বিজ্ঞাপন
দক্ষ কর্মী নিতে চায় কানাডা, যেভাবে আবেদন করতে পারবেন বাংলাদেশিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম
বিজ্ঞাপন
কানাডায় আবাসন নির্মাণ, অবকাঠামো উন্নয়ন ও শ্রমবাজারের চাহিদা পূরণে বিদেশ থেকে দক্ষ কারিগরি কর্মী আকর্ষণের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। কাঠমিস্ত্রি, প্লাম্বার ও মেশিনিস্টদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (IRCC) জানিয়েছে, সংশ্লিষ্ট পেশায় প্রশিক্ষণ, স্বীকৃত যোগ্যতা ও বাস্তব কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন বিদেশিরা দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজের জন্য বিদ্যমান অভিবাসন পথগুলো বিবেচনা করতে পারেন।
সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, কানাডার আবাসন নির্মাণ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে। এ কারণে কাঠমিস্ত্রি, পানির পাইপ ও স্যানিটেশন ব্যবস্থার কারিগর এবং শিল্পকারখানায় বিভিন্ন যন্ত্র পরিচালনা ও তৈরিতে দক্ষ কর্মীদের প্রতি আগ্রহ দেখাচ্ছে দেশটি। তবে শুধু এই তিনটি পেশাতেই সুযোগ সীমাবদ্ধ নয়। কানাডার ২০২৬ সালের এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থার কারিগরি পেশার তালিকায় মোট ২৫টি পেশা রয়েছে। এর মধ্যে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, গ্যাস ফিটার, ইটের কাজের কারিগর, ক্যাবিনেট নির্মাতা, ভারী যন্ত্রপাতির মেকানিক, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের কারিগর, ছাদ নির্মাণকর্মী এবং মাংস প্রক্রিয়াজাতকরণ পেশার কর্মীরাও রয়েছেন।
কানাডায় স্থায়ীভাবে বসবাসের একটি গুরুত্বপূর্ণ পথ হলো এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থার অধীনে কারিগরি পেশাভিত্তিক নির্বাচন। এ ব্যবস্থায় গত তিন বছরের মধ্যে তালিকাভুক্ত কোনো একটি পেশায় অন্তত ১২ মাসের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হয়। সমপরিমাণ খণ্ডকালীন অভিজ্ঞতাও গ্রহণযোগ্য। অভিজ্ঞতা কানাডার ভেতরে অথবা অন্য কোনো দেশে অর্জিত হতে পারে। তবে শুধু এই অভিজ্ঞতা থাকলেই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যায় না। আবেদনকারীকে এক্সপ্রেস এন্ট্রির আওতাভুক্ত ফেডারেল স্কিলড ওয়ার্কার, ফেডারেল স্কিলড ট্রেডস অথবা কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসের অন্তত একটি কর্মসূচির প্রাথমিক যোগ্যতা পূরণ করতে হবে। এরপর প্রার্থীদের Comprehensive Ranking System (CRS) স্কোর অনুযায়ী মূল্যায়ন করে আবেদন করার আমন্ত্রণ জানানো হয়।
এ ছাড়া ফেডারেল স্কিলড ট্রেডস প্রোগ্রামের মাধ্যমেও স্থায়ী বসবাসের আবেদন করা যায়। এ ক্ষেত্রে গত পাঁচ বছরের মধ্যে সংশ্লিষ্ট কারিগরি পেশায় অন্তত দুই বছরের পূর্ণকালীন বা সমপরিমাণ কাজের অভিজ্ঞতা প্রয়োজন। পাশাপাশি কানাডার কোনো নিয়োগকর্তার কাছ থেকে অন্তত এক বছরের পূর্ণকালীন চাকরির প্রস্তাব অথবা কানাডার প্রাদেশিক, আঞ্চলিক কিংবা কেন্দ্রীয় কর্তৃপক্ষের দেওয়া সংশ্লিষ্ট পেশার যোগ্যতার সনদ থাকতে হবে। ইংরেজি অথবা ফরাসি ভাষার অনুমোদিত পরীক্ষায় নির্ধারিত মান অর্জন এবং অন্যান্য অভিবাসন শর্তও পূরণ করতে হবে।
আগ্রহী বাংলাদেশিসহ বিদেশি প্রার্থীদের প্রথমে কানাডার সরকারি অভিবাসন ওয়েবসাইটে নিজেদের পেশার National Occupational Classification (NOC) কোড যাচাই করতে হবে। এরপর সংশ্লিষ্ট কর্মসূচির যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা ও শিক্ষাগত সনদের প্রয়োজনীয়তা দেখতে হবে। বিদেশি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রয়োজনে Educational Credential Assessment (ECA) করাতে হতে পারে। সব শর্ত পূরণ করলে IRCC-এর অনলাইন হিসাবে Express Entry প্রোফাইল তৈরি করতে হবে। আবেদন করার আমন্ত্রণ পেলে স্থায়ী বসবাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সুযোগ পাওয়া যায়। আমন্ত্রণ পাওয়ার পর সাধারণত ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হয়।
তবে কারিগরি পেশায় কাজের অভিজ্ঞতা থাকলেই কানাডায় সরাসরি চাকরি বা স্থায়ী বসবাস নিশ্চিত হয় না। দেশটির বিভিন্ন প্রদেশে কিছু পেশার জন্য আলাদা লাইসেন্স, দক্ষতা যাচাই বা সনদ প্রয়োজন হতে পারে। এ ছাড়া প্রদেশভিত্তিক মনোনয়ন কর্মসূচি এবং আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মতো বিকল্প পথও রয়েছে। তাই আবেদন করার আগে কানাডা সরকারের সরকারি ওয়েবসাইটে যোগ্যতা ও সর্বশেষ নির্দেশনা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
সংবাদসূত্র: Immigration, Refugees and Citizenship Canada (IRCC), Government of Canada