বিজ্ঞাপন
যুক্তরাজ্য: স্কুল চলাকালে পকেট কিংবা ব্যাগেও রাখা যাবে না মোবাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের স্কুলগুলোতে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতে যাচ্ছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, স্কুল চলাকালে শুধু ফোন ব্যবহার নয়, পকেট কিংবা ব্যাগেও মোবাইল ফোন রাখা যাবে না। ফোন শিক্ষার্থীদের নাগালের বাইরে রাখতে হবে।
ব্রিটিশ সরকারের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে। এর ফলে স্কুলগুলোতে প্রচলিত ‘চোখের আড়ালে, শব্দের বাইরে’ নীতির পরিবর্তে পুরো শিক্ষাপ্রতিষ্ঠানে ফোন ব্যবহারের সুযোগ বন্ধ করতে হবে। খবর বিবিসির।
শিক্ষাসচিব লুসি পাওয়েল বলেছেন, স্কুল হচ্ছে পড়াশোনা ও বন্ধুত্ব গড়ে তোলার জায়গা, সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটানোর জন্য নয়। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং সহপাঠীদের সঙ্গে সরাসরি যোগাযোগ উৎসাহিত করতেই এই উদ্যোগ নেয়া হচ্ছে।
নতুন নিয়ম বাস্তবায়নে স্কুলগুলোকে পদ্ধতি বেছে নেয়ার স্বাধীনতা দেয়া হবে। দিনের শুরুতে শিক্ষার্থীদের কাছ থেকে ফোন সংগ্রহ, নিরাপদ লকারে রাখা কিংবা বিশেষ তালাবদ্ধ পাউচে সংরক্ষণের মতো ব্যবস্থা নিতে পারবে প্রতিষ্ঠানগুলো। চাইলে স্কুল প্রাঙ্গণে ফোন আনা পুরোপুরি নিষিদ্ধও করতে পারবে।
ইংল্যান্ডের চিলড্রেনস কমিশনার ডেম র্যাচেল ডি স্যুজা সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালকদের প্রতিনিধিরা বলছেন, বিশেষ পাউচ ও নিরাপদ সংরক্ষণব্যবস্থা চালু করতে বাড়তি অর্থ প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারি সহায়তা না পেলে অনেক স্কুলের পক্ষে নতুন নির্দেশনা বাস্তবায়ন কঠিন হতে পারে।
উল্লেখ্য, নতুন নির্দেশনাটি শুধু ইংল্যান্ডের জন্য। স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার নীতি পৃথক।