বিজ্ঞাপন
ব্রিটেনে শাবানার অভিবাসন কঠোরীকরণবিল পার্লামেন্টের নিম্নকক্ষে পাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম
বিজ্ঞাপন
ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদের প্রস্তাবিত অভিবাসন ও আশ্রয়নীতি কঠোর করার বিল পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে পাস হয়েছে। তবে ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরেই এ নিয়ে বিরোধ দেখা দিয়েছে। দলের ১৪ জন এমপি বিলের বিপক্ষে ভোট দিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিলটির তৃতীয় ও চূড়ান্ত পাঠের ভোটাভুটিতে ২৯০ জন এমপি পক্ষে এবং ৯৪ জন বিপক্ষে ভোট দেন। ফলে ১৯৬ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়। এখন এটি পরবর্তী পর্যালোচনা ও অনুমোদনের জন্য পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে পাঠানো হবে।
বিলের বিরুদ্ধে ভোট দেওয়া ১৪ জন লেবার এমপির মধ্যে রয়েছেন ডায়ান অ্যাবট, জন ম্যাকডোনেল, নাদিয়া হুইটোম এবং বেল রিবেইরো-অ্যাডি। তাদের বিরোধিতা সত্ত্বেও সরকার নিম্নকক্ষে বিলটি পাস করাতে সক্ষম হয়েছে।
নতুন আইনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো, যেসব আশ্রয়প্রার্থীর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, তাদের যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত করা। বর্তমানে প্রত্যাবাসন কার্যক্রম শুরুর আগে অভিবাসন কর্মকর্তাদের পাঁচ কর্মদিবসের নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। নতুন বিল কার্যকর হলে এই নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা আর থাকবে না।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, এতে প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও দ্রুত করা সম্ভব হবে।
বিলে শরণার্থীদের প্রাথমিকভাবে দেওয়া বসবাসের অনুমতির মেয়াদেও বড় পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে শরণার্থীরা সাধারণত প্রথমবার পাঁচ বছরের বসবাসের অনুমতি পেয়ে থাকেন। নতুন প্রস্তাব অনুযায়ী, এই মেয়াদ কমিয়ে আড়াই বছর করা হবে।
পাশাপাশি অভিবাসনসংক্রান্ত আপিলের জন্য একটি স্বাধীন কর্তৃপক্ষ গঠনের পরিকল্পনাও রয়েছে।
শাবানা মাহমুদ এই সংস্কার পরিকল্পনাকে আধুনিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিবাসন সংস্কারগুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন। তার দাবি, আইনি ব্যবস্থার বিভিন্ন ফাঁকফোকর বন্ধ করতেই এসব পরিবর্তন আনা হচ্ছে।
বিলের পাশাপাশি যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা সেটেলমেন্ট পাওয়ার নিয়ম নিয়েও লেবার পার্টির ভেতরে মতবিরোধ তৈরি হয়েছে।
বিশেষ করে কম বেতনের কাজের ভিসায় থাকা অভিবাসীদের স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার অপেক্ষার সময় বাড়ানোর প্রস্তাব নিয়ে আপত্তি ওঠে। লেবার এমপিদের উদ্বেগের পর চলতি মাসের শুরুতে এ প্রস্তাব প্রত্যাহার করা হয়।
তবে স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতের কর্মীদের জন্য পাঁচ বছর পর সেটেলমেন্ট পাওয়ার সুযোগ বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। বছরে অন্তত ২৫ হাজার পাউন্ড আয় করেন—এমন স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতের ভিসাধারীরা ভিসার শর্ত পূরণ করলে পাঁচ বছর পর স্থায়ী বসবাসের জন্য যোগ্য থাকবেন।
এ ছাড়াও ডিগ্রিবিহীন কিছু সরকারি স্বাস্থ্য ও শিক্ষা খাতের কর্মীদের জন্য বিশেষ ছাড় রাখা হয়েছে।
তবে এই সুবিধা আরও বেশি দক্ষ কর্মীদের ক্ষেত্রে সম্প্রসারণের দাবি জানিয়েছেন কয়েকজন লেবার এমপি।
লেবার এমপি নিল ডানকান-জর্ডান একটি সংশোধনী প্রস্তাব উত্থাপন করেছিলেন। এতে স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতের বাইরেও আরও বেশি দক্ষ কর্মীকে পাঁচ বছর পর স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার কথা বলা হয়।
তবে পার্লামেন্টে ৩৬৮ ভোটে প্রস্তাবটি বাতিল হয়। এর পক্ষে ভোট দেন মাত্র ৪৪ জন এমপি।
হোম অফিসের মন্ত্রী আনা টার্লি বলেন, সামাজিক সেবা খাত এবং ডিগ্রিবিহীন কিছু সরকারি স্বাস্থ্য ও শিক্ষা খাতের কর্মীদের জন্য এই বিশেষ ছাড় রাখা হয়েছে। কোভিড মহামারির সময় এবং পরবর্তী সময়ে তাদের অবদানের বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তার দাবি, সংশোধনীটি গ্রহণ করা হলে স্থায়ী বসবাসের ক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতা এবং অপরাধসংক্রান্ত শর্ত দুর্বল হয়ে পড়ার ঝুঁকি ছিল।
অন্যদিকে, লেবার এমপি বেল রিবেইরো-অ্যাডি স্থায়ী বসবাসের নিয়ম পরিবর্তনের প্রস্তাবের সমালোচনা করেন। তার আশঙ্কা, নতুন ব্যবস্থায় অর্থের বিনিময়ে স্থায়ী বসবাসের সুযোগ তৈরি হতে পারে এবং তা সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করার মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
বিল নিয়ে বিতর্কে অভিবাসন নীতির পাশাপাশি ইউরোপীয় মানবাধিকার সনদ নিয়েও আলোচনা হয়েছে।
কনজারভেটিভ পার্টির ছায়া স্বরাষ্ট্র মন্ত্রী ক্রিস ফিলপ বলেন, বিলটি সঠিক পথে কিছু ছোট পদক্ষেপ নিয়েছে। তবে ইউরোপীয় মানবাধিকার সনদ থেকে যুক্তরাজ্য বেরিয়ে না এলে সীমান্তের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব হবে না বলে তিনি দাবি করেন।
অন্যদিকে, অভিবাসন নিয়ে বক্তব্য দেওয়ার পর রিফর্ম ইউকে দলের এমপি সারা পোচিনের বিরুদ্ধে ‘পরোক্ষ বর্ণবাদী’ অবস্থানের অভিযোগ তোলেন স্কটিশ ন্যাশনাল পার্টির এমপি পিট উইশার্ট।
সব মিলিয়ে শাবানা মাহমুদের অভিবাসন সংস্কার পরিকল্পনা পার্লামেন্টের নিম্নকক্ষে গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করলেও লেবার পার্টির ভেতরে এর বিভিন্ন ধারা নিয়ে মতবিরোধ স্পষ্ট হয়েছে। হাউস অব লর্ডসে পরবর্তী পর্যালোচনার পর বিলটির আইন হওয়ার প্রক্রিয়া এগোবে।