Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

উৎক্ষেপণের ১০ মিনিটেই বিপর্যয়, অ্যামাজনের ৪০টি স্যাটেলাইট হারাল মহাকাশে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৫ এএম

উৎক্ষেপণের ১০ মিনিটেই বিপর্যয়, অ্যামাজনের ৪০টি স্যাটেলাইট হারাল মহাকাশে

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা ও বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণ কর্মসূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। অ্যামাজনের ৪০টি ইন্টারনেট স্যাটেলাইট নিয়ে মহাকাশে যাত্রা করা ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের ভলকান রকেট উৎক্ষেপণের প্রায় ১০ মিনিটের মাথায় যান্ত্রিক সমস্যার মুখে পড়ে। ফলে নির্ধারিত কক্ষপথে স্যাটেলাইটগুলো পৌঁছাতে পারেনি।

১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল মহাকাশঘাঁটি থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করে প্রায় ২১৪ ফুট উচ্চতার রকেটটি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই এতে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। উৎক্ষেপণের প্রায় ৫০ মিনিট পর পাওয়া উড্ডয়নসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স জানায়, রকেটটি নির্ধারিত কক্ষপথে অ্যামাজনের স্যাটেলাইট পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে।

রকেটটির প্রথম পর্যায়ে ছয়টি শক্তিশালী কঠিন জ্বালানিচালিত সহায়ক ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল। উৎক্ষেপণের প্রায় এক মিনিট ৪০ সেকেন্ড পর এগুলো মূল রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর মূল ইঞ্জিনের মাধ্যমে উড্ডয়ন অব্যাহত থাকে। পরবর্তী সময়ে রকেটের প্রথম ধাপ থেকে সেন্টর-৫ নামের ওপরের ধাপটি আলাদা হওয়ার পর সেখানে সমস্যা দেখা দিয়েছে বলে প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কোন যন্ত্রাংশের ত্রুটিতে অভিযান ব্যর্থ হয়েছে, তা এখনো নিশ্চিত করা হয়নি।

ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স জানিয়েছে, তারা অ্যামাজন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে ঘটনার কারণ অনুসন্ধান করবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন করে ভবিষ্যৎ উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়া হবে।

হারিয়ে যাওয়া ৪০টি স্যাটেলাইট ছিল অ্যামাজনের লিও নামের মহাকাশভিত্তিক ইন্টারনেট প্রকল্পের অংশ। প্রকল্পটির আগের নাম ছিল প্রজেক্ট কুইপার। পৃথিবীর নিম্ন কক্ষপথে তিন হাজার ২০০টির বেশি স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এই নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে অ্যামাজন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল, দুর্গম এলাকা এবং প্রচলিত ব্রডব্যান্ড সংযোগের বাইরে থাকা মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি।

এই প্রকল্পের মাধ্যমে ইলন মাস্কের পরিচালিত স্টারলিংক ইন্টারনেট সেবার সঙ্গে প্রতিযোগিতায় নামতে চায় অ্যামাজন। ইতোমধ্যে বিভিন্ন রকেটের মাধ্যমে কয়েক শ স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ৪০টি স্যাটেলাইট যুক্ত হলে প্রকল্পটির অগ্রগতি আরও বাড়ত। কিন্তু এই ব্যর্থতার কারণে স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনায় নতুন করে সময় ও অর্থ ব্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

২০০৬ সালে বোয়িং ও লকহিড মার্টিনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স। প্রতিষ্ঠানটির ভলকান রকেট এর আগে চারটি অভিযান সম্পন্ন করেছিল। আগের কয়েকটি অভিযানে রকেটের সহায়ক ইঞ্জিনের অগ্রভাগে সমস্যার বিষয় সামনে এসেছিল। এসব ত্রুটি সমাধানে দীর্ঘ সময় কাজ করার পর প্রায় নয় মাস বিরতি দিয়ে ১৫ নভেম্বর আবারও রকেটটি উৎক্ষেপণ করা হয়। কিন্তু প্রত্যাবর্তনের এই অভিযানেই নতুন বিপর্যয়ের মুখে পড়ল রকেটটি।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান তদন্ত ও প্রয়োজনীয় সংশোধনমূলক কার্যক্রমে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।এই ব্যর্থতার কারণে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের পরবর্তী রকেট উৎক্ষেপণ এবং অ্যামাজনের স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনায় বিলম্ব হতে পারে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী উৎক্ষেপণের সময়সূচি নিয়েও অনিশ্চয়তা থাকবে। সূত্র: রয়টার্স, সিবিএস নিউজ, স্পেসফ্লাইট নাউ, ইউপিআই ও স্পেস ডটকম।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার