Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইউরোপীয় বিলাসবহুল ব্র্যান্ডের পোশাকে বরফের বুকে কিমের কন্যা; দাম জানলে চমকে উঠবেন!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

ইউরোপীয় বিলাসবহুল ব্র্যান্ডের পোশাকে বরফের বুকে কিমের কন্যা; দাম জানলে চমকে উঠবেন!

বিজ্ঞাপন

বাজারমূল্য বিশ্লেষণে দেখা গেছে, রোসিনিওলের নারীদের স্কি জ্যাকেটের দাম প্রায় ২৮০ থেকে ৫৮০ পাউন্ড (৪ লাখ ৯০ হাজার থেকে ১০ লাখ ২০ হাজার দক্ষিণ কোরীয় ওন) এবং সালোমনের প্যান্টের দাম ১৬০ থেকে ৭০০ মার্কিন ডলারের মধ্যে। অন্যদিকে, সুইস ব্র্যান্ড স্টকলির স্কিগুলোর দাম ১ হাজার ১০০ ডলারেরও বেশি। সব মিলিয়ে ১৩ বছর বয়সী কিম জু আয়ের এই স্কি পোশাক ও সরঞ্জামের দাম সাধারণ উত্তর কোরীয় নাগরিকদের পুরো বছরের আয়ের চেয়েও অনেক বেশি।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কিশোরী কন্যা কিম জু আয়ের পরা স্কি পোশাকের আকাশছোঁয়া দাম নিয়ে আন্তর্জাতিক ও দক্ষিণ কোরীয় গণমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। সম্প্রতি চীন সীমান্তের কাছে মাউন্ট পেকতুর পাদদেশে সামজিয়ন সিটি পর্যটন অঞ্চল পরিদর্শনে গিয়ে বাবার সঙ্গে স্কি করার সময় তার এই বিলাসবহুল পোশাক নজর কাড়ে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রকাশিত ছবিতে কিম জু আয়ের পোশাকের লোগো বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা ধারণা করছেন, তিনি ইউরোপীয় নামী ব্র্যান্ডের স্কি সরঞ্জাম ব্যবহার করেছেন। তার সাদা জ্যাকেটের হাতায় থাকা ত্রিভুজাকার লোগো দেখে এটি ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড ‘রোসিনিওল’ (Rossignol) এবং ট্রাউজারে থাকা ‘এস’ (S) চিহ্ন দেখে সেটি ‘সালোমন’ (Salomon) ব্র্যান্ডের বলে মনে করা হচ্ছে। এছাড়া তার হাতে থাকা স্কি ও পোলগুলো সুইস ব্র্যান্ড ‘স্টকলি’র (Stockli) বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, উত্তর কোরিয়ার নাগরিকদের গড় বাৎসরিক আয় দক্ষিণ কোরিয়ার নাগরিকদের আয়ের মাত্র ৪ শতাংশ। সাম্প্রতিক এক হিসাবে দেখা গেছে, উত্তর কোরিয়ায় গড় বেতন মাত্র ১১০ মার্কিন ডলার (প্রায় ১ লাখ ওন)। দেশের সাধারণ মানুষের এমন অর্থনৈতিক দৈন্যদশার বিপরীতে শাসক পরিবারের এই বিলাসবহুল জীবনযাপন নিয়ে তাই নতুন করে প্রশ্ন উঠেছে।

গত রোববার ও সোমবার সামজিয়ন সিটি পর্যটন অঞ্চলের নির্মাণকাজ পরিদর্শনকালে বাবার সঙ্গে ছিলেন জু আয়ে। সেখানে কিম জং উন বলেন, বিপ্লবের এই পবিত্র স্থানে নির্মিত প্রতিটি স্থাপনা, তা আকারে যত ছোটই হোক না কেন, আমাদের জাতির এক অনন্য ও ঐতিহাসিক সৃষ্টি।

২০২২ সালে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুষ্ঠানে বাবার হাত ধরে প্রথমবারের মতো জনসম্মুখে আসেন কিম জু আয়ে। এরপর থেকে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার নিয়মিত উপস্থিতি দেখে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ধারণা করছে, কিম জং উন তাকেই পরবর্তী উত্তরসূরি হিসেবে গড়ে তুলছেন। উল্লেখ্য, সুইজারল্যান্ডের বার্নের একটি আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করার সুবাদে কিম জং উন নিজেও ছোটবেলা থেকেই স্কিইংয়ে বেশ পারদর্শী। সূত্র: দ্য কোরিয়া হেরাল্ড।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার