বিজ্ঞাপন
ইউরোপজুড়ে একাধিক ফ্লাইটে আবার বোমা হামলার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম
বিজ্ঞাপন
চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইউরোপের বিভিন্ন দেশে একাধিক যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অন্তত ১০টি ফ্লাইটে এ ধরনের হুমকি পাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়।
চেক প্রজাতন্ত্রের পুলিশ জানিয়েছে, বোমা থাকার হুমকি পাওয়া চারটি বিমানে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
এদিকে, ইতালির বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাহারায় একটি যাত্রীবাহী উড়োজাহাজকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করানো হয়। একইভাবে নিরাপত্তা হুমকির কারণে ওয়ারশ থেকে ব্রাসেলসগামী একটি ফ্লাইটও নিরাপদে অবতরণ করে। তবে উড়োজাহাজ দুটির কোনোটিতেই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা গেছে, ডাবলিন থেকে রোমগামী একটি ফ্লাইটকেও সম্ভাব্য বোমা হামলার হুমকির বিষয়ে সতর্ক করেছিল বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবারও ইউরোপের অন্তত সাতটি ফ্লাইটে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। তবে সেসব উড়োজাহাজেও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।