বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে অবসর জীবনের খরচ মেটাতে ভরসা হতে পারে যে ১০টি আয়ের উৎস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে অবসরের বয়সে পৌঁছানো অনেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা অর্থের পরিমাণ বেশ সীমিত, যা দিয়ে হয়তো ৩০ বছর বা তারও বেশি সময়ের অবসর জীবন পার করা সম্ভব নয়। গত অক্টোবরে প্রকাশিত ফেডারেল রিজার্ভের 'সার্ভে অব কনজ্যুমার ফিন্যান্স'-এর তথ্য অনুযায়ী, ৫৫ থেকে ৬৪ বছর বয়সী যাদের অবসরকালীন হিসাব রয়েছে, তাদের গড় সঞ্চয়ের পরিমাণ প্রায় ২,৩৯,০০০ ডলার। প্রচলিত ‘৪ শতাংশ নিয়ম’ অনুযায়ী এই সঞ্চয় থেকে প্রথম বছর ৪ শতাংশ তুলে নিলে এবং প্রতি বছর মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তা বাড়ালে শুরুতে মাসে প্রায় ৮০০ ডলার আয় হবে।
এর চেয়েও উদ্বেগের বিষয় হলো, জরিপে দেখা গেছে ওই বয়সী এক-তৃতীয়াংশেরও বেশি পরিবারের কোনো ধরনের অবসরকালীন সঞ্চয়ই নেই। যাদের সঞ্চয় আছে তাদের লক্ষ্য হলো কীভাবে এই অর্থকে আজীবন আয়ের উৎসে পরিণত করা যায়, আর যাদের সঞ্চয় নেই তাদের ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি বা পার্ট-টাইম কাজই ভরসা। অবসরের অর্থায়নে সাম্প্রতিক পরিবর্তনের ওপর ভিত্তি করে এমন ১০টি আয়ের উৎসের কথা নিচে তুলে ধরা হলো।
সোশ্যাল সিকিউরিটি ও পেনশন:
সোশ্যাল সিকিউরিটির দুটি ট্রাস্ট ফান্ড রয়েছে—একটি অবসর ও সারভাইভার ফান্ড (OASI) এবং অন্যটি প্রতিবন্ধী ফান্ড। ২০২৬ সালের ট্রাস্টি রিপোর্ট অনুযায়ী, ২০৩২ সালের শেষ দিকে ওএএসআই ফান্ডের রিজার্ভ শেষ হয়ে যেতে পারে। তবে বেশি বয়স পর্যন্ত কাজ করলে এই ভাতা বাড়ানোর সুযোগ থাকে। অন্যদিকে, বেসরকারি খাতে পেনশন এখন বিরল হলেও সরকারি চাকুরেদের মধ্যে ৭৪ শতাংশেরই এই সুবিধা রয়েছে, যা সারাজীবন মাসিক আয়ের নিশ্চয়তা দেয়।
অ্যানুইটি ও ফোর-জিরো-ওয়ান-কে (401k):
অ্যানুইটি হলো এমন একটি ব্যবস্থা, যা এককালীন অর্থকে নির্দিষ্ট সময় পর নিশ্চিত মাসিক আয়ে পরিণত করে। এটি সোশ্যাল সিকিউরিটি বা পেনশনের পাশাপাশি অপরিহার্য খরচ মেটাতে সাহায্য করে। এছাড়া 401(k) বা রথ (Roth) আইআরএ অ্যাকাউন্টের মাধ্যমেও অর্থ সঞ্চয় করা যায়। রথ আইআরএ-তে রূপান্তর করলে ভবিষ্যতে তা করমুক্ত থাকে, তবে এককালীন বড় অঙ্কের অর্থ তুললে পরবর্তীতে চিকিৎসাসেবার প্রিমিয়াম বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।
জীবনবিমা ও নগদ সঞ্চয়:
পার্মানেন্ট লাইফ ইন্স্যুরেন্স বা জীবনবিমার একটি সুবিধা হলো, শেয়ারবাজার যখন নিম্নমুখী থাকে তখন এর পলিসি লোন দিয়ে খরচ মেটানো যায়। তবে এই লোনে সুদ যুক্ত হয় বলে এটি সাময়িক সমাধান হিসেবেই ভালো। পাশাপাশি, আগামী কয়েক বছরের খরচের জন্য মানি মার্কেট ফান্ড বা ব্যাংক সিডি (CD)-তে টাকা রাখা নিরাপদ। এতে গড়ে ৩.৫ থেকে ৪.৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়।
বন্ড, ডিভিডেন্ড স্টক ও অন্যান্য:
বিনিয়োগের ক্ষেত্রে ডিভিডেন্ড স্টকগুলো নিয়মিত আয়ের উৎস হতে পারে, তবে এতে শেয়ারবাজারের ঝুঁকি থেকেই যায়। অন্যদিকে কর্পোরেট বন্ডগুলো এখন ৫.৮ থেকে ৬ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এর বাইরেও ৬৫ বছর বা তার বেশি বয়সীদের প্রায় ২০ শতাংশ এখন খণ্ডকালীন কাজ করছেন, যা তাদের সঞ্চয়ের ওপর চাপ কমায়। সবশেষে, যাদের নিজস্ব বাড়ি রয়েছে তারা হোম ইক্যুইটি লোন, রিভার্স মর্টগেজ বা বাড়ি বিক্রি করে ছোট বাড়িতে স্থানান্তরের (Downsizing) মাধ্যমেও নগদ অর্থের সংস্থান করতে পারেন।