বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়, আকাশপথের পর ব্যাংকিং খাতে বিভ্রাটে ভোগান্তিতে লাখো গ্রাহক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে একের পর এক গুরুত্বপূর্ণ সেবায় প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই এবার দেশটির একাধিক বড় ব্যাংকের অনলাইন সেবায় নেটওয়ার্ক বিভ্রাটের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৬ নভেম্বর) জেপিমরগ্যান চেজ, ব্যাংক অব আমেরিকা, ওয়েলস ফার্গো, ইউএস ব্যাংকসহ বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকেরা অনলাইন ব্যাংকিং ব্যবহারে সমস্যার কথা জানান। এতে অ্যাকাউন্টে লগইন, অর্থ স্থানান্তর এবং ডিজিটাল লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা।
যুক্তরাষ্ট্রের অনলাইন সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টর (Downdetector)-এর তথ্য অনুযায়ী, সোমবার দুপুরের পর থেকে বিভিন্ন ব্যাংকের সেবা নিয়ে ব্যবহারকারীদের অভিযোগ দ্রুত বাড়তে থাকে। চেজ ব্যাংকের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ে। পাশাপাশি ব্যাংক অব আমেরিকা, ইউএস ব্যাংক, ওয়েলস ফার্গো, ট্রুইস্ট, ক্যাপিটাল ওয়ান এবং পিএনসি ব্যাংকের সেবা নিয়েও সমস্যার কথা জানান ব্যবহারকারীরা। অভিযোগের মধ্যে ছিল অনলাইন অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারা, ব্যালেন্স দেখতে সমস্যা এবং অর্থ স্থানান্তরে বিলম্ব। তবে ডাউনডিটেক্টরের এই সংখ্যা ব্যবহারকারীদের জমা দেওয়া অভিযোগের হিসাব; প্রকৃত ক্ষতিগ্রস্ত গ্রাহকের সংখ্যা নয়।
চেজ ব্যাংকের একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের সেবায় দেখা দেওয়া সমস্যাটি একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে, সাইবার হামলার কারণে নয়। কিছু লেনদেন সম্পন্ন হতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগলেও গ্রাহকেরা নিজেদের অ্যাকাউন্ট ও অর্থ ব্যবহারের সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছে ব্যাংকটি। দ্রুত সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে ইউএস ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের নিজস্ব ব্যবস্থায় সরাসরি কোনো সমস্যা দেখা দেয়নি। তবে অন্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে জেল ব্যবহার করে অর্থ পাঠানো বা গ্রহণের ক্ষেত্রে কিছু গ্রাহক লেনদেনে বিলম্বের মুখে পড়তে পারেন। ফলে সব ব্যাংকের নিজস্ব নেটওয়ার্ক একইভাবে অচল হয়ে পড়েছে, এমন তথ্য এখনো নিশ্চিত নয়।
ব্যাংকিং খাতের এই বিভ্রাটের কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। গত শুক্রবার (১৩ নভেম্বর) ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) যোগাযোগ নেটওয়ার্কে প্রযুক্তিগত অস্থিতিশীলতার কারণে দেশজুড়ে বাণিজ্যিক ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এফএএর তথ্য অনুযায়ী, ওই দিন প্রায় ১২ হাজার ৪৬২টি ফ্লাইট বাতিল হয়। সংস্থাটির ২২টি এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারের মধ্যে ১৭টিতে নেটওয়ার্কের অস্থিতিশীলতা দেখা দিয়েছিল। পরে শুক্রবার রাতেই ব্যবস্থা সচল হলেও ফ্লাইট বাতিল ও বিলম্বের প্রভাব কাটতে সময় লাগে।
এদিকে সোমবার ইউনাইটেড এয়ারলাইনসের নিজস্ব প্রযুক্তিগত ব্যবস্থায়ও বিভ্রাট দেখা দেয়। উড়োজাহাজের ওজন ও ভারসাম্যসংক্রান্ত তথ্য সরবরাহে ব্যবহৃত ব্যবস্থায় সমস্যার কারণে কিছু ফ্লাইটের উড্ডয়ন বিলম্বিত হয়। প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট পর সমস্যাটি সমাধান করা হয়েছে বলে জানায় এয়ারলাইনসটি।
পরপর এসব ঘটনার পর যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেবাগুলোর প্রযুক্তিনির্ভর অবকাঠামোর নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে বিমান চলাচল ও ব্যাংকিং খাতের এসব ঘটনার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে, এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি।