Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রজুড়ে ছড়াচ্ছে হাম, শিশুদের সুরক্ষায় অভিভাবকদের জন্য জরুরি পরামর্শ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ এএম

যুক্তরাষ্ট্রজুড়ে ছড়াচ্ছে হাম, শিশুদের সুরক্ষায় অভিভাবকদের জন্য জরুরি পরামর্শ

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে অত্যন্ত সংক্রামক রোগ হাম বা মিজেলস। চলতি বছর দেশটিতে ৫ হাজার ১৮২ জনের হাম শনাক্ত হয়েছে, যা গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ বার্ষিক সংখ্যা। বিভিন্ন অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, এ বছর হাম-সংশ্লিষ্ট আটজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। তাঁদের মধ্যে উইসকনসিন অঙ্গরাজ্যের এক শিশুও রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সংক্রমণ বাড়তে থাকায় শিশুদের সুরক্ষায় টিকাদান নিশ্চিত করার পাশাপাশি রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির ৬ নভেম্বর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ৪৫টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে মোট ৫ হাজার ১৮২ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮ জন আন্তর্জাতিক ভ্রমণকারী রয়েছেন। দেশটিতে এ বছর নতুন করে ৪৩টি প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের প্রায় ৯৬ শতাংশ কোনো না কোনো প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে আক্রান্তদের প্রায় ৯৬ শতাংশ টিকা নেননি অথবা তাঁদের টিকাদানের তথ্য জানা যায়নি। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মোট ২ হাজার ২৮৯ জনের হাম শনাক্ত হয়েছিল। অর্থাৎ চলতি বছরের প্রথম ১০ মাসেই আগের পুরো বছরের তুলনায় দ্বিগুণের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

এদিকে মৃত্যুর সংখ্যা নিয়ে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্যের হিসাবে পার্থক্য রয়েছে। এবিসি নিউজ জানিয়েছে, পেনসিলভানিয়ায় ছয়জন, নিউইয়র্কে একজন এবং উইসকনসিনে একজনের হাম-সংশ্লিষ্ট মৃত্যু নিশ্চিত করেছে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে সিডিসির কেন্দ্রীয় হিসাবে এখনো চারজনের মৃত্যুর তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। সংস্থাটি জানিয়েছে, মৃত্যুর তথ্য যাচাই ও পর্যালোচনা চলমান থাকায় এই সংখ্যা পরিবর্তিত হতে পারে। উইসকনসিনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সেখানে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, যা ১৯৯০ সালের পর অঙ্গরাজ্যটিতে প্রথম হামজনিত মৃত্যু।

নিউইয়র্কের স্টোনি ব্রুক চিলড্রেনস হাসপাতালের শিশু সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্ড্রু হ্যান্ডেল এবিসি নিউজকে জানিয়েছেন, সংক্রমণ কমে আসার কোনো স্পষ্ট লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। তাঁর মতে, হাম বিশ্বের সবচেয়ে সংক্রামক রোগগুলোর একটি। আক্রান্ত একজন ব্যক্তি টিকা না নেওয়া ১৮ জন পর্যন্ত মানুষের মধ্যে ভাইরাস ছড়িয়ে দিতে পারেন। আক্রান্ত ব্যক্তি কাশি, হাঁচি কিংবা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে বাতাসে ভাইরাস ছড়াতে পারেন। এমনকি তিনি একটি কক্ষ ছেড়ে চলে যাওয়ার পরও ভাইরাসটি বাতাসে দুই ঘণ্টা পর্যন্ত সংক্রামক অবস্থায় থাকতে পারে। ফলে সংক্রমিত ব্যক্তির সরাসরি সংস্পর্শে না এসেও অন্যরা আক্রান্ত হতে পারেন।

হামের লক্ষণ কীভাবে চিনবেন?

সিডিসির তথ্য অনুযায়ী, হাম ভাইরাসের সংস্পর্শে আসার সাধারণত ৭ থেকে ১৪ দিনের মধ্যে রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে। প্রথম দিকে জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে পানি পড়ার মতো উপসর্গ দেখা দেয়। জ্বর কখনো ১০৪ ডিগ্রি ফারেনহাইটের বেশি হতে পারে। পরে মুখ ও মাথার চুলের গোড়ার কাছ থেকে লালচে ফুসকুড়ি শুরু হয়ে ধীরে ধীরে শরীরের নিচের দিকে ছড়িয়ে পড়ে। কোনো কোনো রোগীর গালের ভেতরের অংশে ছোট সাদা বা নীলচে দাগও দেখা দিতে পারে, যা কোপলিক স্পট নামে পরিচিত। সাধারণত শরীরে ফুসকুড়ি ওঠার আগেই এসব দাগ দেখা যায়।

চিকিৎসকেরা সতর্ক করেছেন, হামকে সাধারণ সর্দি-জ্বর মনে করে অবহেলা করা বিপজ্জনক হতে পারে। সংক্রমণের কারণে কানে প্রদাহ, ডায়রিয়া, পানিশূন্যতা ও নিউমোনিয়ার মতো জটিলতা তৈরি হতে পারে। গুরুতর ক্ষেত্রে মস্তিষ্কে প্রদাহ, খিঁচুনি এবং মৃত্যুর ঝুঁকিও রয়েছে। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী নারী এবং দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকেন। খুব অল্প বয়সে হাম আক্রান্ত কিছু শিশুর পরবর্তী জীবনে বিরল কিন্তু মারাত্মক স্নায়বিক জটিলতাও দেখা দিতে পারে।

শিশুদের সুরক্ষায় কী করবেন অভিভাবকেরা?

সিডিসি জানিয়েছে, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এমএমআর টিকা। এই টিকা হাম, মাম্পস ও রুবেলা—তিনটি রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়। যুক্তরাষ্ট্রে শিশুদের সাধারণত ১২ থেকে ১৫ মাস বয়সে প্রথম ডোজ এবং ৪ থেকে ৬ বছর বয়সে দ্বিতীয় ডোজ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। দুই ডোজ এমএমআর টিকা হামের বিরুদ্ধে প্রায় ৯৭ শতাংশ কার্যকর। তবে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদেরও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগাম একটি ডোজ দেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে এক বছর বয়সের পর নিয়মিত আরও দুই ডোজ প্রয়োজন হয়।

চিকিৎসকেরা আরও জানিয়েছেন, কোনো শিশুর জ্বর, কাশি, চোখ লাল হওয়া ও শরীরে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিলে তাকে স্কুল বা ডে-কেয়ারে পাঠানো উচিত নয়। হামের সন্দেহ হলে সরাসরি হাসপাতালে বা চিকিৎসকের চেম্বারে না গিয়ে আগে ফোন করে জানাতে হবে, যাতে অন্য রোগীদের সংক্রমণের ঝুঁকি কমানো যায়। শ্বাসকষ্ট, পানিশূন্যতা, অস্বাভাবিক দুর্বলতা কিংবা গুরুতর উপসর্গ দেখা দিলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে। অন্যদিকে হাম আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর যাঁদের রোগপ্রতিরোধ ক্ষমতা নেই, তাঁদের ক্ষেত্রে ৭২ ঘণ্টার মধ্যে এমএমআর টিকা অথবা নির্দিষ্ট পরিস্থিতিতে ছয় দিনের মধ্যে ইমিউন গ্লোবুলিন দেওয়ার প্রয়োজন হতে পারে। এ বিষয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

যুক্তরাষ্ট্রে ২০০০ সালে স্থানীয়ভাবে হামের ধারাবাহিক সংক্রমণ নির্মূলের স্বীকৃতি পাওয়া গিয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে টিকাদানের হার কমে যাওয়ায় রোগটি আবারও বড় জনস্বাস্থ্য সমস্যা হয়ে উঠেছে। সিডিসির হিসাবে, ২০১৯-২০ শিক্ষাবর্ষে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মধ্যে এমএমআর টিকাদানের হার ছিল ৯৫ দশমিক ২ শতাংশ, যা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কমে দাঁড়িয়েছে ৯২ দশমিক ৪ শতাংশে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে শুধু অসুস্থ ব্যক্তিদের চিকিৎসাই নয়, শিশুদের সময়মতো টিকাদান এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগের সতর্কতা মেনে চলাও জরুরি।

সংবাদসূত্র: এবিসি নিউজ, এবিসি ১৩ হিউস্টন, সিডিসি, রয়টার্স, উইসকনসিন ডিপার্টমেন্ট অব হেলথ সার্ভিসেস।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার