বিজ্ঞাপন
সৌদিতে ব্যবসা করা কঠিন হচ্ছে বিদেশিদের জন্য
সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ এএম
বিজ্ঞাপন
বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর আরোপ করতে যাচ্ছে সৌদি আরব। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন এ করব্যবস্থা কার্যকর হবে। এর ফলে দেশটিতে যোগ্য বহুজাতিক কোম্পানিগুলোর অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার কমপক্ষে ১৫ শতাংশ নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সৌদি আরবের জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (জাটকা) এ ঘোষণা দিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবের কর রাজস্ব সুরক্ষিত রাখা এবং আন্তর্জাতিক করনীতির সঙ্গে দেশটির বিধিবিধানের সামঞ্জস্য আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব বহুজাতিক কোম্পানি গোষ্ঠীর বার্ষিক সমন্বিত আয় কমপক্ষে ৭৫০ মিলিয়ন ইউরো বা সৌদি রিয়ালে এর সমপরিমাণ, তারা এ করের আওতায় আসবে।
তবে এ কর প্রযোজ্য হওয়ার আগের চার অর্থবছরের অন্তত দুই অর্থবছরে সংশ্লিষ্ট কোম্পানির সমন্বিত আয় নির্ধারিত সীমায় পৌঁছাতে হবে। কোম্পানির চূড়ান্ত মূল প্রতিষ্ঠানের সমন্বিত আর্থিক বিবরণীর ভিত্তিতে এ আয় নির্ধারণ করা হবে।
নতুন ব্যবস্থায় নির্ধারিত ন্যূনতম করের চেয়ে কম কার্যকর কর প্রদানকারী যোগ্য বহুজাতিক কোম্পানিগুলোর কাছ থেকে অতিরিক্ত কর আদায় করা হবে।
বিশ্বজুড়ে বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকি কমানো এবং বিভিন্ন দেশে ন্যূনতম করহার নিশ্চিত করার আন্তর্জাতিক উদ্যোগের সঙ্গে সৌদি আরবের এ পদক্ষেপ সামঞ্জস্যপূর্ণ।