Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ব্রিটেনে আইএলআর : কেয়ারকর্মী ছাড়া অন্য অভিবাসীদের জন্য সুখবর নেই

Icon

দ্য ইন্ডিপেন্ডেন্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

ব্রিটেনে আইএলআর : কেয়ারকর্মী ছাড়া অন্য অভিবাসীদের জন্য সুখবর নেই

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদের অভিবাসন সংস্কার পরিকল্পনার কিছু বিতর্কিত অংশ শিথিল করা হতে পারে। বিশেষ করে, বর্তমানে ব্রিটেনে থাকা সামাজিক সেবা খাতের কর্মীদের নতুন নিয়মের বাইরে রাখার বিষয়ে আলোচনা চলছে।

আলোচনায় থাকা প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, বিদেশি কেয়ারকর্মীদের স্থায়ী বসবাসের অনুমতি বা আইএলআর পাওয়ার জন্য বর্তমান পাঁচ বছরের অপেক্ষার সময় সর্বোচ্চ আরও ১০ বছর বাড়ানো।

সোমবার বৈধ অভিবাসীদের জন্য নতুন অভিবাসন নিয়মের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে শাবানা মাহমুদের।

প্রায় এক বছর ধরে চলা সরকারি পরামর্শ প্রক্রিয়ায় প্রস্তাবগুলোর বিষয়ে দুই লাখের বেশি মতামত জমা পড়েছে।

২০২৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো পরিকল্পনাটি প্রকাশ করেন মাহমুদ। এতে অধিকাংশ অভিবাসীর স্থায়ী বসবাসের যোগ্যতা অর্জনের সময় পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাব ছিল। কেয়ারকর্মীদের ক্ষেত্রে তা ১৫ বছর পর্যন্ত বাড়ানোর সম্ভাবনাও রাখা হয়েছিল।

তবে এই প্রস্তাবের বিরুদ্ধে লেবার পার্টির বহু সংসদ সদস্য আপত্তি জানান। তাদের মতে, ইতোমধ্যে ব্রিটেনে থাকা অভিবাসীদের ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করা অন্যায্য হতে পারে। এ পরিস্থিতিতে বিদ্যমান সামাজিক সেবা খাতের কর্মীদের নতুন সময়সীমা থেকে ছাড় দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

কনজারভেটিভ পার্টির ছায়া স্বরাষ্ট্র মন্ত্রী ক্রিস ফিলপ এই সম্ভাব্য পরিবর্তনের সমালোচনা করেছেন। তার অভিযোগ, সরকার আইএলআর নীতিতে অবস্থান পরিবর্তন করছে এবং এর ফলে স্বল্প আয়ের অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা স্থায়ীভাবে ব্রিটেনে থাকার সুযোগ পেতে পারেন।

ফিলপ দাবি করেন, কেয়ারকর্মীদের স্থায়ীভাবে থাকার সুযোগ দিলে করদাতাদের দীর্ঘমেয়াদে ১০ বিলিয়ন পাউন্ড ব্যয় হতে পারে।

এদিকে, হাউজিং সেক্রেটারি অ্যাঞ্জেলা রেনার এর আগে অভিবাসীদের ওপর নতুন নিয়ম পেছন থেকে কার্যকর করার সম্ভাবনার সমালোচনা করেছিলেন। তিনি এমন পদক্ষেপকে ‘ব্রিটিশ মূল্যবোধের পরিপন্থী’ বলে মন্তব্য করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার