বিজ্ঞাপন
ব্যাটারিচালিত যাত্রীবাহী বাণিজ্যিক বিমান আনল চীন, এক চার্জে পাড়ি দেবে ৪০০ কিলোমিটার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২১ এএম
বিজ্ঞাপন
জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব আকাশপথের যুগে নতুন এক মাইলফলক স্পর্শ করল চীন। দেশটির প্রকৌশলীরা সম্পূর্ণ ব্যাটারিচালিত একটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান সফলভাবে তৈরি করেছেন, যার নাম দেওয়া হয়েছে 'সিই-২৫এ' (CE-25A)।
এই অত্যাধুনিক বিমানটি একবার পূর্ণ চার্জে প্রায় ৪০০ কিলোমিটার আকাশপথ পাড়ি দিতে সক্ষম। গত শনিবার (১৪ নভেম্বর) চীনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে পাইলটসহ বিমানটির প্রথম সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়। ঐতিহাসিক এই যাত্রায় মূল পাইলটদের পাশাপাশি একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ারও অংশ নিয়েছিলেন।
আধুনিক এই বিমানটি যৌথভাবে নির্মাণ করেছে চীনের রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (COMAC), বিশ্বের শীর্ষ ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল (CATL) এবং সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়। মূলত কাছাকাছি শহরগুলোর মধ্যে স্বল্প দূরত্বের আন্তঃনগর বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার কথা মাথায় রেখেই বিমানটির নকশা করা হয়েছে।
দশ টন সর্বোচ্চ উড্ডয়নকালীন ওজনের এই উড়োজাহাজে একসঙ্গে ১৯ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। বিমানটির ক্রুজ গতিবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটার এবং এটি ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবারের এই ঐতিহাসিক উড্ডয়নের আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে চালকবিহীন অবস্থায় ১৯টি স্বয়ংক্রিয় পরীক্ষামূলক ফ্লাইট সফলভাবে সম্পন্ন করেছিল সিই-২৫এ। প্রাথমিক সব পরীক্ষা সফলভাবে শেষ হওয়ায় এখন বিমানটিকে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের উপযোগী ঘোষণা বা 'টাইপ সার্টিফিকেশন' অনুমোদনের জন্য চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (CAAC) কাছে আবেদন করা হয়েছে।
কর্তৃপক্ষ ইতোমধ্যে আবেদনটি গ্রহণ করে পর্যালোচনা শুরু করেছে। সবুজ জ্বালানি বা গ্রিন এভিয়েশনের দৌড়ে চীনের এই যুগান্তকারী উদ্ভাবন বৈশ্বিক বিমান চলাচল খাতে নতুন প্রতিযোগিতার সূচনা করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।