Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

চীনে প্রকাশ্যে দেখা গেল পুতিনের পারমাণবিক ব্রিফকেস, কী আছে ভেতরে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ এএম

চীনে প্রকাশ্যে দেখা গেল পুতিনের পারমাণবিক ব্রিফকেস, কী আছে ভেতরে

বিজ্ঞাপন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে থাকা পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার কাজে ব্যবহৃত বিশেষ ব্রিফকেসের দেখা মিলেছে প্রকাশ্যে। চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ভেন্যুর বাইরে এক রুশ কর্মকর্তার হাতে ব্রিফকেসটি দেখা যায়। এ নিয়ে এক সাংবাদিকের সঙ্গে ওই কর্মকর্তার কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে।

ক্রেমলিন-নিয়ন্ত্রিত রাশিয়া-১ টেলিভিশন চ্যানেলের সংবাদদাতা ইয়েভগেনি পোপভ সম্মেলনস্থলের বাইরে দায়িত্বে থাকা ইউনিফর্ম পরা এক কর্মকর্তার কাছে গিয়ে জানতে চান, তার হাতে থাকা ব্রিফকেসটি পারমাণবিক হামলার অনুমোদন দেওয়ার কাজে ব্যবহৃত সেই ব্রিফকেস কি না।

জবাবে কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ’। এরপর পোপভ আবার জানতে চান, ‘সেটিই?’ কর্মকর্তা নিশ্চিত করে বলেন, ‘এটিই।’ এ সময় উপস্থাপককে ‘অবিশ্বাস্য’ বলতে শোনা যায়।

বর্তমান বিষয়াবলি নিয়ে নির্মিত ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানের সহ-উপস্থাপক পোপভ ভিডিওতে প্রথমে কর্মকর্তাটির দিকে ইঙ্গিত করে বলেন, ‘দেখুন, আমাদের ঠিক পেছনেই সেই পারমাণবিক ব্রিফকেসটি রয়েছে।’

সংবেদনশীল পারমাণবিক আলোচনা সামনে রেখে ক্রেমলিনের বার্তা প্রচারের অংশ হিসেবে ঘটনাটি সাজানো হয়ে থাকতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২০২৩ সালের অক্টোবরে পুতিনের বেইজিং সফরের সময়ও একই ধরনের একটি ঘটনা দেখা গিয়েছিল। সে সময় তাকে দুই নৌবাহিনীর কর্মকর্তার সঙ্গে বৈঠকে যেতে দেখা যায়, যাদের হাতে ছিল দুটি ব্রিফকেস।

তখন রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়ার এক সংবাদদাতা বলেছিলেন, ‘এমন কিছু ব্রিফকেস রয়েছে, যেগুলো ছাড়া পুতিনের কোনো সফরই সম্পূর্ণ হয় না।’

রাশিয়ার পারমাণবিক ব্রিফকেস কী?

রাশিয়ার পারমাণবিক ব্রিফকেসের নাম ‘চেগেট’। ককেশাস অঞ্চলের মাউন্ট চেগেটের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। ১৯৮০-এর দশকে ব্যবস্থাটি তৈরি করা হয় এবং ১৯৮৫ সালে সোভিয়েত ইউনিয়নের নেতা হিসেবে মিখাইল গর্বাচেভের দায়িত্ব গ্রহণের সময় এটি কার্যকর হয়।

সাধারণত রুশ প্রেসিডেন্টের সঙ্গে থাকা নৌবাহিনীর একজন কর্মকর্তা ব্রিফকেসটি বহন করেন। তবে জনসমক্ষে এটি খুব কমই দেখা যায়। এ ধরনের আরও দুটি ব্রিফকেস রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং জেনারেল স্টাফের প্রধানের জন্য বরাদ্দ রয়েছে।

ব্যবস্থাটি তৈরির সঙ্গে যুক্ত ভ্যালেনতিন গোলুবকভ ২০১৪ সালে রাশিয়ার ট্যাবলয়েড পত্রিকা কমসোমলস্কায়া প্রাভদাকে জানিয়েছিলেন, প্রেসিডেন্টের সঙ্গে দেশের শীর্ষ সামরিক নেতৃত্বের নিরাপদ যোগাযোগ নিশ্চিত করাই এর উদ্দেশ্য।

তিনি বলেন, ‘আমাদের বিশাল ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে একটি ব্যবস্থার আওতায় সমন্বয় করাই এর লক্ষ্য।’

গোলুবকভের তথ্য অনুযায়ী, ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিপ্রেক্ষিতেও এই ব্যবস্থা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় ইউরোপে মোতায়েন করা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রায় পাঁচ মিনিটের মধ্যে সোভিয়েত ইউনিয়নে পৌঁছাতে সক্ষম ছিল।

এ ছাড়া সোভিয়েত জেনারেল স্টাফও পাল্টা পারমাণবিক হামলার মহড়া চালাচ্ছিল। গোলুবকভ বলেন, ‘এর আরেকটি কারণ ছিল, অনুমোদন ছাড়া যাতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা না যায়, তা নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, ‘এই কয়েক মিনিটের মধ্যেই পাল্টা হামলার অনুমোদন নিতে হবে।’

গোলুবকভের ব্যাখ্যা অনুযায়ী, প্রেসিডেন্টের অনুমোদনের বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী ও জেনারেল স্টাফের প্রধানের কাছে থাকা পারমাণবিক ব্রিফকেসের সঙ্গে সমন্বয় করে সম্পন্ন করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এপেক সম্মেলনে যোগ দিতে শেনজেনে পৌঁছান পুতিন। ২১টি সদস্য অর্থনীতির নেতাদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, নেতাদের আলোচনায় পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের বিষয়টিও গুরুত্ব পাবে। চীনের ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ এবং ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার পারমাণবিক অবস্থান ঘিরে উত্তেজনার মধ্যে এ আলোচনা হতে যাচ্ছে।

ইউক্রেনে অভিযান শুরুর পর রাশিয়ার পারমাণবিক বাহিনীকে বিশেষ সতর্কাবস্থায় রাখেন পুতিন। একই সঙ্গে মস্কোকে নিউ স্টার্ট পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির কার্যক্রম থেকে সরিয়ে নেন এবং দেশের পারমাণবিক প্রতিরোধনীতির নির্দেশিকায় পরিবর্তন আনেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার