বিজ্ঞাপন
তামার তার পরিবর্তন! যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বিপর্যয়ের কারণ জানালেন পরিবহন সচিব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে আকস্মিক বিমান চলাচল স্থগিত বা গ্রাউন্ড স্টপ হওয়ার মূল কারণ হিসেবে অত্যন্ত পুরনো কপার ওয়্যার (তামার তার) থেকে ফাইবার অপটিক্সে রূপান্তরের কাজকে দায়ী করেছেন দেশটির পরিবহন সচিব শন ডাফি। ঠিকাদার প্রতিষ্ঠান ‘এলথ্রি হ্যারিস’-এর রক্ষণাবেক্ষণ কাজের ত্রুটির ফলে এই নজিরবিহীন বিপর্যয় ঘটে বলে জানান তিনি।
সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পরিবহন সচিব জানান, আমেরিকার টেলিকমিউনিকেশন ব্যবস্থা অত্যন্ত পুরনো। ঠিকাদার প্রতিষ্ঠান এলথ্রি হ্যারিসের কর্মীরা কপার ওয়্যার বদলে ফাইবার অপটিক নেটওয়ার্ক চালুর জন্য রুটিন রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন।
এ সময় কাজ চলাকালীন একটি রাউটার অন্যান্য এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে অতিরিক্ত ডেটা বা সংযোগের অস্বাভাবিক চাপ তৈরি করে, যার ফলে বিমানের সাথে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার কথা বিবেচনা করেই সরকার তখন আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখার কঠিন সিদ্ধান্ত নেয়।
দিনের বেলায় কেন এই গুরুত্বপূর্ণ আপগ্রেডের কাজ করা হলো—এমন প্রশ্নের জবাবে ডাফি বলেন, একটি নিরাপদ ও আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে এই আপগ্রেডগুলো করা অপরিহার্য। দূরবর্তী বা রিমোট এলাকায় কাজটি হওয়ায় এর প্রভাব যে এতটা সুদূরপ্রসারী হবে, তা আগে অনুমান করা যায়নি। সাধারণত বড় বিমানবন্দর ও ফ্যাসিলিটিগুলোতে এ ধরনের পরিবর্তন বা কাজ রাতের বেলায় সম্পন্ন করা হয়।
এই গোলযোগের পেছনে ঠিকাদার প্রতিষ্ঠান এলথ্রি হ্যারিসের কোনো ধরনের ‘অদক্ষতা’ বা কোনো ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ দায়ী কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছে সরকার। তবে যতদিন পর্যন্ত নতুন অবকাঠামো তৈরি না হচ্ছে, বর্তমান নেটওয়ার্কের সুবাদে সরকারকে এই লেগ্যাসি ঠিকাদার প্রতিষ্ঠানের ওপরই নির্ভর করে থাকতে হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত এলথ্রি হ্যারিসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: বিবিসি।