Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

২০৩৫ সালে বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী হবে যে ধর্মের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৫ এএম

২০৩৫ সালে বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী হবে যে ধর্মের

বিজ্ঞাপন

২০৩৫ সালের মধ্যে ইসলাম বিশ্বের সবচেয়ে বেশি অনুসারীর ধর্ম হিসেবে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে বলে এক গবেষণায় জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির নতুন এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে- ইসলাম ও খ্রিষ্টধর্ম, এই দুই ধর্মের অনুসারীর সংখ্যাই আগামী কয়েক দশকে বাড়বে।

তবে মুসলিম জনসংখ্যা তুলনামূলক দ্রুত গতিতে বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ধর্মীয় জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তন বিশ্লেষণ করেছে পিউ। ২০১টি দেশ ও অঞ্চলের তথ্যের ভিত্তিতে তৈরি এ গবেষণায় বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ অন্তর্ভুক্ত হয়েছে।

এতে মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধসহ সাতটি ধর্মীয় গোষ্ঠী ও ধর্মীয় পরিচয়ের পরিবর্তন পর্যালোচনা করা হয়েছে।

গবেষণাটি পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রকল্পের অংশ। বিশ্বজুড়ে ধর্মীয় পরিবর্তন এবং এর প্রভাব বিশ্লেষণ করাই এ প্রকল্পের লক্ষ্য।

তবে গবেষণার ফলাফলকে ভবিষ্যতের সব পরিবর্তনের চূড়ান্ত পূর্বাভাস হিসেবে না দেখার বিষয়ে সতর্ক করেছে পিউ। সংস্থাটি বলেছে, আর্থসামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধের মতো বিভিন্ন ঘটনা মানুষের ধর্মীয় পরিচয়ে পরিবর্তন আনতে পারে।

কেনো জনসংখ্যা বৃদ্ধিতে মুসলিমরা এগিয়ে?

প্রতিবেদনের তথ্যানুযায়ী, মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার সবচেয়ে বেশি। একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তানের জন্ম দেন। অন্যদিকে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫।

জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এটিকে মুসলিমদের এগিয়ে থাকার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে পিউ।

পিউর জরিপ বলছে, জনসংখ্যার স্বাভাবিক পরিবর্তনের কারণে ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনগোষ্ঠীতে ১৬০ কোটি পর্যন্ত মানুষ যুক্ত হতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনগোষ্ঠীতে যুক্ত হতে পারে ৭৯ কোটি ২০ লাখ মানুষ।

ধর্মান্তর ও ধর্মত্যাগ জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি ধর্মত্যাগ ও ধর্মান্তরের হিসাবও বিশ্লেষণ করেছে পিউ। এতে বলা হয়েছে, ইসলাম ত্যাগ করে অন্য ধর্মে যাওয়া বা ধর্মীয় পরিচয় পরিবর্তনের কারণে মুসলিম জনগোষ্ঠীর যে ক্ষতি হবে, খ্রিষ্টানদের ক্ষেত্রে তা অনেক বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মান্তর ও ধর্রত্যাগের কারণে মুসলিম জনগোষ্ঠীর নিট ক্ষতি হতে পারে ৮০ লাখ। অন্যদিকে খ্রিষ্টধর্মের ক্ষেত্রে এ সংখ্যা দাঁড়াতে পারে ১০ কোটি ৫০ লাখে।

খ্রিষ্টধর্ম ত্যাগকারীদের অনেকে পরবর্তী সময়ে কোনো ধর্মের অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দেবেন না। তাদের মধ্যে নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও রয়েছেন।

তবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে খ্রিষ্টানদের ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণকে প্রধান কারণ হিসেবে দেখছে না পিউ। গবেষণা অনুযায়ী, ইসলাম থেকে খ্রিষ্টধর্ম গ্রহণকারীর সংখ্যা খ্রিষ্টধর্ম থেকে ইসলাম গ্রহণকারীর তুলনায় সামান্য বেশি হতে পারে।

সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ

পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যার অধিকাংশ বৃদ্ধি ঘটবে এমন দেশ ও অঞ্চলে, যেখানে বর্তমানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ।

২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় গোষ্ঠী ছিলেন। ২০৭০ সাল নাগাদ এসব দেশে আরও ১২০ কোটি মুসলিম বসবাস করতে পারেন। এটি বিশ্বে মুসলিম জনসংখ্যার সম্ভাব্য মোট বৃদ্ধির ৭৪ শতাংশ।

উদাহরণ হিসেবে পাকিস্তানের কথা উল্লেখ করেছে গবেষণা সংস্থাটি। দেশটিতে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এর মধ্য দিয়ে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে পাকিস্তান।

২০৭০ সাল নাগাদ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে প্রতিবেদনে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিমরা ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীকে ছাড়িয়ে যেতে পারেন বলেও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে খ্রিষ্টান জনসংখ্যার বৃদ্ধিও মূলত সেই ১২০টি দেশে কেন্দ্রীভূত থাকবে, যেখানে বর্তমানে খ্রিষ্টানরা সংখ্যাগরিষ্ঠ। এসব দেশে খ্রিষ্টান জনসংখ্যা ৬৩ কোটি বাড়তে পারে, যা বিশ্বজুড়ে খ্রিষ্টান জনসংখ্যার সম্ভাব্য মোট বৃদ্ধির ৯২ শতাংশ।

সূত্র: আল জাজিরা

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার