বিজ্ঞাপন
খাবার আর জরুরি সামগ্রী মজুতের হিড়িক যুক্তরাজ্যে, নিছক আতঙ্ক, নাকি বাস্তব প্রয়োজন?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৯ এএম
বিজ্ঞাপন
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যেকোনো সংকট মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখতে যুক্তরাজ্যে শুরু হয়েছে বহুল আলোচিত নাগরিক সচেতনতামূলক ক্যাম্পেইন ‘বি রেডি’ (Be Ready)। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে ইংল্যান্ড ও ওয়েলসের সাধারণ মানুষ সুপারমার্কেটগুলোতে টিনজাত খাবার, হ্যান্ড-ক্র্যাঙ্ক রেডিও, টর্চলাইট এবং পাওয়ার ব্যাংক কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন—এই প্রস্তুতি কি শুধুই আতঙ্ক, নাকি সময়ের বাস্তব প্রয়োজন?
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ও এই ক্যাম্পেইনের অন্যতম প্রধান মুখ ওয়েস স্ট্রিটিং (Wes Streeting) জানিয়েছেন, সরকারের মূল উদ্দেশ্য জনগণকে আতঙ্কিত করা নয়, বরং তাদের সতর্ক ও প্রস্তুত রাখা। ইউরোপীয় কমিশনের ‘প্রিপেয়ার্ডনেস ইউনিয়ন স্ট্র্যাটেজি’-এর আদলে এবং সুইডেন, ফিনল্যান্ড ও পোল্যান্ডের মতো ইউরোপীয় দেশগুলোর সংকটকালীন প্রস্তুতির অনুকরণে যুক্তরাজ্যে নাগরিকদের অন্তত ৭২ ঘণ্টা নিজেদের একক প্রচেষ্টায় চলার সক্ষমতা অর্জনের ওপর জোর দেওয়া হচ্ছে।
এই ক্যাম্পেইনের প্রভাবে সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ও ভিড় লক্ষ্য করা গেছে। বিখ্যাত সুপারমার্কেট চেইন ‘আইসল্যান্ড’ জানিয়েছে, ক্যাম্পেইনের প্রথম সপ্তাহান্তেই তাদের টিনজাত পণ্যের বিক্রি প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে টুনা মাছ, টিনজাত মাংস এবং সবজির চাহিদা এক লাফে অনেকখানি বেড়ে গেছে।
তবে এই উদ্যোগের সমালোচনাও কম নয়। প্রায় ১৮০ জনেরও বেশি বিশেষজ্ঞ, একাডেমিশিয়ান এবং কমিউনিটি ফুড লিডার একটি খোলা চিঠিতে সতর্ক করে বলেছেন যে, ব্রিটিশ জনগণের প্রায় ২৯ শতাংশের পক্ষেই তিন দিনের খাবার মজুত করার অর্থনৈতিক সামর্থ্য নেই। তারা সাধারণ মানুষের ব্যক্তিগত প্রস্তুতির ওপর সম্পূর্ণ নির্ভর না করে বরং জাতীয়, আঞ্চলিক ও কমিউনিটি পর্যায়ে খাদ্য মজুত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।
সূত্র: আল-জাজিরা