Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

বুক না কেটেই হৃৎপিণ্ড প্রতিস্থাপন, রোবোটিক সার্জারিতে বিশ্বকে চমকে দিল সৌদি হাসপাতাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৫ এএম

বুক না কেটেই হৃৎপিণ্ড প্রতিস্থাপন, রোবোটিক সার্জারিতে বিশ্বকে চমকে দিল সৌদি হাসপাতাল

বিজ্ঞাপন

আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহারে বড় ধরনের সাফল্য দেখিয়েছে সৌদি আরবের শীর্ষস্থানীয় চিকিৎসাকেন্দ্র কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে জানানো হয়েছে, মাত্র তিন বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটিতে রোবোটিক সার্জারির সংখ্যা ১১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২২ সালে যেখানে এই হাসপাতালে ৭৭১টি রোবোটিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৫টিতে। এ ছাড়া ২০২৪ সালের ১ হাজার ৩৭০টি অস্ত্রোপচারের তুলনায় ২০২৫ সালে প্রবৃদ্ধির হার ছিল ২৩ শতাংশ। অঙ্গ প্রতিস্থাপন, হৃদ্‌রোগের অস্ত্রোপচার এবং মস্তিষ্কের টিউমার অপসারণের মতো অত্যন্ত জটিল চিকিৎসায় রোবোটিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের ফলেই এই সাফল্য এসেছে, যা অস্ত্রোপচারের ঝুঁকি ও শারীরিক ক্ষত কমিয়ে নিখুঁত চিকিৎসা নিশ্চিত করছে।

২০০৩ সালে প্রথমবারের মতো রোবোটিক সার্জারি চালুর পর থেকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল সাধারণ জটিল কাজে শল্যচিকিৎসকদের সহায়তার গণ্ডি পেরিয়ে এখন এমন সব দুরূহ অস্ত্রোপচার সম্পন্ন করছে, যার জন্য আগে শরীরের বড় অংশ কাটতে হতো। এই ধারাবাহিকতায় হাসপাতালটি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিশ্বে প্রথমবারের মতো তিনটি অনন্য মাইলফলক অর্জন করেছে।

এর মধ্যে রয়েছে শতভাগ রোবোটিক পদ্ধতিতে যকৃৎ (লিভার) প্রতিস্থাপন, বুক না কেটেই সম্পূর্ণ রোবোটিক উপায়ে হৃৎপিণ্ড (হার্ট) প্রতিস্থাপন এবং মাথার খুলির ভেতরের টিউমার রোবোটিক প্রযুক্তির মাধ্যমে অপসারণ।

চিকিৎসা সাফল্য ও রোগীদের সুস্থতার হারেও অভাবনীয় কৃতিত্ব দেখিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে রোবোটিক কার্ডিয়াক সার্জারি কর্মসূচি চালুর পর থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত সম্পন্ন হওয়া ৪০০টি অস্ত্রোপচারে রোগীদের বেঁচে থাকার হার রেকর্ড ৯৮ শতাংশে পৌঁছেছে।

পাশাপাশি জীবিত দাতার (লিভিং ডোনার) অঙ্গ প্রতিস্থাপনেও বিশ্বজুড়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে হাসপাতালটি। এখন পর্যন্ত দাতার শরীর থেকে যকৃতের অংশ সংগ্রহের জন্য ১ হাজার ৬০০টিরও বেশি রোবোটিক অস্ত্রোপচার সম্পন্ন করেছে কেন্দ্রটি, যা একক কোনো চিকিৎসাপ্রতিষ্ঠান হিসেবে বিশ্বে সর্বোচ্চ।

চলতি ২০২৬ সালে প্রতিষ্ঠানটি ‘সিঙ্গেল-পোর্ট রোবট’ প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত করেছে, যার মাধ্যমে একাধিক ছিদ্রের পরিবর্তে শরীরে মাত্র একটি ক্ষুদ্র ছিদ্রের সাহায্যে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে। ২০২৬ সালের প্রথম নয় মাসে এই প্রযুক্তিতে ১০৯টি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, যার মধ্যে যকৃৎ প্রতিস্থাপন ও জীবিত দাতার অস্ত্রোপচার ছাড়াও বিশ্বে প্রথমবারের মতো সিঙ্গেল-পোর্ট রোবোটিক লিভিং ডোনার লিভার রিসেকশন সিরিজ অন্তর্ভুক্ত রয়েছে।

ন্যূনতম কাটাছেঁড়ার এই আধুনিক পদ্ধতির ফলে রোগীরাও অত্যন্ত দ্রুত সুস্থ হয়ে উঠছেন; পরিসংখ্যান অনুযায়ী, কিডনি দাতাদের ৯৬ শতাংশকেই অস্ত্রোপচারের ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া সম্ভব হয়েছে।

চিকিৎসা সেবা ও গবেষণায় এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে বিশ্বের শীর্ষ ২৫০টি একাডেমিক মেডিকেল সেন্টারের তালিকায় মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় প্রথম এবং বিশ্বব্যাপী দ্বাদশ স্থান অর্জন করেছে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল।

একই বছর ‘ব্র্যান্ড ফাইন্যান্স’-এর মূল্যায়নে এটি সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সবচেয়ে মূল্যবান স্বাস্থ্যসেবা ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ ছাড়া বিশ্বখ্যাত সাময়িকী নিউজউইকের ‘ওয়ার্ল্ডস বেস্ট হসপিটালস ২০২৬’, ‘ওয়ার্ল্ডস বেস্ট স্মার্ট হসপিটালস ২০২৭’ এবং ‘ওয়ার্ল্ডস বেস্ট স্পেশালাইজড হসপিটালস ২০২৭’-এর মর্যাদাপূর্ণ তালিকাতেও স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার