বিজ্ঞাপন
সৌদিতে সতর্কতা জারি, দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০২:১৭ পিএম
বিজ্ঞাপন
সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুতি যোদ্ধাদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। এর আগে সৌদি আরবের চারটি শহরে সম্ভাব্য হামলার সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে অবশ্য বিপদ কেটে যাওয়ার ঘোষণা দেয়া হয়।
সোমবার (২ নভেম্বর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ আবহা, খামিস মুশাইত, তাইফ ও নাজরান শহরে সতর্কতা জারি করে। সম্ভাব্য হামলার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়। তবে কিছুক্ষণ পর কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিক হুমকি কেটে গেছে।
এরপর ইয়েমেনে হুতি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, হুতি যোদ্ধাদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদির দক্ষিণাঞ্চলের দিকে যাওয়ার সময় প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে ছোড়া হয়েছিল কিংবা কোথায় গিয়ে পড়ার কথা ছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সঙ্গে সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চল সাম্প্রতিক সময়ে হুতি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনার পাশাপাশি জ্বালানি অবকাঠামোও রয়েছে। লোহিত সাগর উপকূলে অবস্থিত জাজান অঞ্চলে দৈনিক চার লাখ ব্যারেল তেল পরিশোধন সক্ষমতার একটি শোধনাগার রয়েছে।
হুতি যোদ্ধাদের সঙ্গে সংঘাতের মধ্যে সৌদি আরবও ইয়েমেনে গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। নতুন করে সংঘাত বাড়ায় সৌদি আরবের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে হুতি যোদ্ধারা সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পরিবহন পাইপলাইন এবং লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দরের তেল রপ্তানি স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।