বিজ্ঞাপন
ইয়েমেন
বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত, দুই দিনে ৮৪ জন নিহতের দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
বিজ্ঞাপন
ইয়েমেনের রাজধানী সানার প্রাণকেন্দ্রে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। বুধবার (১১ নভেম্বর) চালানো এসব হামলায় ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির একটি ভবন লক্ষ্যবস্তু করা হয়। এতে ভবনটির আশপাশের বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া আল-মাফসার গ্যাস ফিলিং স্টেশনেও হামলা চালানো হয়। এতে ১৩টি তেলবাহী ট্যাংকার এবং গ্যাস সরবরাহের প্ল্যাটফর্মটি ধ্বংস হয়েছে।
আলজাজিরার খবরে বলা হয়েছে, গত কয়েক ঘণ্টায় সানার প্রাণকেন্দ্রে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে, দেশটির সীমান্তবর্তী সা’দা গভর্নরেটের কাতাবির ও সা’দা জেলায় কামানের গোলা ছুড়েছে সৌদি বাহিনী। সৌদির নাজরান ও জাজান অঞ্চল থেকে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের। হামলার স্থানগুলো জনবহুল বলেও জানিয়েছে গোষ্ঠীটি।
হুথিদের এক মুখপাত্রের দাবি, গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ১০৯টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
ওই মুখপাত্র আরও দাবি করেন, গত দুই দিনে বানি হুসাইস এলাকায় সৌদি হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। তাঁদের বুধবার সানার আল-সাবিন এলাকায় সমাহিত করার কথা রয়েছে।
গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে তীব্র সংঘাত চলছে। এতে এ পর্যন্ত অন্তত দুই হাজার মানুষ নিহত এবং প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আলজাজিরা