Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

এক ফোঁটা রক্ত নিয়ে ব্যবসা! যেভাবে কোটি কোটি ডলার হাতিয়ে নিয়েছিলেন এই নীল নয়না

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০১:০১ এএম

এক ফোঁটা রক্ত নিয়ে ব্যবসা! যেভাবে কোটি কোটি ডলার হাতিয়ে নিয়েছিলেন এই নীল নয়না

বিজ্ঞাপন

একসময় সিলিকন ভ্যালির বিস্ময়বালিকা ভাবা হতো তাঁকে। মাত্র এক ফোঁটা রক্ত দিয়ে শত শত রোগ নির্ণয়ের যুগান্তকারী প্রযুক্তির স্বপ্ন দেখিয়ে মার্কিন রাজনীতি ও কর্পোরেট জগতের বাঘা বাঘা বিনিয়োগকারীদের নিজের কব্জায় এনেছিলেন এলিজাবেথ হোমস। কিন্তু ভুয়া প্রযুক্তির সেই সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ার পর প্রতারণার দায়ে এখন ১১ বছরের বেশি কারাদণ্ড ভোগ করছেন থেরানোস (Theranos)-এর এই প্রতিষ্ঠাতা।

সম্মোহনী ব্যক্তিত্ব ও উচ্চাকাঙ্ক্ষার শুরু: ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জন্ম নেওয়া এলিজাবেথ ২০০২ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। প্রথম বর্ষ শেষে সিঙ্গাপুরে সার্স ভাইরাস শনাক্তকরণ গবেষণায় যুক্ত থাকার পর চিকিৎসা প্রযুক্তিতে তাঁর আগ্রহ বেড়ে যায়। ২০০৩ সালে শরীরে পরার উপযোগী ওষুধ সরবরাহ প্যাচের প্রথম পেটেন্টের আবেদন করেন এবং মাত্র ১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয় ছেড়ে নিজের গবেষণা সংস্থা গড়ে তোলেন।

সিলিকন ভ্যালিতে তিনি পরিচিত হয়ে ওঠেন প্রায় প্রতিদিন কালো পোলো-নেক শার্ট ও ট্রাউজার্স, পেছনে আঁচড়ানো সোনালি চুল আর লাল লিপস্টিকে। দৃঢ় আত্মবিশ্বাস আর একদৃষ্টে তাকানোর ভঙ্গিতে তিনি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতেন বলে প্রতিবেদনে উঠে এসেছে।

কোটি কোটি ডলারের তহবিল ও প্রভাবশালী বোর্ড: আঙুলের ডগা থেকে সামান্য রক্ত নিয়ে থাইরয়েড ও ভিটামিনের মতো অসংখ্য পরীক্ষা করার যন্ত্র বানানোর প্রতিশ্রুতি দিয়ে ২০০৪ সালের ডিসেম্বরের মধ্যেই ৬০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেন হোমস। ২০১০ সালের শেষ নাগাদ ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে তাঁর সংস্থায় আসে ৯ কোটি ২০ লাখ ডলারের বেশি অর্থ।

২০১১ সালের জুলাইয়ে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ শুলৎজের সঙ্গে বৈঠকের পর তাঁকে পরিচালনা পর্ষদে যুক্ত করতে সক্ষম হন তিনি। এরপর মার্কিন প্রশাসন, রাজনীতি ও কর্পোরেট জগতের প্রভাবশালী ব্যক্তিরা থেরানোসের বোর্ডে আসেন। মিডিয়া মোগল রুপার্ট মার্ডকও ১২ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করেছিলেন। এভাবে প্রায় ১৬০ কোটি ডলারের বিনিয়োগ তহবিল গড়ে ওঠে।

ফাঁস হয় ‘এডিসন’-এর জালিয়াতি: ২০১৫ সালে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর অনুসন্ধানী সাংবাদিক জন ক্যারিরু থেরানোসের ‘এডিসন’ নামের রক্ত পরীক্ষার যন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ ওঠে, যন্ত্রটি প্রচার অনুযায়ী নির্ভরযোগ্যভাবে কাজ করছিল না; প্রদর্শনীতেও যন্ত্রের যান্ত্রিক ত্রুটি ও খুলে পড়ার মতো ঘটনা ঘটত।

কর্মীদের অভিযোগ দমাতে কঠোর পদক্ষেপ ও বরখাস্তের পাশাপাশি প্রতিবেদন ঠেকাতে আইনজীবী ডেভিড বয়েসের মাধ্যমে আইনি চাপ ও ক্ষতিপূরণের হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। তবে অনুসন্ধান থেমে থাকেনি। তদন্তে ল্যাব রিপোর্টে নকল লোগো ব্যবহার, নিয়ন্ত্রক সংস্থায় ভুয়া ফলাফল পাঠানো, এক বছরে ১০ কোটি ডলার আয়ের ভুয়া পূর্বাভাস এবং পশ্চিম এশিয়ার যুদ্ধক্ষেত্রে যন্ত্র ব্যবহারের মিথ্যা দাবির তথ্য সামনে আসে।

মনোবিজ্ঞানের ভাষায় কেউ কেউ এ আচরণকে ‘ডানিং-ক্রুগার প্রভাব’-এর সঙ্গে তুলনা করেছেন—যেখানে সীমিত দক্ষতা থাকা সত্ত্বেও নিজের যোগ্যতা বাস্তবের চেয়ে অনেক বড় বলে মনে করা হয়।

আদালত, কারাদণ্ড ও সর্বশেষ পরিস্থিতি: ২০১৮ সালে এলিজাবেথ হোমস ও থেরানোসের সাবেক প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার রমেশ বলওয়ানির বিরুদ্ধে মামলা হয়। ২০২২ সালের ৩ জানুয়ারি আদালত বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার চারটি অভিযোগে হোমসকে দোষী সাব্যস্ত করে (যদিও রোগীদের সঙ্গে প্রতারণা সংক্রান্ত কয়েকটি অভিযোগে তিনি খালাস পান)। ওই বছরের নভেম্বরে তাঁকে ১১ বছর ৩ মাসের কারাদণ্ড এবং প্রায় ৪৫ কোটি ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কারাদণ্ড কমানোর আবেদন করেন, তবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। সূত্র: রয়টার্স।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার