বিজ্ঞাপন
বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:০৬ এএম
বিজ্ঞাপন
মালয়েশিয়ায় পাম তেল আহরণের কাজে বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন দিতে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে এ ক্ষেত্রে বাগান কোম্পানিগুলোকে যান্ত্রিকীকরণে বিনিয়োগ এবং বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা পর্যায়ক্রমে কমানোর অঙ্গীকার করতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি।
সম্প্রতি এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় আনোয়ার ইব্রাহিম বলেন, পাম তেল শিল্পে শ্রমিকের প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে পাম ফল আহরণের কাজে এখনো ব্যাপকভাবে মানুষের শ্রমের ওপর নির্ভর করতে হচ্ছে। এ নির্ভরতা কমাতে কোম্পানিগুলোকে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
এক শিল্পপ্রতিনিধির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ওই প্রতিনিধি জানান, বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদনে বিলম্ব হলে আগামী বছর পাম তেল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সার প্রয়োগ ও আগাছা নিয়ন্ত্রণের কাজে যন্ত্রপাতি ব্যবহার করা হলেও পাম ফল সংগ্রহে এখনো মূলত শ্রমিকদের ওপর নির্ভর করতে হচ্ছে।
জবাবে আনোয়ার ইব্রাহিম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নিয়োগের আবেদন পর্যালোচনা করবেন তিনি। পাম ফল আহরণের জন্য নির্দিষ্টভাবে বিদেশি কর্মী প্রয়োজন হলে অনুমোদন দেওয়া হবে। তবে একই সঙ্গে যান্ত্রিকীকরণের মাধ্যমে বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমানোর অঙ্গীকার করতে হবে কোম্পানিগুলোকে।
কৃষি খাতের বৃহত্তর সংস্কারের প্রসঙ্গে আনোয়ার ইব্রাহিম ক্ষুদ্র কৃষকদেরও আধুনিকায়ন কার্যক্রমের আওতায় আনার ওপর গুরুত্ব দেন। তার মতে, শুধু ভর্তুকি ও সরকারি সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কৃষকদের মধ্যে দীর্ঘমেয়াদি নির্ভরশীলতা তৈরি করতে পারে। তাই কৃষি উৎপাদন বাড়াতে প্রযুক্তি, দক্ষতা ও আধুনিক ব্যবস্থাপনার প্রসার ঘটাতে হবে।
এদিকে দেশটির কৃষি ও খাদ্যনিরাপত্তামন্ত্রী মোহাম্মদ সাবু জানিয়েছেন, গত দুই বছরে মালয়েশিয়ার অর্থনীতিতে কৃষি খাতের অবদান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময়ে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষি খাতের অবদান ৫০০ কোটি রিঙ্গিতেরও বেশি বেড়েছে।
মন্ত্রী আরও জানান, বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা, বিশেষ করে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করা তরুণেরা আধুনিক কৃষি খাতে ক্রমেই আগ্রহী হয়ে উঠছেন। তাদের কেউ কেউ জলজ চাষ ও উচ্চমূল্যের ফসল উৎপাদনের মাধ্যমে কোটিপতি হয়েছেন।
মালয়েশিয়ার পাম তেল শিল্পে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমিয়ে উৎপাদন অব্যাহত রাখা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে সরকারের এ অবস্থানকে দেখা হচ্ছে।