Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

পরিচিত মুখ হয়ে যাচ্ছে রাক্ষসের! বিরল স্নায়বিক রোগে দিশেহারা মার্কিন যুবক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৯ এএম

পরিচিত মুখ হয়ে যাচ্ছে রাক্ষসের! বিরল স্নায়বিক রোগে দিশেহারা মার্কিন যুবক

বিজ্ঞাপন

সত্যজিৎ রায়ের ‘শিবু আর রাক্ষসের কথা’ গল্পের সেই অঙ্কের স্যার জনার্দনবাবুর কথা মনে পড়ে? যাকে রাক্ষস ভেবে ভয়ে শিউরে উঠেছিল শিবু। কল্পনার সেই দৃশ্য যেন বাস্তবে রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রের এক যুবকের জীবনে। কার্ল নামের ওই মার্কিন যুবক অনেকের মুখমণ্ডলেই হঠাৎ অস্বাভাবিক ও রাক্ষুসে পরিবর্তন দেখতে পাচ্ছেন। এমনকি কারও কারও চেহারা তাঁর চোখে বিড়ালের মতোও রূপ নিচ্ছে।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই বিরল স্নায়বিক অবস্থাটিকে বলা হয় ‘প্রোসোপোমেটামরফোফসিয়া’ (Prosopometamorphopsia), যা লোকমুখে পরিচিত ‘ডেমন ফেস সিনড্রোম’ নামে।

ঠিক কী ঘটছে আক্রান্তের চোখে? যখন কোনো পরিচিত বা প্রিয় মানুষের দিকে তাকানো হয়, তখন আক্রান্ত ব্যক্তির চোখে মুখের স্বাভাবিক গড়ন বদলে গিয়ে বিকৃত ও দানবীয় রূপ নিতে পারে। এ ধরনের ক্ষেত্রে চোখগুলো মাথার দু’পাশে প্রসারিত হয়ে যাওয়ার মতো মনে হয়, নাকের পাটা অস্বাভাবিকভাবে ফুলে ওঠে এবং গাল ও কপালে গভীর খাঁজ তৈরি হয় বলে বর্ণনা করা হয়েছে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অসুখকে সাধারণ ‘হ্যালুসিনেশন’ বা দৃষ্টিভ্রমজনিত কল্পনা হিসেবে দেখার সুযোগ নেই। হ্যালুসিনেশনে বাস্তবে যা নেই তা চোখের সামনে ভেসে ওঠে; কিন্তু এই অবস্থায় সামনে থাকা মানুষটি ও তাঁর মুখ বাস্তবই থাকে, কেবল মস্তিষ্কের সংকেত প্রক্রিয়াকরণে ত্রুটির কারণে সেই মুখ বিকৃতভাবে দৃশ্যমান হয়। অথচ কার্লের সাধারণ দৃষ্টিশক্তি স্বাভাবিক এবং তাঁর চশমা পরার প্রয়োজন হয় না।

মস্তিষ্কের স্নায়ুপথে কেন এই গোলমাল? বিশেষজ্ঞদের মতে, মানুষের মস্তিষ্কে মুখমণ্ডল চিনতে ও বিশ্লেষণ করতে বিশেষ স্নায়ুপথ কাজ করে। ‘কগনিটিভ নিউরোসায়েন্স’ জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে দু’জন রোগীর ওপর চালানো গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। ওই পরীক্ষায় রোগীদের মানুষের মুখের এক হাজারের বেশি ছবি এবং দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন বস্তু দেখানো হয়। দেখা যায়, মুখের ছবি দেখার সময় তাঁরা তীব্র দৃশ্যগত বিকৃতি টের পেলেও দৈনিন্দের সাধারণ বস্তুগুলোর ক্ষেত্রে কোনো বিকৃতি অনুভব করেননি।

বিজ্ঞানী আন্তোনিও মেলো ও ব্র্যাড ডুকেইন ২০২৫ সালে প্রকাশিত একটি বইয়ে ব্যাখ্যা করেছেন, চোখের পিছনের অংশে আলো পড়ার পর সংকেত মস্তিষ্কের পিছন দিকে যায় এবং সেখান থেকে মুখের সামনের দিকের অংশ বিশ্লেষণের বিশেষ অঞ্চলগুলোতে পৌঁছায়। এই ধাপে মস্তিষ্ক নাক, চোখ বা কানের মতো অঙ্গগুলোকে বিচ্ছিন্নভাবে না দেখে সেগুলোর পারস্পরিক দূরত্ব ও বিন্যাস যাচাই করে—যাকে ‘কনফিগারাল প্রসেসিং’ বলা হয়। এই সূক্ষ্ম ভারসাম্যে বিঘ্ন ঘটলেই মুখের গঠনে এমন বিভ্রান্তিকর বিকৃতি তৈরি হয়। সূত্র: পপুলার সাযেন্স।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার