Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যেখানে আজও পাহাড়ি পরীদের প্রতি বিশ্বাস রাখে মানুষ!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

যেখানে আজও পাহাড়ি পরীদের প্রতি বিশ্বাস রাখে মানুষ!

বিজ্ঞাপন

বরফে ঢাকা সুউচ্চ পাহাড়, হিমবাহের স্বচ্ছ জলধারা, পাহাড়ের ঢালে ফুটে থাকা চেরি ফুল আর চারপাশে ভেড়ার পাল। আধুনিক জীবনের কোলাহল থেকে বহু দূরে পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলে রয়েছে এমনই এক দুর্গম উপত্যকা ইশকোমান। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই উপত্যকার বিশেষ আকর্ষণ স্থানীয় এক নারী, যিনি পাহাড়ি পরীদের সঙ্গে যোগাযোগ করে মানুষের ভবিষ্যৎ বলতে পারেন বলে বিশ্বাস স্থানীয়দের।

৬৫০ কিলোমিটার মোটরসাইকেল যাত্রা

ইশকোমানে পৌঁছতে এক পর্যটক পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ৬৫০ কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে যান। তিন দিনের দীর্ঘ যাত্রায় তাকে পাড়ি দিতে হয় বিখ্যাত কারাকোরাম মহাসড়ক। পথে দেখা মেলে তুষারাবৃত পর্বতশৃঙ্গ, সিন্ধু নদ এবং পাহাড়ের গা ঘেঁষে তৈরি আঁকাবাঁকা সড়কের। শেষ পর্যন্ত তার গন্তব্য হয় চাতোরখান্দের ‘কোয়োট ডেন ইশকোমান হোস্টেল’।

ভেড়ার সঙ্গে ঘোরাঘুরি, পাহাড়ি আতিথেয়তা

পর্যটক, মোটরসাইকেল আরোহী ও প্রকৃতিপ্রেমীদের জন্য তৈরি এই হোস্টেলে সময় কাটানোর অভিজ্ঞতাও বেশ আলাদা। ভেড়ার পালের সঙ্গে পাহাড়ে ঘুরে বেড়ানো, নদীর ধারে হাঁটাহাঁটি, স্থানীয় ফল সংগ্রহ এবং পাহাড়ি দুধ-চা পান—সব মিলিয়ে এখানে ছুটে আসেন নিরিবিলি সময় কাটাতে চাওয়া মানুষ।

হোস্টেলের মালিক সানা মারওয়াত ও অ্যালেক্স রেনল্ডস। স্থানীয় পাইন ও পপলার গাছের কাঠ এবং নদী থেকে সংগ্রহ করা পাথর দিয়ে তৈরি হয়েছে এখানকার ছোট ছোট কটেজ। চাইলে পর্যটকেরা কয়েক দিনের পাহাড়ি ট্রেকিংয়েও যেতে পারেন। নালতার থেকে ইশকোমান পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটারের একটি পথ রয়েছে, যেখানে ৪ হাজার ৭০০ মিটার উঁচু পাকোরা পাস অতিক্রম করতে হয়।

পরীদের সঙ্গে যোগাযোগ করেন যে নারী!

ইশকোমানের সবচেয়ে রহস্যময় আকর্ষণ স্থানীয় নারী রশিদা। তিনি একজন শামান বা আধ্যাত্মিক সাধক হিসেবে পরিচিত। স্থানীয়দের বিশ্বাস, পাহাড়ি পরীদের সঙ্গে যোগাযোগ করে তিনি মানুষের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারেন।

স্থানীয় চিত্রালি লোককথায় ‘পেরি’ নামে পরিচিত এসব পরীকে ডানাযুক্ত অলৌকিক সত্তা হিসেবে কল্পনা করা হয়। বিশ্বাস করা হয়, তারা মানবজগৎ ও ঐশ্বরিক জগতের মধ্যবর্তী এক রহস্যময় জগতে বসবাস করে। সময়ের সঙ্গে এই ঐতিহ্যের চর্চা কমে গেলেও ইশকোমানে এখনো তা টিকে আছে।

হোস্টেলের সহযোগিতায় রশিদার বাড়িতে যান ওই পর্যটক। মাটির দেয়ালের ছোট ঘরে আয়নার দিকে তাকিয়ে রশিদা তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুতি নেন। ভাষাগত ব্যবধানের কারণে অনুবাদকের সাহায্য নিতে হয়। পর্যটক জানতে চান, ভবিষ্যতে কোথায় থিতু হবেন, পেশা পরিবর্তন করা উচিত কি না এবং স্বামীর সঙ্গে কখনো বিচ্ছেদ হবে কি না। রশিদার দেওয়া উত্তর অনুযায়ী, তার ভবিষ্যৎ ঠিকানা নিউজিল্যান্ড, পেশা পরিবর্তনের প্রয়োজন নেই এবং দাম্পত্য জীবনেও বিচ্ছেদের আশঙ্কা নেই।

নারীদের কর্মসংস্থানেও উদ্যোগ

প্রকৃতির পাশাপাশি স্থানীয় সমাজের উন্নয়নেও ভূমিকা রাখছে হোস্টেলটি। এর প্রায় অর্ধেক কর্মী নারী। অ্যালেক্স রেনল্ডস জানান, নারীদের পরিবারের দায়িত্ব পালনের সুবিধার্থে নমনীয় কর্মঘণ্টা রাখা হয়েছে। সূর্যাস্তের পর তাদের কাজ করতে হয় না, বিশেষ প্রয়োজন ছাড়া।

কখন যাবেন ইশকোমানে?

ইশকোমানে ভ্রমণের উপযুক্ত সময় এপ্রিল থেকে অক্টোবর। গিলগিট পর্যন্ত বিমানে গিয়ে সেখান থেকে প্রায় চার ঘণ্টার গাড়ি যাত্রায় চাতোরখান্দে পৌঁছানো যায়। তবে কারাকোরাম মহাসড়ক ধরে সড়কপথের দীর্ঘ যাত্রাও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ।

ইশকোমানে গিয়ে ওই পর্যটকের উপলব্ধি, ভ্রমণ মানেই শুধু নতুন জায়গা দেখা নয়; কখনো কখনো পৃথিবীর কোলাহল থেকে দূরে গিয়ে নিজের সঙ্গে সময় কাটানোই সবচেয়ে বড় প্রাপ্তি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার