Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

বিপদে পড়া নারীকে সাহায্য করে ব্রিটেনে ‘ট্যাক্সি হিরো’ হলেন বাংলাদেশি শফিক আহমেদ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

বিপদে পড়া নারীকে সাহায্য করে ব্রিটেনে ‘ট্যাক্সি হিরো’ হলেন বাংলাদেশি শফিক আহমেদ

বিজ্ঞাপন

যুক্তরাজ্যে বিপদে পড়া এক নারীকে সাহায্য করতে নিজের ভাড়া ছেড়ে দিয়ে ‘ট্যাক্সি হিরো’ পুরস্কার অর্জন করেছেন পিটারববরোর ক্যাবচালক শফিক আহমেদ। রাস্তায় এক নারীর গাড়ির পাংচার হওয়া টায়ার বদলে দেওয়ার পাশাপাশি দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে যাত্রী ও স্থানীয় কমিউনিটির মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতি পেয়েছেন তিনি। অ্যাকর্ন ইন্স্যুরেন্স আয়োজিত প্রতিযোগিতায় পূর্ব ইংল্যান্ড অঞ্চলের সেরা ট্যাক্সিচালক নির্বাচিত হয়েছেন শফিক।

ব্রিটিশ সংবাদমাধ্যম পিটারববোরো টেলিগ্রাফের বরাতে জানা যায়, একদিন যাত্রী তুলতে যাওয়ার পথে রাস্তায় এক নারীকে বিপদে পড়তে দেখেন শফিক। ওই নারীর গাড়ির টায়ার পাংচার হয়ে যাওয়ায় তিনি আটকা পড়েছিলেন। বিষয়টি দেখে নিজের নির্ধারিত বুকিং অন্য চালকের কাছে স্থানান্তরের ব্যবস্থা করেন শফিক, যাতে যাত্রীকে অপেক্ষা করতে না হয়। এরপর নিজেই ওই নারীর গাড়ির টায়ার বদলে দেন।

শফিক আহমেদ বলেন, তিন দশকের বেশি সময় ধরে ট্যাক্সি চালাতে গিয়ে তিনি বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে পরিচিত হয়েছেন। অনেক সময় সামান্য সহযোগিতাই বিপদে পড়া মানুষের জন্য বড় সহায়তা হয়ে ওঠে। ওই নারীকে সাহায্য করার বিনিময়ে কোনো কিছু পাওয়ার প্রত্যাশা তাঁর ছিল না।

শুধু এই একটি ঘটনাই নয়, শফিকের মনোনয়নপত্রে তাঁর দীর্ঘদিনের মানবিক কাজের কথাও উল্লেখ করা হয়েছে। আর্থিক সংকটে থাকা যাত্রীদের যাতায়াতে সহায়তা করা কিংবা মানসিকভাবে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্যও তিনি পরিচিত। মনোনয়ন মূল্যায়নকারী বিচারকেরা তাঁকে অসাধারণ মানবিক গুণসম্পন্ন একজন চালক হিসেবে বর্ণনা করেছেন।

অ্যাকর্ন গ্রুপের ট্যাক্সি ইন্স্যুরেন্স বিভাগের প্রধান অ্যাশ কোকলে বলেন, নিজের আয় ছেড়ে দিয়ে অপরিচিত একজন মানুষকে সাহায্য করার পাশাপাশি নির্ধারিত যাত্রীর সময়মতো যাতায়াত নিশ্চিত করেছেন শফিক। তাঁর এমন দায়িত্বশীল ও মানবিক আচরণ অন্য চালকদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ।

যুক্তরাজ্যের ট্যাক্সিচালকদের মানবিক ও সামাজিক অবদানের স্বীকৃতি দিতে ‘অ্যাকর্ন ট্যাক্সি হিরো অ্যাওয়ার্ড’ চালু করেছে অ্যাকর্ন ইন্স্যুরেন্স। এবারের প্রতিযোগিতায় দেশজুড়ে এক হাজার ৭০০টির বেশি মনোনয়ন জমা পড়ে। সেখান থেকে ১১টি অঞ্চলের বিজয়ী নির্বাচন করা হয়েছে। শফিক আহমেদ তাঁদের একজন।

আঞ্চলিক বিজয়ী হিসেবে শফিক ১০০ পাউন্ড মূল্যের অ্যামাজন গিফট কার্ড পাবেন। একই সঙ্গে তিনি জাতীয় পর্যায়ের সেরা ট্যাক্সিচালক নির্বাচনের প্রতিযোগিতায় রয়েছেন। আগামী ১১ নভেম্বর জাতীয় বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ী পাবেন এক হাজার পাউন্ড মূল্যের অ্যামাজন গিফট কার্ড ও ‘ব্রিটেনস ট্যাক্সি হিরো’ ট্রফি।

সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শফিক আহমেদ। তাঁর মতে, ট্যাক্সিচালকদের দৈনন্দিন কাজের বাইরেও মানুষের পাশে দাঁড়ানোর অনেক গল্প রয়েছে। সেই মানবিক কাজগুলো স্বীকৃতি পাওয়ায় তিনি আনন্দিত।

সূত্র: পিটারববোরো টেলিগ্রাফ, অ্যাকর্ন ইন্স্যুরেন্সের ট্যাক্সি হিরো অ্যাওয়ার্ড ২০২৬-এর আনুষ্ঠানিক ঘোষণা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার