বিজ্ঞাপন
নিউইয়র্কে না গিয়েই পাসপোর্ট-এনআইডি সেবা, বস্টনে প্রবাসী বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত দুই দিনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা কার্যক্রম বিপুল উৎসাহ ও ব্যাপক সাড়ার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৪ ও ১৫ নভেম্বর নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের (বেইন) সার্বিক সহযোগিতায় বস্টনে এই সেবার আয়োজন করা হয়।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট নবায়ন, নো ভিসা রিকোয়ার্ডসহ (এনভিআর) নানা জরুরি সেবা সহজে নিজ শহরে পাওয়ার সুবিধার্থে প্রবাসীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। এই বিপুল উপস্থিতি নিউ ইংল্যান্ড অঞ্চলে বাংলাদেশ সরকারের কনস্যুলার সেবার ব্যাপক চাহিদাকেই নতুন করে সামনে এনেছে।
প্রথম দিনের কনস্যুলার সেবা অনুষ্ঠিত হয় মেডফোর্ডের ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ড (ICCM) প্রাঙ্গণে। সকাল থেকেই দূরদূরান্ত থেকে প্রবাসীরা কাঙ্ক্ষিত সেবা পেতে জড়ো হতে থাকেন। পরদিন ১৫ নভেম্বর লিন শহরের ইসলামিক সোসাইটি অব নর্থ শোর (ISNS) প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় দিনের কার্যক্রম চলে।
উভয় দিনেই সেবাগ্রহীতাদের সামলাতে এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে বেইনের স্বেচ্ছাসেবক ও আয়োজকদের দিনভর নিরলস পরিশ্রম করতে হয়। বেইনের পক্ষ থেকে জানানো হয়েছে, তীব্র ভিড় ও ব্যস্ততার মাঝেও সবার সম্মিলিত প্রচেষ্টায় পুরো কার্যক্রমটি অত্যন্ত সুন্দর ও স্মরণীয়ভাবে সম্পন্ন হয়েছে।
ম্যাসাচুসেটসসহ নিউ ইংল্যান্ড অঞ্চলের প্রবাসীদের যেকোনো কনস্যুলার সেবার জন্য সাধারণত নিউইয়র্কে যাতায়াত করতে হয়, যা চরম সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এমন বাস্তবতায় হাতের নাগালে ভ্রাম্যমাণ এই সেবা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসীরা। এই মহতী উদ্যোগের জন্য নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, স্থানীয় আয়োজক প্রতিষ্ঠান এবং নিরলসভাবে কাজ করা স্বেচ্ছাসেবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে বেইনের বর্তমান নির্বাহী কমিটি।
প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতার প্রশংসা করে বেইন তাদের বার্তায় উল্লেখ করেছে, "একসঙ্গে আমরা সেবা করি, একসঙ্গে আমরা একতাবদ্ধ, একসঙ্গেই আমরা অধিকতর শক্তিশালী।" প্রবাসীদের এই বিপুল উপস্থিতি প্রমাণ করে, নিউ ইংল্যান্ড অঞ্চলে এ ধরনের কনস্যুলার সেবা নিয়মিত আয়োজন করা এখন সময়ের অন্যতম প্রধান দাবি।