বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় দক্ষিণ মেক্সিকো থেকে দেড় হাজার অভিবাসীর যাত্রা শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫০ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের রাজনীতিতে নাটকীয় পরিবর্তনের পর এবার মেক্সিকোর দক্ষিণাঞ্চল থেকে প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীর একটি নতুন কাভান (শোভাযাত্রা) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।
চিয়াপাস রাজ্য সরকারের সূত্র ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই কাভানে শিশু, নারীসহ বিভিন্ন বয়সী মানুষ পায়ে হেঁটে এবং ট্রাকে করে মেক্সিকো সিটির দিকে এগোচ্ছেন। মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা এসব অভিবাসীর মূল লক্ষ্য হলো মেক্সিকো সিটিতে পৌঁছে দেশটির সরকারের সহায়তা চাওয়া এবং আইনি সুরক্ষা নিশ্চিত করা।
মধ্য আমেরিকার দেশগুলোর অভিবাসীরা বলছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির উল্লেখযোগ্য সাফল্য এবং অভিবাসন নীতির ক্ষেত্রে সম্ভাব্য নমনীয়তার খবর তাদের মনে নতুন আশার সঞ্চার করেছে। এর আগে মেক্সিকোর তাপাচুলা সীমান্তে হাজার হাজার অভিবাসী মাসের পর মাস আটকা পড়ে ছিলেন। কঠোর মার্কিন প্রবেশ নিষেধাজ্ঞা ও কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করা এসব মানুষ এখন নতুন রাজনৈতিক সমীকরণের ওপর ভরসা করে উত্তর দিকে পা বাড়িয়েছেন।
এদিকে, মার্কিন সীমান্ত নীতি কঠোর করার পক্ষে সোচ্চার রাজনৈতিক মহল এবং মেক্সিকান কর্তৃপক্ষের পক্ষ থেকে এই কাভানগুলো প্রতিরোধের নানা পদক্ষেপ নেওয়া হলেও অভিবাসীদের এই দীর্ঘ পদযাত্রা থামানো যাচ্ছে না। হাজারো প্রতিকূলতা ও দীর্ঘ পথ পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ মাথায় নিয়ে অভিযাত্রীরা যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছানোর স্বপ্ন দেখছেন।সূত্র: আল জাজিরা।