Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

বাংলাদেশের ওপর নতুন করে শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম

বাংলাদেশের ওপর নতুন করে শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

বিজ্ঞাপন

‘অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার’ অভিযোগে বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রস্তাবে ১৫ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দেশটির ১৪টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে এ প্রস্তাব ঘোষণা করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, তথাকথিত কাঠামোগত অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা মোকাবিলায় এই শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে চীনের পণ্যে। সস্তা পণ্য রপ্তানি করে বিশ্ববাজারে অতিরিক্ত সরবরাহ তৈরির জন্য বেইজিংকে সবচেয়ে বেশি দায়ী করে ওয়াশিংটন।

ঘনিষ্ঠ মিত্র জাপান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও দক্ষিণ কোরিয়াসহ ১৬টি বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে আট মাসের তদন্ত শেষে এই প্রস্তাব দিয়েছে ইউএসটিআর। মার্কিন বাণিজ্য আইন ১৯৭৪-এর ৩০১ ধারার আওতায় অন্যায্য বাণিজ্যপ্রথা নিয়ে এ তদন্ত করা হয়।

তদন্তে থাকা দেশগুলোর মধ্যে মেক্সিকো ও নরওয়ের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব করা হয়নি। বাকি ১৪টি বাণিজ্য অংশীদার হলো চীন, বাংলাদেশ, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানান, এসব দেশ ও অঞ্চলের পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন। শুল্কের সুনির্দিষ্ট হার আজ বুধবার দেশটির সরকারি প্রকাশনা ‘ফেডারেল রেজিস্টার’-এ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করার কথা ছিল।

ওই কর্মকর্তা বলেন, ওয়াশিংটনের মূল্যায়ন অনুযায়ী, সংশ্লিষ্ট বাণিজ্য অংশীদারগুলো বিভিন্ন পদক্ষেপ, নীতি ও চর্চার মাধ্যমে তাদের উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা তৈরি করছে বা তা বজায় রাখছে। যুক্তরাষ্ট্রের মতে, এসব কর্মকাণ্ড অযৌক্তিক এবং মার্কিন বাণিজ্যের ওপর বোঝা তৈরি করছে বা বাণিজ্যে বাধা সৃষ্টি করছে।

ইউএসটিআরের সংজ্ঞা অনুযায়ী, ‘কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা’ বলতে এমন পরিস্থিতিকে বোঝায়, যেখানে কোনো দেশ চাহিদা ও বাজারনীতির বাস্তবতা উপেক্ষা করে উৎপাদন ও শিল্প সক্ষমতা বাড়াতে থাকে। এর মধ্যে শিল্পনীতি ও ভর্তুকির ব্যবহার এবং অ-বাজার অর্থনীতি থেকে আমদানি করা উপকরণের ব্যবহারও অন্তর্ভুক্ত।

ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবিত শুল্ক জানুয়ারির আগে কার্যকর না-ও হতে পারে। কারণ, শুল্কের প্রস্তাবগুলো নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং জনসাধারণের মতামত দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা থাকবে। শুল্ক কার্যকরের আগে এ বিষয়ে একটি শুনানিরও আয়োজন করা হবে।

নাম উল্লেখ না করে ওই কর্মকর্তার বরাতে রয়টার্স আরও জানায়, নরওয়ে ও মেক্সিকোর অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে ইউএসটিআরের তদন্ত এখনও পর্যালোচনাধীন। কবে নাগাদ এ তদন্ত শেষ হবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানাতে রাজি হননি তিনি।

সর্বশেষ চলতি বছরের ২৪ জুলাই থেকে বাংলাদেশি পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর করে যুক্তরাষ্ট্র। ‘জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যে’র আমদানি নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে ‘সেকশন ৩০১’-এর অধীনে তখন এই পদক্ষেপ নেয় ইউএসটিআর।

নির্দিষ্ট কিছু পণ্য শুল্কছাড়ের আওতায় থাকলেও বাংলাদেশি পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বহাল রয়েছে। ‘মোস্ট-ফেভার্ড-নেশন’ (এমএফএন) বা সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের আওতায় বিদ্যমান ১৫ দশমিক ৬২ শতাংশ শুল্কের সঙ্গে এই অতিরিক্ত শুল্ক যুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের বড় একটি অংশের ওপর মোট শুল্কের হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬২ শতাংশে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার