বিজ্ঞাপন
ব্রিটিশ পাসপোর্টের জন্য পরিচয় নিশ্চিত করতে লাগবে ২ বছর পরিচিত কেউ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম
বিজ্ঞাপন
ব্রিটিশ পাসপোর্টের আবেদন ও নবায়নের ক্ষেত্রে পরিচয় নিশ্চিত করতে দুই বছরের একটি নিয়ম রয়েছে। আবেদনকারীর পরিচয় যাচাইয়ের জন্য এমন একজন ব্যক্তির সুপারিশ বা প্রত্যয়ন প্রয়োজন, যিনি তাকে অন্তত দুই বছর ধরে চেনেন। সম্প্রতি এ নিয়মের কথা আবারও স্মরণ করিয়ে দিয়েছে যুক্তরাজ্যের এইচএম পাসপোর্ট অফিস।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর-এর প্রতিবেদন অনুযায়ী, শিশু ও প্রাপ্তবয়স্কদের নতুন পাসপোর্টের আবেদন, শিশুর পাসপোর্ট নবায়ন এবং হারিয়ে যাওয়া, চুরি হওয়া বা ক্ষতিগ্রস্ত পাসপোর্টের পরিবর্তে নতুন পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাসপোর্ট অফিস জানিয়েছে, পরিচয় নিশ্চিত করার দায়িত্বে থাকা ব্যক্তিকে আবেদনকারীকে অন্তত দুই বছর ধরে চিনতে হবে এবং তার পরিচয় সম্পর্কে নিশ্চিত করতে হবে।
তবে যে কেউ রেফারি বা পরিচয় নিশ্চিতকারী হতে পারবেন না। এ জন্য ব্যক্তির বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, যুক্তরাজ্যে বসবাস করতে হবে এবং তার বৈধ ব্রিটিশ অথবা আইরিশ পাসপোর্ট থাকতে হবে। আবেদনকারীকে তিনি বন্ধু, প্রতিবেশী অথবা সহকর্মী হিসেবে চিনবেন। শুধু পেশাগত সম্পর্কের ভিত্তিতে কাউকে চেনা যথেষ্ট নয়।
এ ছাড়া রেফারিকে স্বীকৃত কোনো পেশায় কর্মরত অথবা অবসরপ্রাপ্ত হতে হবে। স্বীকৃত পেশার উদাহরণ হিসেবে হিসাবরক্ষক, কাউন্সিলর, শিক্ষক বা প্রভাষক, ব্যারিস্টার, সাংবাদিক এবং দন্তচিকিৎসকের কথা উল্লেখ করা হয়েছে।
কিছু ক্ষেত্রে পরিচয় নিশ্চিত করার সুযোগ নেই। আবেদনকারীর সঙ্গে জন্মসূত্রে বা বিয়ের মাধ্যমে আত্মীয়তা থাকলে, প্রেমের বা দাম্পত্য সম্পর্ক থাকলে কিংবা একই বাড়িতে বসবাস করলে কেউ রেফারি হতে পারবেন না। একইভাবে এইচএম পাসপোর্ট অফিসের কর্মী এবং ব্রিটিশ নাগরিকত্ব বা বসবাসের অধিকারসংক্রান্ত আবেদনে কাজ করা ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন বিভাগের কর্মীরাও এ দায়িত্ব পালন করতে পারবেন না।
চিকিৎসা পেশায় নিয়োজিত ব্যক্তিরাও সাধারণভাবে পরিচয় নিশ্চিত করতে পারবেন না। তবে আবেদনকারীকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ভালোভাবে চিনলে ব্যতিক্রম হতে পারে।
শিশুর পাসপোর্টের আবেদনের ক্ষেত্রেও দুই বছরের নিয়ম কার্যকর। তবে এ ক্ষেত্রে শিশুকে নয়, বরং যিনি শিশুর পক্ষে আবেদন করছেন, সেই প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে অন্তত দুই বছর ধরে চেনেন—এমন একজন রেফারি প্রয়োজন।
ব্রিটিশ পাসপোর্টের পরিচয় নিশ্চিত করার নিয়ম ও স্বীকৃত পেশার পূর্ণাঙ্গ তালিকা যুক্তরাজ্য সরকারের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।