বিজ্ঞাপন
বাফেলোতে আইসের ধরপাকড়ে বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ এএম
বিজ্ঞাপন
নিউইয়র্ক স্টেটের বাফেলোতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) অভিযান ও ধরপাকড় বেড়ে যাওয়ায় বাংলাদেশি অভিবাসী কমিউনিটিতে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। এক সপ্তাহের ব্যবধানে অন্তত দুই বাংলাদেশিকে কর্মস্থল থেকে আটক করার খবর পাওয়া গেছে।
সর্বশেষ শুক্রবার (৬ নভেম্বর) অ্যামাজন ফ্লেক্সের একটি ওয়্যারহাউস থেকে আটক করা হয় আজহারুল মাকসুদকে। এর আগে আটক হন দেলওয়ার হোসেন নামে আরেক বাংলাদেশি। গত অক্টোবরেও এনামুল হক নামে এক বাংলাদেশিকে আটক করে আইস। স্থানীয় অনুসন্ধানী সংবাদমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত বাফেলো শহরে ৫১৫ জন এবং আপস্টেট নিউইয়র্কের ৪৮টি কাউন্টিতে ২ হাজার ৯০০ জনের বেশি অভিবাসীকে আটক করেছে আইস। স্থানীয় কমিউনিটির হিসাবে, আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত আটক ব্যক্তিদের মধ্যে প্রায় এক ডজন বাংলাদেশি ছিলেন। সাম্প্রতিক আটকের ঘটনায় বিশেষ করে অ্যাসাইলাম আবেদন বিচারাধীন থাকা অভিবাসীদের মধ্যে উদ্বেগ বেড়েছে।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, শুক্রবার বাফেলোর অ্যামাজন ফ্লেক্সের একটি ওয়্যারহাউসে অভিযান চালিয়ে কর্মরত অবস্থায় আজহারুল মাকসুদকে আটক করে নিয়ে যান আইস এজেন্টরা। তবে ওই অভিযান থেকে অন্য কোনো বাংলাদেশি বা অ্যামাজন কর্মীকে আটক করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার আইসের অনলাইন ডিটেইনি লোকেটর সিস্টেমে অনুসন্ধান করে আজহারুল মাকসুদকে বাফেলো প্রসেসিং সেন্টারে রাখা হয়েছে বলে জানা যায়।
আজহারুল মাকসুদ প্রায় পাঁচ বছর ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাফেলোতে বসবাস করছেন। তিনি বিএনপির গ্রেটার বাফেলো শাখার সাংগঠনিক সম্পাদক। তাঁর অভিবাসনসংক্রান্ত একটি মামলা বিচারাধীন ছিল বলে স্থানীয় কমিউনিটি সূত্র জানিয়েছে।
পরিবারের পক্ষ থেকে তাঁর মুক্তির জন্য আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) জামিনের আবেদন করার কথা রয়েছে।
আজহারুল মাকসুদের আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নিউইয়র্ক স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন। তিনি জানিয়েছেন, আজহারুল কয়েক বছর ধরে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাঁর মুক্তির জন্য আইনি উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর আগে দেলওয়ার হোসেন নামে আরেক বাংলাদেশিকে কর্মস্থল থেকে আটক করে আইস। স্থানীয় সূত্র অনুযায়ী, ২০২৩ সালে সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তিনি অ্যাসাইলামের আবেদন করেন। বাফেলোতে একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। তাঁর স্ত্রী ও সন্তানরা বাংলাদেশে বসবাস করেন।
দেলওয়ার হোসেনের অভিবাসন আদালতে মাস্টার হিয়ারিং হওয়ার কথা ছিল। তবে তাঁকে আটকের সুনির্দিষ্ট তারিখ এবং বর্তমানে কোন আইস ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে গত অক্টোবর মাসে বাফেলোর বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ এনামুল হককেও আটক করে নিয়ে যান আইস এজেন্টরা।
স্থানীয় সূত্র জানায়, এনামুল হক ৩০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাঁর বৈধ অভিবাসনসংক্রান্ত কাগজপত্র ছিল না বলে কমিউনিটি সূত্রে জানা গেছে। যুক্তরাষ্ট্রে আসার পর দীর্ঘদিন নিউইয়র্ক সিটিতে বসবাস করেন তিনি। সেখানে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। কয়েক বছর আগে তিনি বাফেলোতে চলে যান।
এদিকে বাফেলোতে অভিবাসন অভিযান বৃদ্ধির তথ্য উঠে এসেছে স্থানীয় অনুসন্ধানী সংবাদমাধ্যম ইনভেস্টিগেটিভ পোস্টের ৩ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনেও। আইসের তথ্য বিশ্লেষণ করে সংবাদমাধ্যমটি জানায়, ২০২৬ সালের শুরু থেকে ৫ আগস্ট পর্যন্ত বাফেলো শহরে ৫১৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে।
একই সময়ে আপস্টেট নিউইয়র্কের ৪৮টি কাউন্টিজুড়ে আইসের হাতে আটক হয়েছেন ২ হাজার ৯০০ জনের বেশি অভিবাসী। তাঁদের অর্ধেকের বেশি আটক হয়েছেন ১ মে থেকে ৫ আগস্টের মধ্যে।
প্রতিবেদন অনুযায়ী, বিস্তৃত ওই অঞ্চলে আটক অভিবাসীদের ৭৫ শতাংশের কোনো অপরাধের রেকর্ড ছিল না। প্রায় অর্ধেকের অভিবাসনসংক্রান্ত মামলা তখনও বিচারাধীন ছিল।
বাফেলোর পাশাপাশি রচেস্টারে প্রায় ৩৫০ জন এবং সিরাকিউজে প্রায় ২০০ জনকে আটক করার তথ্য পাওয়া যায়। এ ছাড়া অ্যালডেন এলাকায় আরও প্রায় ২০০ জনকে আটক করা হয়, যাঁদের অধিকাংশই স্থানীয় কারাগার বা স্টেট প্রিজনে ছিলেন।
আইসের অভিযানের পরিধি শুধু বাফেলো শহরে সীমাবদ্ধ নেই। নায়াগ্রা ফলসসহ আশপাশের এলাকাতেও অভিবাসন আইন প্রয়োগের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
এদিকে ৭ নভেম্বর প্রকাশিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে ৬ নভেম্বর পর্যন্ত তিন দিনে অন্তত ২৩০ জনকে আটকের খবর উল্লেখ করা হয়েছে। তবে ওই সংখ্যা বাফেলো শহরের একক হিসাব নয়। ফলে সেটিকে শহরটির মোট আটকের সংখ্যার সঙ্গে সরাসরি যোগ করা যায় না।
বাফেলোতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যেও সাম্প্রতিক অভিযান নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় কমিউনিটির হিসাবে, বাফেলো ও আশপাশের এলাকায় প্রায় ৫০ হাজার বাংলাদেশি বসবাস করেন। তাঁদের অনেকে গত কয়েক বছরে সেখানে বসতি গড়েছেন।
স্থানীয় কমিউনিটির প্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত বাফেলো এলাকায় আটক অভিবাসীদের মধ্যে প্রায় এক ডজন বাংলাদেশি ছিলেন। এর পরও একাধিক বাংলাদেশিকে আটকের খবর পাওয়া গেছে। তবে ৮ নভেম্বর পর্যন্ত চলতি বছরে মোট কতজন বাংলাদেশি আটক হয়েছেন, তার পূর্ণাঙ্গ সরকারি পরিসংখ্যান পাওয়া যায়নি।
বাফেলোর বাংলাদেশি কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও ব্যবসায়ী ফরিদ খন্দকার জানান, আইসের অভিযান বেড়ে যাওয়ায় বিশেষ করে অ্যাসাইলাম আবেদন বিচারাধীন থাকা অভিবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের আটকের ঘটনায় সেই আতঙ্ক আরও বেড়েছে। এর প্রভাব পড়ছে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান ও কর্মস্থলেও। অনেক কর্মী কাজে যেতে ভয় পাচ্ছেন। ফলে কোনো কোনো প্রতিষ্ঠানে কর্মী সংকট দেখা দিয়েছে।
ফরিদ খন্দকার বলেন, পরিচিত অনেক মানুষকে গত কয়েক মাস ধরে বাফেলোতে দেখা যাচ্ছে না। তাঁদের মধ্যে কয়েকজন আইসের অভিযানে আটকের পর দেশে পাঠিয়ে দেওয়া হয়েছেন বলে তিনি শুনেছেন। আবার অনেকে এখনো আইস ডিটেনশন সেন্টারে রয়েছেন।
তিনি জানান, আটক ব্যক্তিদের অনেকের পরিবার বা নিকটাত্মীয় বাফেলোতে না থাকায় তাঁদের জামিনের ব্যবস্থা করতেও সমস্যা হচ্ছে।
বাফেলো বাংলা সিনিয়র করেসপন্ডেন্ট এমডি ফজলুল করিম জানান, আজহারুল মাকসুদ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ। তাঁর স্ত্রী জামিনে মুক্তির জন্য আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন বলে তিনি জানতে পেরেছেন।
ফজলুল করিম বলেন, সাম্প্রতিক সময়ে বাফেলোতে আরও একাধিক বাংলাদেশিকে আইসের অভিযানে আটকের খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে কয়েকজনের বন্ড হিয়ারিংয়ের আবেদনও নাকচ হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, অ্যাসাইলাম আবেদন কিংবা অন্য কোনো অভিবাসনসংক্রান্ত মামলা বিচারাধীন থাকা অনেক ব্যক্তির বৈধ ওয়ার্ক পারমিট রয়েছে। কিন্তু সাম্প্রতিক ধরপাকড়ের কারণে তাঁদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে।
তিনি বলেন, অনেকে কাজে গেলেও উদ্বেগের কারণে স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না। অভিবাসী পরিবারগুলো প্রতিদিন দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছে।