Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইসরায়েলের পার্লামেন্টে ভাঙছে ৬৭ বছরের রেকর্ড

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

ইসরায়েলের পার্লামেন্টে ভাঙছে ৬৭ বছরের রেকর্ড

বিজ্ঞাপন

ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট নেসেটে নতুন করে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ১২০ জন নির্বাচিত সদস্য। তাদের মধ্যে ৪৬ জন এবারই প্রথম সংসদ সদস্য হিসেবে যাত্রা শুরু করবেন। নতুন নেসেটে নারী প্রতিনিধির সংখ্যাও আগের তুলনায় বাড়ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় জেরুজালেমে পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার আগের দিন সোমবার (৯ নভেম্বর) নবনির্বাচিত সদস্যরা পার্লামেন্ট ভবনে একটি পরিচিতিমূলক অধিবেশনে যোগ দেন। এ সময় তাদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং দায়িত্ব পালনের প্রস্তুতিমূলক বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।

টাইমস অব ইসরায়েলের প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন নেসেটে নারী সদস্যের সংখ্যা দাঁড়াবে ৩৩ জনে। এর আগে ২০২২ সালে দায়িত্ব নেওয়া ২৫তম পার্লামেন্টে নারী সদস্য ছিলেন ২৯ জন।

নতুন পার্লামেন্টে বয়সের দিক থেকে সবচেয়ে প্রবীণ সদস্য হিসেবে থাকছেন লিকুদ পার্টির হাইম কাটজ। আগামী মাসে তার বয়স ৭৯ বছরে পৌঁছাবে। অন্যদিকে সবচেয়ে কম বয়সী সদস্য নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বি'ইয়াচাদ পার্টির ইয়োনাতান শালেভ। মাত্র ২৪ বছর বয়সে সংসদ সদস্য হয়ে তিনি ইসরায়েলের ইতিহাসে সর্বকনিষ্ঠ নেসেট সদস্যের স্বীকৃতি পেতে যাচ্ছেন। এর মাধ্যমে ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত মোশে নিসিমের দীর্ঘদিনের রেকর্ডের অবসান ঘটবে।

সদস্যদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ১৯৮৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর বিভিন্ন মেয়াদ মিলিয়ে তিনি মোট ৩৫ বছর নেসেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নবনির্বাচিত সদস্যদের মধ্যে আলোচনায় রয়েছেন বি'ইয়াচাদ পার্টির নোয়াম তিবন। ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল তিবন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় বিশেষ অভিযানের মাধ্যমে নিজের ছেলে ও তার পরিবারকে উদ্ধার করে আলোচনায় আসেন। তার ছেলে আমির তিবন হারেৎজ পত্রিকার সাংবাদিক। হামলার সময় তারা নাহাল ওজ কিবুতজে অবস্থান করছিলেন।

লিকুদ পার্টি থেকে নতুন সদস্য হিসেবে নেসেটে প্রবেশ করছেন এলিশা মাদান। ২০২৪ সালে গাজায় যুদ্ধ চলাকালে বিস্ফোরণের ঘটনায় তিনি দুই পা হারান। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ বাহিনীর সদস্য ছিলেন।

ইসরায়েল বেইতেনু পার্টির শ্যারন শারাবিও এবার পার্লামেন্টে যোগ দিচ্ছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার সময় তার ভাই ইয়োসি শারাবিকে অপহরণ করা হয়েছিল। পরবর্তী সময়ে বন্দিদশায় তার মৃত্যু হয়। শ্যারনের আরেক ভাই এলি শারাবিও গাজায় প্রায় ৫০০ দিন জিম্মি অবস্থায় ছিলেন। এর আগে তার স্ত্রী ও দুই মেয়েকে বেরি কিবুতজে হত্যা করা হয়।

নতুন সদস্যদের তালিকায় রয়েছেন ইয়াশার পার্টির শিরা শাপিরো। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তা আনর শাপিরোর মা। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার দিন আনর দায়িত্বে না থাকা সত্ত্বেও একটি সড়কসংলগ্ন আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের সুরক্ষায় একাধিক গ্রেনেড প্রতিহত করেছিলেন। পরে তিনি নিহত হন।

নতুন পার্লামেন্টের কয়েকজন সদস্যকে ঘিরে বিতর্কও রয়েছে। তাদের মধ্যে লিকুদ পার্টির ইয়াকভ বারদুগো অন্যতম। তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। ডানপন্থী রেডিও উপস্থাপক হওয়ার পাশাপাশি সরকারপন্থী চ্যানেল ১৪-তে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করেন। তাঁর বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ রয়েছে। এমনকি লিকুদ পার্টির কয়েকজন সংসদ সদস্য তাঁর বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগও তুলেছেন।

অন্যদিকে, উতসমা ইয়েহুদিত পার্টির চানামেল ডরফম্যানও নতুন নেসেট সদস্য হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তিনি দলটির নেতা ইতামার বেন-গভিরের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী। বসতি স্থাপনকারী উগ্রপন্থী তরুণদের একটি গোষ্ঠীর সঙ্গে তাঁর যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে। অতীতে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত তাঁর বিরুদ্ধে একাধিকবার তদন্ত করেছে। এ ছাড়া পশ্চিম তীরে তাঁর প্রবেশ সীমিত করতে ইসরায়েলি সামরিক প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার