বিজ্ঞাপন
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর গতিপথ পরিবর্তন, আছড়ে পড়তে পারে ওড়িশায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ এএম
বিজ্ঞাপন
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর অভিমুখ বদলেছে। সর্বশেষ তথ্যানুযায়ী, অন্ধ্রপ্রদেশ উপকূলে নয়, ওড়িশার পুরীর কাছে আছড়ে পড়তে চলেছে এই তীব্র ঘূর্ণিঝড়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নতুন বুলেটিনে তেমনটাই জানিয়েছে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর।
এর আগে, ‘আকভান’ অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী অংশে আছড়ে পড়তে পারে বলে এক বুলেটিনে উল্লেখ করা হলেও বুধবার দুপুরের বুলেটিনে ল্যান্ডফলের সেই সম্ভাব্য স্থান পরিবর্তিত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, পুরীর কাছে ‘আকভান’-এর ল্যান্ডফল হতে পারে।
দক্ষিণ এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মধ্যভাগে তীব্র ঘূর্ণিঝড় আকভান শক্তি বাড়াচ্ছে। গত ছয় ঘণ্টায় তা সাত কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে উপকূলের দিকে এগিয়েছে। অভিমুখ উত্তর-উত্তর পশ্চিম।
বর্তমানে ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে ৫৭০ কিলোমিটার পূর্ব, বিশাখাপত্তনম থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব, মছিলিপত্তনম থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ওড়িশার গোপালপুর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ এবং পুরী থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছে।
ভারতের কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও ওডিশার বাসিন্দাদের সতর্ক থাকার এবং আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে।