বিজ্ঞাপন
গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ এএম
বিজ্ঞাপন
ফিলিস্তিনের গাজায় চিকিৎসাসেবা দিতে গিয়ে আলোচনায় এসেছিলেন মিসরীয় বংশোদ্ভূত মার্কিন সার্জন অ্যাডাম হামাউয়ি। তিনিই এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন। নিউ জার্সি অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়েছেন হামাউয়ি।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্য দিয়ে নিউ জার্সি থেকে নির্বাচিত প্রথম মুসলিম ও মিসরীয়-আমেরিকান কংগ্রেস সদস্য হওয়ার ইতিহাস গড়েছেন হামাউয়ি।
মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে জয়ী হওয়ার পর দেওয়া বক্তব্যে গাজা ও ফিলিস্তিনের মানুষের কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
হামাউয়ি বলেন, ‘গাজা ও ফিলিস্তিনের নারী, পুরুষ ও শিশুদের বলছি, আপনাদের হাসি আমাকে আরও সুন্দর একটি পৃথিবীর জন্য লড়াই করার সাহস ও আশা জোগায়।’
হামাউয়ি বলেন, ‘আমি একজন সার্জন। আপনাদের বলতে পারি, আমরা রক্তক্ষরণ বন্ধ করব। ওয়াশিংটনকে দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করা ক্ষমতাকাঠামোর কারণে যারা পিছিয়ে পড়েছেন, আমরা প্রতিটি আমেরিকানের জন্য লড়াই করব।’
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে আগে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল। দলটির আসন ছিল ২১৮টি, আর ডেমোক্র্যাটদের ছিল ২১৫টি। তবে এবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের আসন বাড়ছে।
এমএস নাউয়ের পূর্বাভাস অনুযায়ী, নতুন কংগ্রেসে দলটি প্রায় ২৫০টি আসন পেতে পারে। আগামী জানুয়ারি থেকে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হওয়ার কথা।