বিজ্ঞাপন
বাড়ির ঋণ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক কী করতে পারে? বাসা কেনার আগে যা জানা জরুরি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার সময় ডাউন পেমেন্ট, মাসিক কিস্তি ও সুদের হার নিয়ে আলোচনা হলেও ঋণ পরিশোধে ব্যর্থ হলে কী ধরনের আইনি ঝুঁকিতে পড়তে পারেন, তা অনেক ক্রেতারই অজানা। বিশেষ করে বাড়ি ফোরক্লোজারের পরও ঋণদাতা ক্রেতার অন্য সম্পত্তি বা ব্যক্তিগত সম্পদের ওপর দাবি করতে পারে কি না, সেটি বাড়ি কেনার আগে জানা জরুরি।
যুক্তরাষ্ট্রে এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি পরিভাষা হলো ‘নন-রিকোর্স’ (Non-Recourse)। প্রচলিত রিকোর্স ঋণব্যবস্থায় বাড়ি ফোরক্লোজ করে বিক্রির পরও ঋণের পুরো অর্থ আদায় না হলে, রাজ্যের আইন ও ঋণচুক্তির শর্ত অনুযায়ী ঋণদাতা অবশিষ্ট অর্থ আদায়ের জন্য আদালতের শরণাপন্ন হতে পারে। আদালতের রায় পাওয়ার পর নির্দিষ্ট পরিস্থিতিতে ঋণগ্রহীতার অন্য সম্পত্তি, ব্যাংক হিসাব কিংবা আয়ের ওপরও দাবি কার্যকর করার সুযোগ তৈরি হতে পারে।
তবে নন-রিকোর্স অর্থায়নে ঋণদাতার আদায়ের অধিকার নির্দিষ্ট জামানত বা অর্থায়নকৃত সম্পত্তির মধ্যে সীমাবদ্ধ থাকে যদি চুক্তিতে যথাযথভাবে এ সুরক্ষা নিশ্চিত করা থাকে। ফলে বাড়ি বিক্রির পরও অর্থের ঘাটতি থাকলে ক্রেতার অন্যান্য ব্যক্তিগত সম্পদের ওপর সেই ঘাটতি আদায়ের দাবি করা যায় না।
সম্প্রতি আমেরিকা বাংলার টক শোতে বিষয়টি ব্যাখ্যা করেছেন গাইডেন্স রেসিডেন্সিয়াল, যারা যুক্তরাষ্ট্রে ইসলামিক ফিনান্স করে এর অ্যাকাউন্ট এক্সিকিউটিভ সালেহ সিদ্দিকী। তিনি জানান, প্রতিষ্ঠানটির বর্তমান নন-রিকোর্স অর্থায়নব্যবস্থায় কোনো গ্রাহক কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে ফোরক্লোজারের পরিস্থিতিতে পড়লে সংশ্লিষ্ট বাড়ি বিক্রি করে অর্থ আদায় করা হয়। কিন্তু বাড়ি বিক্রির পরও প্রতিষ্ঠানের কোনো আর্থিক ঘাটতি থাকলে তা গ্রাহকের অন্য ব্যক্তিগত সম্পদ থেকে আদায় করা হয় না। অর্থাৎ গ্রাহকের অন্য বাড়ি, ব্যাংক সঞ্চয় কিংবা অবসরকালীন সঞ্চয়কে ওই ঘাটতি আদায়ের জন্য অনুসরণ করা হয় না বলে তিনি ব্যাখ্যা করেন। তিনি আরও জানান, গাইডেন্স রেসিডেন্সিয়ালে এই সুবিধার জন্য কিছু নন মুসলিম ও তাদের সেবা নিয়ে থাকেন।
গাইডেন্স রেসিডেন্সিয়াল এর প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ‘ডিক্লাইনিং ব্যালান্স কো-ওনারশিপ’ বা ক্রমহ্রাসমান যৌথ মালিকানা কাঠামোতে বাড়ি কেনার অর্থায়ন করে। এ ব্যবস্থায় ক্রেতা ও প্রতিষ্ঠান যৌথভাবে বাড়ির মালিক হন এবং সময়ের সঙ্গে কিস্তি পরিশোধের মাধ্যমে ক্রেতার মালিকানার অংশ বাড়তে থাকে। প্রতিষ্ঠানটির প্রকাশিত নথিতেও তাদের অর্থায়ন কাঠামোর নন-রিকোর্স সুরক্ষার কথা উল্লেখ রয়েছে।
তবে মনে রাখতে হবে, নন-রিকোর্স যুক্তরাষ্ট্রের সব মর্টগেজের ক্ষেত্রে প্রযোজ্য কোনো একক ফেডারেল আইন নয়। রাজ্যভেদে ফোরক্লোজার ও ডেফিসিয়েন্সি জাজমেন্টের নিয়ম আলাদা। একই সঙ্গে অর্থায়ন প্রতিষ্ঠানের চুক্তির শর্ত অনুযায়ী ব্যক্তিগত দায়বদ্ধতার পরিধিও ভিন্ন হতে পারে।
তাই যুক্তরাষ্ট্রে যারা নতুন বাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাদের শুধু ডাউন পেমেন্ট বা মাসিক কিস্তি নয়, ঋণচুক্তিতে রিকোর্স নাকি নন-রিকোর্স ব্যবস্থা রয়েছে, সেটিও যাচাই করা জরুরি। কারণ বাড়ি কেনার সিদ্ধান্তের পাশাপাশি আর্থিক সংকটের সময় নিজের অন্যান্য সম্পদ কতটা সুরক্ষিত থাকবে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।