বিজ্ঞাপন
ভারতের সোনার বাজারে রাজত্ব করছেন কে এই ব্যক্তি?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম
বিজ্ঞাপন
ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির নাম কী? সহজেই এর উত্তর বরে দেওয়া যায়- মুকেশ আম্বানি। কিন্তু যদি প্রশ্ন করা হয়, ভারতের সবচেয়ে ধনী সোনা ব্যবসায়ী কে? অনেকেই হয়তো এর সঠিক উত্তর দিতে পারবেন না। ভারতের সবচেয়ে ধনী সোনা ব্যবসায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সোনার দোকানের মালিক। বলা হচ্ছে, জয়ালুক্কাস গ্রুপের কর্ণধার জয় আলুক্কাসের কথা।
তিনি অনেকদিন ধরেই ভারতের অন্যতম শীর্ষ ধনী। বর্তমানে দেশটির ধনীর তালিকায় ৫২তম অবস্থানে রয়েছেন এই সোনা ব্যবসায়ী।
স্কুলের পড়াশোনা শেষ না করেই ব্যবসায় যুক্ত হওয়া জয় আলুক্কাস কীভাবে গড়ে তুললেন সোনার সাম্রাজ্য? তার এই যাত্রার পেছনে রয়েছে ঝুঁকি নেওয়া, নতুন বাজার খোঁজা এবং প্রচলিত ব্যবসাপদ্ধতি বদলে দেওয়ার গল্প।
বাবার ছোট দোকান থেকে ব্যবসার শুরু
১৯৫৬ সালে কেরালার ত্রিশুরে একটি গহনার দোকান চালু করেন জয় আলুক্কাসের বাবা আলুক্কা জোসেফ ভার্গিস। একই বছর জন্ম হয় জয় আলুক্কাসের।
১৫ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন ১১তম। বড় হয়েছেন ব্যবসায়ী পরিবারে। পরিবারের গহনার ব্যবসায় যুক্ত হলেও শুধু দোকানে বসে বিক্রি করার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাননি তিনি।
পরিবারের ব্যবসা তখন ধীরে ধীরে বড় হচ্ছিল। আশির দশকের শুরুতে ত্রিশুরের বাইরে কোঝিকোড়েও ব্যবসা সম্প্রসারণ করে পরিবারটি।
এ সময় উপসাগরীয় দেশগুলোতে কেরালার মানুষের যাতায়াত বাড়ছিল। ফলে মধ্যপ্রাচ্যের সঙ্গে ব্যবসার নতুন সুযোগ তৈরি হয়।
আবুধাবিতে প্রথম বিদেশি দোকান
পরিবার যখন মধ্যপ্রাচ্যে ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়, তখন দায়িত্ব নিতে এগিয়ে আসেন জয় আলুক্কাস।
১৯৮৭ সালে পরিবারের প্রথম বিদেশি দোকান চালুর উদ্যোগ নিয়ে তিনি আবুধাবি যান। পরবর্তী সময়ে সেখানে গহনার ব্যবসা সম্প্রসারণ করেন।
উপসাগরীয় দেশগুলোতে বসবাসকারী প্রবাসী মালয়ালিদের বড় একটি অংশ হয়ে ওঠেন তাদের ক্রেতা। এই বাজারকে কাজে লাগিয়ে দ্রুত ব্যবসা বাড়াতে থাকেন তিনি।
ব্যবসায় প্রযুক্তির ব্যবহার
জয় আলুক্কাসের ব্যবসায়িক সাফল্যের অন্যতম কারণ ছিল প্রচলিত পদ্ধতি থেকে বেরিয়ে আসা।
তার ধারণা ছিল, একজন মালিক সব সময় দোকানের ক্যাশ কাউন্টারে বসে থাকলে বড় ব্যবসা গড়ে তোলা সম্ভব নয়। তাই ব্যবসায় সফটওয়্যার, প্রযুক্তি ও নির্দিষ্ট ব্যবস্থাপনা পদ্ধতি চালু করেন তিনি।
কর্মীদের জন্য নির্দিষ্ট পোশাক, গ্রাহক আনুগত্য কর্মসূচি এবং সব শোরুমে একই ধরনের ব্র্যান্ড পরিচিতি তৈরি করা হয়।
এর ফলে মালিকের সরাসরি উপস্থিতির ওপর নির্ভরতা কমে আসে। একই সঙ্গে একাধিক শোরুম পরিচালনা সহজ হয়।
পারিবারিক ব্যবসা থেকে নিজের ব্র্যান্ড
২০০০-এর দশকের শুরুর দিকে পরিবারের ব্যবসা ভাগ হয়ে যায়। এরপর মধ্যপ্রাচ্যের কার্যক্রমের নিয়ন্ত্রণ পান জয় আলুক্কাস। পরবর্তী সময়ে ভারতের বাজারেও মনোযোগ দেন তিনি।
২০০৫ সালে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রাখা হয় জয়ালুক্কাস। এরপর চেন্নাই, মুম্বাই ও দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে শোরুম চালু করা হয়।
ভারতের গহনার বাজার তখন ধীরে ধীরে সংগঠিত খুচরা ব্যবসার দিকে এগোচ্ছিল। এ সময় টাইটান গ্রুপের তানিশক, কল্যাণ জুয়েলার্স ও মালাবার গোল্ডের মতো প্রতিষ্ঠানও বড় পরিসরে ব্যবসা সম্প্রসারণ করছিল।
এই প্রতিযোগিতার মধ্যেই নিজেদের অবস্থান শক্ত করে জয়ালুক্কাস।
১৬০টির বেশি শোরুম, বিস্তৃত আন্তর্জাতিক ব্যবসা
বর্তমানে ভারতে ১০০টির বেশি শোরুম রয়েছে জয়ালুক্কাসের। বিদেশে রয়েছে প্রায় ৬০টি বিক্রয়কেন্দ্র। সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে রয়েছে তাদের কার্যক্রম।
জয় আলুক্কাস শুধু গহনার ব্যবসাতেই সীমাবদ্ধ থাকেননি। অর্থ বিনিময়, বস্ত্র, শপিং মল ও আবাসন খাতেও বিনিয়োগ করেছেন তিনি।
প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক গহনা ব্যবসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন তার ছেলে জন পল।
এক বছরে আয় ২৪ হাজার কোটি রুপির বেশি
জয়ালুক্কাসের ব্যবসার আকার দিন দিন বড় হচ্ছে। ট্র্যাক্সন ডেটা অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির ভারতের ব্যবসায় আয় হয়েছে ২৪ হাজার ৪৩৯ কোটি ৪৫ লাখ রুপি। আগের অর্থবছরে আয় ছিল ২০ হাজার ২৩২ কোটি ৮৯ লাখ রুপি।
একই সময়ে নিট মুনাফা ১ হাজার ৬৯০ কোটি ৭৭ লাখ রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬৭ কোটি রুপিতে।
শেয়ারবাজারে আসার পরিকল্পনা পিছিয়েছে
জয়ালুক্কাসের ব্যবসাকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনাও ছিল। প্রতিষ্ঠানটি একপর্যায়ে ২ হাজার ৩০০ কোটি রুপির আইপিও আনার উদ্যোগ নিয়েছিল। তবে পরে সেই পরিকল্পনা থেকে সরে আসে।
২০২৩ সালে দুর্বল আইপিও বাজারের কথা উল্লেখ করে শেয়ারবাজারে তালিকাভুক্তির সিদ্ধান্ত পিছিয়ে দেন জয় আলুক্কাস।
কবে প্রতিষ্ঠানটি আবার শেয়ারবাজারে আসবে, তা নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে।
বিশ্বের ধনী গহনা ব্যবসায়ীদের একজন
ব্যবসার বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জয় আলুক্কাসের ব্যক্তিগত সম্পদও।
ফোর্বসের হিসাবে, ২০২৬ সালের ২৩ নভেম্বর তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৫৬০ কোটি মার্কিন ডলার।
জনপ্রিয় চলচ্চিত্র তারকাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহার করে জয় আলুক্কাস নিজেদের ব্র্যান্ড পরিচিতি আরও বাড়িয়েছেন।
তার স্ত্রী জলি জয় জোয়ালুক্কাস ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করেন। ২০২৩ সালে প্রকাশিত হয় জয় আলুক্কাসের আত্মজীবনী ‘Spreading Joy’।
সোনার কানের দুলে বিশ্বরেকর্ড
সম্প্রতি জয়ালুক্কাসের তৈরি একজোড়া বিশাল কানের দুল ভেঙে দিয়েছে দুটি বিশ্বরেকর্ড। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তৈরি ২২ ক্যারেটের এই সোনার দুলের মোট ওজন ১৬ কেজি ৫১৪ গ্রাম।
‘ময়ূরা সহস্র’ নামে এই দুলের জোড়াকে বিশ্বের সবচেয়ে ভারী এবং সবচেয়ে বড় কানের দুল হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। গত ২৪ অক্টোবর দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের ‘জুয়েল অব জয়’ শোরুমে দুলগুলো উন্মোচন করা হয়।
সাফল্যের পেছনে নতুন চিন্তা
জয় আলুক্কাসের গল্প শুধু একজন ধনী ব্যবসায়ীর উত্থানের গল্প নয়। এটি একটি পারিবারিক ব্যবসাকে আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত করার গল্প।
কেরালার ছোট একটি গহনার দোকান থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণ করেছেন তিনি।
নতুন বাজার খোঁজা, প্রযুক্তির ব্যবহার এবং নিজস্ব ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তোলার মাধ্যমে বদলে দিয়েছেন ঐতিহ্যবাহী গহনার ব্যবসার ধরন।
তার যাত্রা দেখিয়েছে, পারিবারিক ব্যবসার অভিজ্ঞতার সঙ্গে নতুন চিন্তা ও পরিকল্পনা যুক্ত করতে পারলে একটি ছোট প্রতিষ্ঠানও আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে পারে।