বিজ্ঞাপন
নিউইয়র্কে ধসে পড়ল বহুতল ভবন, হতাহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:০৮ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে নির্মাণাধীন একটি স্থাপনার পাশের ভবন ধসে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাত শিশুসহ আহত হয়েছেন অন্তত ১৭ জন। বুধবার (১১ নভেম্বর) এ দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের বিশাল স্তূপে জীবিতদের সন্ধানে জোর তল্লাশি শুরু করেন দমকলকর্মীরা। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এনবিসি নিউজের
নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই) জানায়, ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় বেডফোর্ড ও ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের সংযোগস্থলের কাছে বিকেল ৪টার দিকে বহুতল ভবনটি ধসে পড়ে। তবে কী কারণে বা কীভাবে এ ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।
দমকল বিভাগ জানায়, ধসের পরপরই ধ্বংসস্তূপ থেকে দুইজনকে উদ্ধার করা হয়। আকাশ থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, কয়েক ডজন দমকলকর্মী ধ্বংসস্তূপের মধ্যে অন্যদের খুঁজছেন। এ সময় অন্তত দুইজন ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন। পরে শহরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিকেল ৫টার ঠিক আগে তাঁদের উদ্ধারের প্রক্রিয়া চলছিল।
বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে দমকল বিভাগের কর্মকর্তারা জানান, এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে সাত শিশু ও একজন দমকলকর্মী রয়েছেন। ফায়ার ডিপার্টমেন্ট সতর্ক করে বলেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, ভবন ধসের সময় সেখানে ঠিক কতজন ছিলেন এবং সবার খোঁজ পাওয়া গেছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এনবিসি নিউইয়র্কের হেলিকপ্টার ‘চপার ৪’ থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে দমকলকর্মীরা ধ্বংসস্তূপ থেকে আহত একজনকে উদ্ধার করছেন। পরে তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের কিছু পর আরেকজনকেও স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা যায়।
ধসে পড়া ভবনটি তিনতলা বলে ধারণা করা হচ্ছে। এর নিচতলায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। ভবনটির পাশেই একটি খননকাজের স্থান রয়েছে। সেখানে আগে একটি একতলা ভবন ছিল, যা পুরোপুরি ভেঙে ফেলার পর খননকাজ শুরু হয়। ধসে পড়া ভবনটির সঙ্গে দেয়াল ভাগাভাগি করা পাশের আরেকটি ভবন দাঁড়িয়ে থাকলেও এর একটি দেয়াল ভেঙে পড়েছে।
নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা কার্যালয় লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। দমকলকর্মীরা হাতে খুঁড়ে ধ্বংসস্তূপ সরানোর সময় ঘটনাস্থলের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে কুকুরও ব্যবহার করেন। সন্ধ্যা নামার পর উদ্ধারকাজের জায়গায় টর্চলাইট জ্বালিয়ে কাজ চালিয়ে যান দমকলকর্মীরা।