Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

তাপমাত্রা শূন্যের নিচে নামলেই মিলবে বাড়তি ২৫ পাউন্ড ভাতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৫ এএম

তাপমাত্রা শূন্যের নিচে নামলেই মিলবে বাড়তি ২৫ পাউন্ড ভাতা

বিজ্ঞাপন

যুক্তরাজ্যে তীব্র শীত শুরু হওয়ায় নিম্ন আয়ের পরিবারগুলোকে প্রতি সপ্তাহে ২৫ পাউন্ড করে কোল্ড ওয়েদার পেমেন্ট দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

চলতি সপ্তাহান্তে দেশটির তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, ১ নভেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে কোনো এলাকায় টানা সাত দিন তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে থাকলে যোগ্য ব্যক্তিরা এই অর্থ পাবেন।

ইতিমধ্যে দেশের উত্তর-পশ্চিম ও ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলে শীতজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। বয়স্ক ও অসুস্থ প্রতিবেশীদের নিয়মিত খোঁজখবর নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস জানিয়েছে, পেনশন ক্রেডিট, ইনকাম সাপোর্ট ও ইউনিভার্সাল ক্রেডিটের মতো নির্দিষ্ট কিছু সরকারি ভাতা পাওয়া ব্যক্তিরা স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধা পাবেন।

প্রতিটি সাত দিনের তীব্র শীতের মেয়াদ শেষ হওয়ার ১৪ কার্যদিবসের মধ্যে উপকারভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ পৌঁছে যাবে। তবে কেয়ার হোমে বসবাসকারীরা সাধারণত এই ভাতার আওতায় পড়বেন না এবং স্কটল্যান্ডের বাসিন্দারা এর বদলে এককালীন ৬২ পাউন্ডের উইন্টার হিটিং পেমেন্ট পেতে পারেন।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার দক্ষিণ ওয়েলসে মৌসুমের সর্বনিম্ন মাইনাস ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং শুক্রবার দেশজুড়ে প্রথমবারের মতো তুষারপাত দেখা গেছে। এর প্রেক্ষিতে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত হলুদ স্বাস্থ্য সতর্কতা জারি করেছে।

ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির জনস্বাস্থ্য পরামর্শক ডক্টর আনিয়া গোপফার্ট জানিয়েছেন, এটি শীতের প্রথম সতর্কতা হলেও সামনে এমন পরিস্থিতি আরও বাড়তে পারে।

তিনি সতর্ক করে বলেন, তীব্র ঠান্ডা ৬৫ বছরের বেশি বয়সী মানুষ এবং আগে থেকে অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে, তাই ঝুঁকিতে থাকা স্বজন ও প্রতিবেশীদের প্রতি বিশেষ খেয়াল রাখা জরুরি।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। কোনো যোগ্য ব্যক্তি নির্ধারিত সময়ে ভাতার অর্থ না পেলে পেনশন সার্ভিস অথবা জবসেন্টার প্লাসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার