বিজ্ঞাপন
একসময় সৌদিতে নিষিদ্ধ ছিল ‘জিটিএ’ গেম, এখন নিজেরাই মালিকানায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম
বিজ্ঞাপন
গেল বছর পর্যন্ত সৌদি আরবে নিষিদ্ধ ছিল জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো’। কিন্তু সময়ে পাল্টে গেছে। দেশটির নাগরিকরা এখন শুধু এই গেম খেলছেন, তা নয়; বরং এই গেমের মালিকানার একটি অংশ রয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের কাছে।
২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে গেমটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। সম্প্রতি এই গেমের নতুন কিস্তি ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বাজারে এসেই বাজিমাত করেছে। বিশ্বজুড়ে অগণিত জিটিএ ভক্তের সঙ্গে গেমটি খেলায় যোগ দিয়েছেন সৌদি গেমাররাও।
জানালাবিহীন ও শীতাতপ নিয়ন্ত্রিত একটি কক্ষে বসে স্থানীয় কনটেন্ট নির্মাতা থামের আল দাইরেম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সৌদি আরবে বৈধভাবে জিটিএ ৬ খেলতে পারার বিষয়টি আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে, এই গেমটি একসময় (সৌদি আরবে) নিষিদ্ধ ছিল। আমরা বিশ্বের সবচেয়ে বড় গেমটির কথা বলছি।’
যুবরাজের হাত ধরে সৌদি আরবে গেমিং খাতে সরকারি সহায়তা ও বিনিয়োগ দ্রুত বাড়ছে। ২০২৩ সালে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গেমিং তাকে দৈনন্দিন চাপ থেকে বিচ্ছিন্ন হতে এবং মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে।
এলএসইজি ওয়ার্কস্পেসের তথ্য অনুযায়ী, যুবরাজের নেতৃত্বাধীন সার্বভৌম সম্পদ তহবিল ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের’ (পিআইএফ) যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘টেক-টু ইন্টারেক্টিভ’-এ ২০০ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ রয়েছে। এই প্রতিষ্ঠানটিই গ্র্যান্ড থেফট অটোর নির্মাতা ‘রকস্টার গেমস’-এর মালিক।
গত আগস্টে পিআইএফ-সহ একটি কনসোর্টিয়াম ৫ হাজার ৫০০ কোটি ডলারে গেমিং জায়ান্ট ‘ইলেকট্রনিক আর্টস’ কিনে নেয়। আর চলতি মাসে গেমিং সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ‘ইউনিটি সফটওয়্যার’ সম্ভাব্য প্রায় ২ হাজার ৫০০ কোটি ডলার মূল্যে প্রতিষ্ঠানটি বিক্রির বিষয়ে পিআইএফ-সহ বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করেছে।