দিষ্ট সংরক্ষিত এলাকায় প্রবেশের জন্য পর্যটকবাহী যানবাহনকে নির্ধারিত ফি দিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সংরক্ষিত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নিয়মের আওতায় গ্যাংটক ও পাকিয়ং বিভাগের নাথু লা, ছাঙ্গু বা সোমগো লেক, বাবা মন্দির, জুলুক ও লিংতাম এলাকা রয়েছে। এ ছাড়া মঙ্গন বিভাগের সাঙ্কালান-টুং ও ফেদাং চেকপোস্টের পরবর্তী এলাকাগুলোতেও প্রবেশমূল্য কার্যকর হবে।

নির্দেশনা অনুযায়ী, গাড়ির আসনসংখ্যা ও ইঞ্জিনের ক্ষমতার ভিত্তিতে ফি নির্ধারণ করা হয়েছে। ১ হাজার সিসির বেশি ক্ষমতাসম্পন্ন পাঁচ আসনের গাড়ির জন্য গ্যাংটক ও পাকিয়ংয়ে ১ হাজার ৫০০ রুপি এবং মঙ্গনে ১ হাজার ২০০ রুপি দিতে হবে। ৬ থেকে ১০ আসনের গাড়ির ক্ষেত্রে এ ফি যথাক্রমে ২ হাজার ৫০০ ও ১ হাজার ৫০০ রুপি। ১১ থেকে ১৫ আসনের গাড়ির জন্য দিতে হবে ৪ হাজার ৫০০ ও ২ হাজার ৫০০ রুপি।

বাসের ক্ষেত্রে আসনসংখ্যা অনুযায়ী প্রবেশমূল্য ৩ হাজার ৫০০ থেকে সর্বোচ্চ ১০ হাজার রুপি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য প্রবেশমূল্য ৭৫০ রুপি এবং সহযাত্রীর জন্য ৩৫০ রুপি।

তবে সিকিমের নির্দিষ্ট পরিচয়পত্রধারী স্থানীয় বাসিন্দাদের এ ফি থেকে ছাড় দেওয়া হবে। কর্তব্যরত সরকারি কর্মকর্তা ও সেনাসদস্যদের জন্যও বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।

উত্তর সিকিমের জোঙ্গু এলাকায় সাঙ্কালান ও ফেদাং রুট দিয়ে যাতায়াতকারী পর্যটকদের অনলাইন পারমিট নিতে হবে। তবে এ ক্ষেত্রে পারমিট ফি বা সার্ভিস চার্জ দিতে হবে না। এ ছাড়া ১৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য নিবন্ধিত মালিকের নামে পারমিট বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন এ সিদ্ধান্তে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, বাড়তি প্রবেশমূল্যের কারণে পর্যটকদের ভ্রমণ ব্যয় বাড়বে। এতে অনেকে সিকিমের পরিবর্তে দার্জিলিং, কালিম্পং বা ডুয়ার্সের মতো বিকল্প গন্তব্য বেছে নিতে পারেন।

হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক তন্ময় গোস্বামী বলেন, সংরক্ষিত বনাঞ্চলে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে এ উদ্যোগ কার্যকর হতে পারে।

সিআইআইয়ের পর্যটন প্যানেলের চেয়ারম্যান সম্রাট সান্যাল বলেন, বাড়তি ফি শেষ পর্যন্ত পর্যটকদের ওপরই চাপবে। সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য সিকিম সরকারকে চিঠি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্রও সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তিনি বলেন, বাড়তি খরচের কারণে সাধারণ পর্যটকদের ভ্রমণের বাজেট বেড়ে যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার